সৃজনশীল হওয়া জরুরি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ১০ জানুয়ারি এসেছিলেন বিবাহসংক্রান্ত যাবতীয় সেবাদাতা প্রতিষ্ঠান ওয়েডির কৌশল ও পরিকল্পনাপ্রধান (হেড অব স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং) রিজভী হাসান। কথা বলেছেন কথাবন্ধু ব্রতীর সঙ্গে। বিবাহসংক্রান্ত যাবতীয় সেবা প্রদান এবং একে পেশা হিসেবে নেওয়ার বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তিনিকথাবন্ধু: ওয়েডিং প্ল্যানিং বা বিয়ের পরিকল্পনা সাধারণত পারিবারিক পর্যায়েই হয়। বিষয়টি ব্যবসা-উপজীব্য করে আপনি কী ধরনের সাড়া পাচ্ছেন?রিজভী হাসান: আমরা শুরুতে বুঝিনি যে কম সময়ে এত সাড়া পাব। তবে বর্তমান সময়ে এর প্রয়োজনীয়তা রয়েছে। নাগরিক জীবনের ব্যস্ততায় বিয়েতে সব ধরনের পরিকল্পনা করা অনেক সময়ই সম্ভব হয় না। সে জন্য এ বিষয়ে আরও বেশি এগিয়ে আসা উচিত।কথাবন্ধু: এ ধরনের পরিকল্পনায় আপনারা সাধারণ বিয়ের কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত করে থাকেন?রিজভী হাসান: বর ও কনে বাছাই ছাড়া আমরা সব ধরনের সেবাই দিয়ে থাকি। গায়েহলুদ ও বিয়ের কার্ড বাছাই থেকে শুরু করে, বিয়ের স্থানটিও আমরা ঠিক করে দিই। এ ছাড়া গায়েহলুদের মঞ্চ তৈরি করা, খাবারের তালিকা, কীভাবে বিয়েতে আমন্ত্রণ জানানো হবে ইত্যাদি সৃজনশীল আর কী কী ধারণা তৈরি করা যায়, এটা নিয়েও আমরা সব সময় কাজ করি। বিয়ের ভিডিও ও ফটোগ্রাফি কেমন হবে, এ নিয়েও আমাদের নতুন ধরনের চিন্তা থাকে।কথাবন্ধু: বিয়ের মতো একটি বিশাল অনুষ্ঠানের সব দায়িত্ব আপনাদের প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দিয়ে গ্রাহকেরা কি নিশ্চিন্ত থাকতে পারেন?রিজভী হাসান: বিয়েতে কিছু সমস্যা থাকবেই। আবার কিছু সমস্যা হঠাৎ তৈরি হয়। এ জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে সমস্যা সমাধানের ক্ষমতা প্রতিষ্ঠানের থাকতে হয়। তাহলেই প্রতিষ্ঠানটি সাফল্যের দিকে এগিয়ে যাবে। এ ছাড়া যাঁদের বিয়ে হচ্ছে, তাঁদের পরিবারের কারও না কারও সঙ্গে আমাদের আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে। ফলে সহজেই সবকিছুর সমাধান করা যায়। কথাবন্ধু: বিয়ের অনুষ্ঠানের সমস্যা সমাধানে আপনাদের কী ধরনের প্রস্তুতি থাকে?রিজভী হাসান: আমরা এ জন্য সব সময় আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকি। পরিস্থিতির কারণে অনেক সময় সমস্যা তৈরি হয়। আমাদের একটি পরিকল্পনা থাকে যে আমরা কোনটার পর কোনটা করব। যদি সম্ভব না হয়, তাহলে কী করতে হবে, সে জন্য আমরা সব সময় দুটি বিকল্প চিন্তা করে রাখি। এ কারণে প্রতিষ্ঠানকে অবশ্যই সর্বোৎকৃষ্ট পরিকল্পনা করতে হবে।কথাবন্ধু: আমাদের দেশে সামাজিক প্রেক্ষাপটে বিয়ে যেহেতু পারিবারিকভাবে সম্পাদিত হয়, সে ক্ষেত্রে বাংলাদেশে ওয়েডিং প্ল্যানিংয়ে ব্যবসার সুযোগ কেমন?রিজভী হাসান: ব্যবসার যথেষ্ট সম্ভাবনা আছে। কারণ, দিন দিন আমাদের নাগরিক জীবনের ব্যস্ততা বাড়ছে। জীবিকার প্রয়োজনে আমরা যে পরিমাণ ছুটছি, তাতে ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকেই পরিবারকে সময় দিতে পারেন না। বিয়ের যে কর্মযজ্ঞ, সেটা কতখানি কষ্টকর, তা অনেকেই জানেন। তাই সেটা যদি অন্য কাউকে দেওয়া যায়, সে ক্ষেত্রে তিনি বিয়েতে অনেক আয়েশেই মজা করতে পারেন। আমরা সাফল্য পেয়েছি, সে ক্ষেত্রে আপনিও তৈরি হতে পারেন। কারণ, এ বিষয়ের বাজারটি এখন অনেক বড় এবং সুযোগও অনেক। তবে এ শাখায় কাজ করতে হলে নতুন নতুন ধারণা ও সৃজনশীলতা দিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে।