সৃজনশীলতা থাকা চাই প্রশ্নের উত্তরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, রূপনগর মডেল কলেজ, ঢাকা। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, বাংলা প্রথম পত্র সৃজনশীল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এসএসসিতে এ পদ্ধতিতেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ক. সৃজনশীল অংশ = ৬০। গদ্য, কবিতা ও উপন্যাস থেকে তিনটি করে মোট নয়টি প্রশ্ন থাকবে। প্রত্যেক বিভাগ থেকে দুটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর করতে হবে।খ. বহুনির্বাচনী প্রশ্ন থাকবে ৪০টি, মান ৪০। গদ্যাংশ থেকে ২৪টি এবং কবিতাংশ থেকে ১৬টি। উপন্যাস থেকে কোনো এমসিকিউ থাকবে না।  ‘ক’ বিভাগে (গদ্য) তিনটি, ‘খ’ বিভাগে (কবিতা) তিনটি এবং ‘গ’ বিভাগে (উপন্যাস) তিনটি করে মোট নয়টি প্রশ্ন থাকবে। তোমাকে মোট ছয়টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেক বিভাগ থেকে দুটি করে প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক।  যেকোনো প্রশ্নের উত্তর লেখা শুরু করলে তার চারটি অংশের উত্তরই ধারাবাহিকভাবে করতে হবে। একটি প্রশ্নের জ্ঞানের উত্তর অন্য প্রশ্নের অনুধাবনের উত্তর—এভাবে দেওয়া যাবে না। কোনো উত্তর দিতে কেউ যদি অসমর্থ হয় তাহলে সেটা বাদ দিয়ে পরের অংশের উত্তর দেবে।  জ্ঞানমূলক প্রশ্নের নম্বর ১। এর উত্তর একটি শব্দে, একাধিক শব্দে বা একটি বাক্যে দেওয়া যাবে। তবে পূর্ণাঙ্গ বাক্যে দিলে ভালো। এ ক্ষেত্রে বানানের প্রতি যত্নবান হতে হবে, বানান ভুল হলে উত্তর কাটা যাবে এবং শূন্য পাবে। যেমন, ‘একটি ফটোগ্রাফ’ কবিতার রচয়িতা কে? এখানে ‘শামসুর রাহমান’-এর নামের বানান ভুল করলে উত্তর কাটা যাবে এবং শূন্য পাবে।  অনুধাবনমূলক প্রশ্নের নম্বর ২। কারণ এর মধ্যে একটি নম্বর জ্ঞানের জন্য, আরেকটি নম্বর অনুধাবনের জন্য। তুমি ইচ্ছে করলে জ্ঞান অংশের উত্তর আগে, অনুধাবনমূলক উত্তর পরে অথবা অনুধাবনমূলক উত্তর আগে, জ্ঞানমূলক উত্তর পরে লিখতে পারবে। তবে জ্ঞানমূলকের উত্তর আগে লিখে অনুধাবনের উত্তর পরে লেখাই ভালো। অনুধাবনমূলক প্রশ্নের উত্তর এক প্যারাতেও লেখা যায়, দুই প্যারাতেও লেখা যায়। তবে দুই প্যারাতে লিখলে সবচেয়ে ভালো হয়। অনুধাবনমূলক প্রশ্ন একটু কঠিন। এখানে কবি/সাহিত্যিককে নানা বিশেষণে বিশেষায়িত করার দরকার নেই। মনে রাখবে, সৃজনশীল প্রশ্নের উত্তর হবে ‘জিরো ফ্যাট’ অর্থাৎ বুঝতে হবে বেশি কিন্তু লিখতে হবে কম। কোনোক্রমেই কোনো প্রশ্নের উত্তরে অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক কিছু লেখা যাবে না। প্রয়োগমূলক প্রশ্নের মোট নম্বর ৩। ১ নম্বর জ্ঞানের জন্য, ১ নম্বর অনুধাবনের জন্য এবং ১ নম্বর প্রয়োগের জন্য। এক প্যারাতে সব তথ্য দিয়ে উত্তর লেখা যায়। তবে তিন প্যারা করাই ভালো। প্রয়োগ মানে, শিক্ষার্থী তার পাঠ্যবই থেকে যা জেনেছে এবং যা বুঝেছে তা নতুন ক্ষেত্রে অর্থাৎ উদ্দীপকে প্রয়োগ করবে। কাজেই উদ্দীপকটি যেভাবে এর আলোকে তৈরি করা হয়েছে অর্থাৎ উদ্দীপকের সঙ্গে সংশ্লিষ্ট গল্প/কবিতার যে দিকটিতে সাদৃশ্য/বৈসাদৃশ্য থাকে সেটাই জ্ঞান। এ দিকটি একটি বাক্যে লিখতে পারলেই ১ নম্বর অর্থাৎ জ্ঞানের উত্তর হয়ে গেল। তার পরও এ দিকটি পাঠ্য বইয়ের আলোকে বর্ণনা করাই হলো অনুধাবন। দ্বিতীয় প্যারায় অনুধাবনের অংশের উত্তর লিখবে এবং সবশেষে এই দিকটি উদ্দীপকে কীভাবে ফুটে উঠেছে তা বর্ণনা করাই প্রয়োগ।  উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের মোট নম্বর ৪। ১ নম্বর জ্ঞানের জন্য, ১ নম্বর অনুধাবনের জন্য, ১ নম্বর প্রয়োগের জন্য এবং ১ নম্বর উচ্চতর দক্ষতার জন্য। উচ্চতর দক্ষতা মানেই একটা সিদ্ধান্তের ব্যাপার। প্রশ্নেই সাধারণত একটা অনুসিদ্ধান্ত দেওয়া থাকবে। যদি সিদ্ধান্তটি সঠিক হয়, তাহলে সেটাকে ব্যাখ্যা-বিশ্লেষণ করে উদ্দীপকে প্রয়োগ করে প্রমাণ করবে যে সিদ্ধান্তটি সঠিক। আর যদি ভুল হয় তাহলে কেন ভুল, সেটাও প্রমাণ করতে হবে। অনেক ক্ষেত্রে সিদ্ধান্তটি আংশিক সত্য হতে পারে। সে ক্ষেত্রে উদ্দীপকের সঙ্গে পাঠ্যবইয়ের যে অংশটুকুর মিল আছে তা বর্ণনা করে যে ক্ষেত্রে মিল নেই সেগুলোও বর্ণনা করতে হবে এবং সর্বশেষ সিদ্ধান্ত দিতে হবে যে বক্তব্যটি/সিদ্ধান্তটি আংশিক সত্য, পুরোপুরি নয়। বিচার বিশ্লেষণ-সংশ্লেষণ, মূল্যায়ন করে সিদ্ধান্ত দেওয়ার নামই উচ্চতর দক্ষতা। এ ক্ষেত্রে প্রশ্নটি/সিদ্ধান্তটি ভালোভাবে পড়ে পাঠ্য বইয়ের সঙ্গে মিলিয়ে বুঝতে হবে।