সৃজনশীলতা ছাড়া টেকা সম্ভব না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ৩ মে এসেছিলেন ফ্যাশন হাউস রঙের অন্যতম স্বত্বাধিকারী ও ডিজাইনার বিপ্লব সাহা। কথা বলেছেন কথাবন্ধু পম্পা ঘোষের সঙ্গে। ফ্যাশন ডিজাইনের বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা আলোচনা করেছেন।কথাবন্ধু: রঙ সম্পর্কে কিছু বলুন?বিপ্লব সাহা: নারায়ণগঞ্জ শহরের সান্ত্বনা মার্কেটে ১৯৯৪ সালে প্রথম রঙের শো রুম চালু হয়। শুরুতেই নতুন কিছু নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের দ্বিতীয় বর্ষে পড়তাম।সৌমিক দাস ছিলেন আমার সঙ্গে। দুই বছর ধরে আমরা প্ল্যান করি। সৌমিক, মামুন, বাবু আর আমি—এই চারজনের সমন্বয়ে রঙের জন্ম হয়। তখন বিয়ে ও জন্মদিনের কাজ করতাম। সে সময় শো রুমের ভাড়া ছিল এক হাজার টাকা। ভাড়া কীভাবে দেব তা নিয়েও আমরা চিন্তায় ছিলাম। সেখান থেকে আজকের রঙের জন্ম।কথাবন্ধু: কীভাবে এ ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হলো?বিপ্লব সাহা: শুরুতেই নারায়ণগঞ্জে ছোট পরিসরে শুরু। তখন টিভির পর্দা, বালিশের কভারে কাজ করতাম। বোনের জামা বানাতাম। নিজের ঘরের জন্যই টুকটাক কাজ করতাম। যাঁরা হাতের কাজ জানেন তাঁরা সেই মুহূর্তে আমাদের দোকানে বিক্রির জন্য ডিজাইন করা কাপড় দিয়ে যেতেন। এভাবেই প্রথম রঙের বিক্রি শুরু হয়। এরপর প্রথম একটি পাঞ্জাবি ডিজাইন করি। সেই থেকেই শুরু। কথাবন্ধু: ফ্যাশন ডিজাইনার হতে হলে শিক্ষাগতযোগ্যতা কী হওয়া উচিত?বিপ্লব সাহা: ফ্যাশন ডিজাইনে পড়াশোনা করে কেউ যদি এখানে আসতে চান তাহলে তাঁদের একটি প্রাথমিক ধারণা তো থাকেই। তবে হাতে-কলমে শিক্ষার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা এবং অবশ্যই তা জরুরি। আর যাঁরা সাধারণ পড়াশোনা করছেন তাঁদের ফ্যাশন ডিজাইনের ওপর কোর্স করে এলে কাজ করতে অনেক সুবিধা হবে। কথাবন্ধু: বাংলাদেশে কোন প্রতিষ্ঠানে এই বিষয়ের ওপর কোর্স করা যায়?বিপ্লব সাহা: আমাদের দেশে এখন এ বিষয়ের ওপর প্রশিক্ষণ দিচ্ছে এ রকম অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট, শান্তা মারিয়ম বিশ্ববিদ্যালয়, রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন, এ রকম আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে। তবে দেখেশুনে কয়েকটি প্রতিষ্ঠান ঘুরে তাদের শিক্ষাক্রম বুঝে তারপর একটি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ বা পড়াশোনা করা উচিত। এ বিষয়ের ওপর প্রশিক্ষণ এবং পড়াশোনায় খরচও কিন্তু কম নয়, তাই ভেবেচিন্তেই শুরু করা উচিত। কথাবন্ধু: বিপণন বিষয়ের সঙ্গে ফ্যাশন ডিজাইন বিষয়টি কীভাবে জড়িত এবং এটি কীভাবে একজন ফ্যাশন ডিজাইনারকে সাহায্য করে?বিপ্লব সাহা: বিপণন ছাড়া এ মুহূর্তে কিছু চিন্তা করাই কঠিন। মানুষের কাছে এখন পণ্য পৌঁছে দিতে হয়। অনেক প্রতিষ্ঠানই বিপণনে দক্ষ লোক নিয়োগ দিয়ে থাকে। আবার কেউ কেউ নিজেই দেখেন। আগে মানুষ বিপ্লব সাহাকে চিনত আর এখন রঙকে চেনে। এটি বিপণনের মাধ্যমেই সম্ভব। কথাবন্ধু: কম্পিউটার জানা কি জরুরি? বিপ্লব সাহা: কম্পিউটার জানা অবশ্যই জরুরি। তবে হাতে এঁকেও কাজ করা যায়। কিন্তু কিছু কিছু কাজের ক্ষেত্রে কম্পিউটার ছাড়া চলে না। এ জন্য ফটোশপ এবং ইলাসট্রেটর জানা খুবই দরকার।কথাবন্ধু: পড়ালেখার পাশাপাশি এ ধরনের পেশায় কাজ করা সম্ভব কি না?বিপ্লব সাহা: হাতে-কলমে কাজের কোনো বিকল্প নেই। এ জন্য কোনো হাউসে গিয়ে চাকরি করতে পারেন, সঙ্গে নিজের অভিজ্ঞতার ঝুড়িটাও ভারী হলো। আবার অনেকে নিজেই জিজাইন করে বুটিক হাউস খুলছেন। তবে সৃজনশীলতা ছাড়া বর্তমান বাজারে টেকা সম্ভব নয়।শ্রোতাবন্ধু মহাদেব সাহা (খুদেবার্তা থেকে): আমি বস্ত্রকৌশলেপড়ছি।আমি কি ফ্যাশন ডিজাইনে কাজ করতে পারব?বিপ্লব সাহা: অবশ্যই। যেহেতু টেক্সটাইল নিয়ে আপনার ধারণা রয়েছে। সেই সঙ্গে ফ্যাশন ডিজাইনের ওপর একটি প্রশিক্ষণ থাকলে আরও সুবিধা হবে। কথাবন্ধু: আপনার প্রতিষ্ঠানে কোন দিকটিতে বেশি জোর দিয়ে থাকেন?বিপ্লব সাহা: প্রথমত আমি দেখি একজন মানুষ। শুরুতেই ডিজাইনার হয়ে নয়, কাজের প্রতি মনোযোগী হয়ে কাজ করতে হবে। একসময় আপনি ডিজাইনার হয়ে উঠবেন। প্রতিনিয়ত লক্ষ্য থাকবে নিত্যনতুন সৃজনশীলতা দিয়ে নিজ যোগ্যতাকে ফুটিয়ে তোলা। এ পেশায় সৃজনশীলতার কোনো বিকল্প নেই।কথাবন্ধু: কেউ যদি বুটিক হাউস দিতে চায় তবে কী কী লাগবে?বিপ্লব সাহা: এ পেশাটি একটি সৃজনশীল কাজের বহিঃপ্রকাশ। বর্তমান বাজারের ওপর ধারণা নিয়েই ব্যবসা শুরু করা উচিত। ব্যবসা করার আগে পরিকল্পনা করতে হবে। বিভিন্ন পণ্য, সুতা, বোতাম, ফেব্রিক্স, বিভিন্ন ধরনের কাপড় সম্পর্কে ধারণা থাকতে হবে। গ্রন্থনা: সুদীপ দে