সৃজনশীল মেধা অন্বেষণে ১২ মেধাবী নির্বাচিত
সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৩’-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ১২ জন মেধাবী নির্বাচিত হয়েছে। উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা করে চূড়ান্ত পর্বে সৃজনশীল ১২ মেধাবী জাতীয় পর্যায়ে স্থান পেল। আজ শনিবার বিকেলে এ ফলাফল ঘোষণা করা হয়। ভাষা ও সাহিত্য; দৈনন্দিন বিজ্ঞান/বিজ্ঞান; গণিত ও কম্পিউটার; বাংলাদেশ স্টাডিজ—এ চারটি বিষয়ে তিনটি গ্রুপে (ষষ্ঠ-অষ্টম, নবম-দশম ও একাদশ-দ্বাদশ) উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে সাতটি বিভাগ ও ঢাকা মহানগর পর্যায় থেকে ৯৬ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। নির্বাচিত ১২ মেধাবী হলো—ভাষা ও সাহিত্য: ষষ্ঠ-অষ্টম গ্রুপে ঢাকার ওয়াইডব্লিউসিএ গার্লস স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হুমায়রা আদিবা, নবম-দশম গ্রুপে রাজশাহীর সরকারি পি এন বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী আনিকা বুশরা, একাদশ-দ্বাদশ গ্রুপে সুনামগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মধুরিমা সাহা। দৈনদিন বিজ্ঞান/বিজ্ঞান: ষষ্ঠ-অষ্টম গ্রুপে নীলফামারী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বুশরা আদিব, নবম-দশম গ্রুপে সুনামগঞ্জ জেলার সরকারি জুবিলি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সুপান্থ জয়, একাদশ-দ্বাদশ গ্রুপে চট্টগ্রাম কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ আজমাঈন ইকতিদার। গণিত ও কম্পিউটার: ষষ্ঠ-অষ্টম গ্রুপে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তাহনিক নুর সামীন, নবম-দশম গ্রুপে রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ভুবন দে, একাদশ-দ্বাদশ গ্রুপে সিলেট সরকারি এম সি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আজওয়াদ আনজুম ইসলাম। বাংলাদেশ স্টাডিজ: ষষ্ঠ-অষ্টম গ্রুপে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আফিয়া আনজুম জামান জেবা, নবম-দশম গ্রুপে রাজশাহীর সরকারি পি এন বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মোসাররত মেহজাবীন, একাদশ-দ্বাদশ গ্রুপে বরগুনা জেলার আমতলী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আবদুল বাছিত মোল্লা। আজ সকালে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের কলেজ মিলনায়তনে সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৩-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী বলেন, ‘সেরা মেধাবীরাই তাদের সৃজনী প্রতিভার মাধ্যমে আগামী দিনে যোগ্যতরভাবে দেশ চালাবে ও বিশ্বসভায় নিজেদের স্থান করে নেবে। এদের মধ্য থেকে বেরিয়ে আসবে বিশ্বসেরা শিক্ষক, সাহিত্যিক, আইটি বিশেষজ্ঞ, বিজ্ঞানী, গণিতবিদ, রাজনীতিবিদ, অর্থনীতিবিদসহ নানা পেশাজীবী।’ দেশের শহর-গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে আর্থিক দৈন্য, পরিবেশ, ভৌগোলিকভাবে পিছিয়ে থাকাসহ নানা কারণে যেসব সুপ্ত প্রতিভা অবহেলা-অনাদরে হারিয়ে যায়, তাদের খুঁজে বের করে বিকশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন, রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিন ভূঁইয়া, বিচারক প্রতিনিধি সরোয়ার আলী প্রমুখ বক্তব্য দেন। পরে মিলনায়তনে ভাষা ও সাহিত্য (গল্প বলা) প্রতিযোগিতা শুরু হয়। অন্যদিকে কলেজের শিক্ষা ভবনে বিজ্ঞান বিষয়ে প্রতিযোগিতায় বিজ্ঞান প্রকল্প উপস্থাপন ও প্রদর্শন করে প্রতিযোগীরা। তেঁতুলপানির মিশ্রণ থেকে বিদ্যুত্, স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ সংকেতসহ বিভিন্ন প্রকল্প ও এর কার্যপ্রণালি সর্ম্পকে বর্ণনা দেয় প্রতিযোগীরা।আয়োজকেরা জানান, জাতীয় পর্যায়ে বিজয়ী ১২ মেধাবীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ এপ্রিল আনুষ্ঠানিকভাবে পুরস্কারসহ সনদ দেবেন।