শ্রোতাবন্ধু তনু (খুদেবার্তা থেকে): ওয়েডিতে কাজ করতে হলে কী ধরনের শিক্ষাগত যোগ্যতা দরকার?রিজভী হাসান: এ জন্য আপনি আপনার জীবনবৃত্তান্ত আমাদের অফিসে অথবা আমাদের ওয়েবসাইটে জমা দিতে পারেন। ফেসবুকেই আমরা আমাদের অফিস সাইট হিসেবে কাজ করি। জীবনবৃত্তান্ত পাঠাতে পারেন www.facebook./weddi.bd এই ঠিকানায়। এ ছাড়া ই-মেইল করে আপনি জীবনবৃত্তান্ত পাঠাতে পারেন weddi¦creatobd.com ঠিকানায়।শ্রোতাবন্ধু তানজিলা: ওয়েডি কি বিয়ের পোশাক নিয়েও কাজ করে?রিজভী হাসান: আমরা বিয়ের পোশাক নিয়ে কাজ করি। তবে এ জন্য আমরা দেশের বিখ্যাত কিছু ফ্যাশন ডিজাইনারের সঙ্গে যোগাযোগ রাখি। গ্রাহকের চাহিদা অনুযায়ী আমরা তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিই। এ ছাড়া এরই মধ্যে সব সময়ের জন্য একজন ফ্যাশন ডিজাইনারকে আমরা নিয়েছি।কথাবন্ধু: বিয়ের পরিকল্পনা বিষয়ে আপনাদের প্রতিষ্ঠান কি কোনো বাজার গবেষণা করে? সে ক্ষেত্রে কোন বিষয়ের ওপর বাজার গবেষণা করতে হয়? রিজভী হাসান: বিয়ের পরিকল্পনা বিষয়ে ওয়েডি বাজার গবেষণা করে। আমরা আমাদের গুণগত মান নিয়ে গবেষণা করি। সে ক্ষেত্রে ব্যবসার গতিপ্রকৃতি বোঝা সহজ হয়। এ জন্য বিভিন্ন সময়ে পণ্যের দাম এবং আনুষঙ্গিক বিভিন্ন জিনিসের দাম নিয়ে পরিকল্পনা সাজাতে হয়। কোথায় কোনটা পাওয়া যায়, তা-ও আমাদের জানতে হয়।কথাবন্ধু: বিয়ের মতো কর্মযজ্ঞ সম্পাদনের জন্য পেশাদারি তৈরিতে আপনার প্রতিষ্ঠান কী ধরনের পদক্ষেপ নিয়ে থাকে? রিজভী হাসান: ওয়েডি এ জন্য অনেককেই শিক্ষানবিশ হিসেবে কাজ করার সুযোগ দিচ্ছে। আমাদের প্রতিষ্ঠানে যোগ দিতে হলে শুধু জীবনবৃত্তান্ত নয়, এ জন্য একটি ক্রিয়েটিভ টেস্ট, অর্থাৎ সৃজনশীল পরীক্ষা দিয়ে পাস করে আসতে হয়। এ ছাড়া আমরা বিভিন্ন সময় প্রতিষ্ঠানের বাইরে থেকেও যোগ্যতাসম্পন্ন ও দক্ষ লোকদের নিয়ে একসঙ্গে সমন্বয় করে কাজ করি।কথাবন্ধু: ওয়েডিং প্ল্যানিং নিয়ে কোনো উদ্যোগ নেওয়ার আগে কি কোনো প্রশিক্ষণ নেওয়া জরুরি? বাংলাদেশে এ বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণের সুযোগ আছে কি না?রিজভী হাসান: এখানে সবকিছুতেই সৃজনশীলতা প্রয়োজন। এ জন্য আপনাকে শুরুতেই সৃজনশীল কোনো কাজের সঙ্গে যুক্ত হতে হবে। শুরুতেই অনেক পরিশ্রম করতে হয়। প্রাতিষ্ঠানিক ব্যবসা শুরু করতে হলে আপনাকে সৃজনশীল হতেই হবে। শুধু ব্যবসার জন্য করতে চাইলে এ ক্ষেত্রে আপনি ব্যর্থও হতে পারেন। এ জন্য আপনি আলাদা করে বিভিন্ন ধরনের কোর্স করতে পারেন, যেমন—ফ্লাওয়ার ডেকোরেশনস, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, সেট ডিজাইনিং, স্ক্রিপটিং ইত্যাদি।কথাবন্ধু: নতুনদের জন্য আপনার দিকনির্দেশনা কী হবে? রিজভী হাসান: আমাদের এই কাজটি তরুণদের মধ্যে অনেক আগ্রহ জাগিয়েছে। তবে যেকোনো কাজ ভালোবেসে করতে পারলে তা অনেক সহজ হয়ে যায়। যদি কারও এ বিষয়ে আগ্রহ থাকে, তাহলে বলব, চলে আসুন। সৃজনশীলতা দিয়ে কাজ করতে পারলে সাফল্য আসবে।গ্রন্থনা: সুদীপ দে