সৃজনশীলতাই সামাজিক ব্যবসার মূল চালিকাশক্তি: ড. ইউনূস
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষের সৃজনশীলতা আর চিন্তার শক্তিই হচ্ছে সামাজিক ব্যবসার মূল নির্যাস। সৃজনশীলতার শক্তি দিয়ে মানুষ তার চারপাশের জগৎ পাল্টে দিতে পারে। সামাজিক ব্যবসার এ সহজবোধ্যতা আর স্বচ্ছতাই মানুষকে আকৃষ্ট করেছে।গতকাল মঙ্গলবার সামাজিক ব্যবসার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজিত আলোচনার উদ্বোধনী অধিবেশনে ড. ইউনূস এ মন্তব্য করেন। হোটেল সোনারগাঁওয়ে দিনব্যাপী তিনটি অধিবেশনে আলোচনার পাশাপাশি ছিল প্রদর্শনী। সামাজিক ব্যবসা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এই অর্থনীতিবিদের সূচিত একটি কল্যাণমূলক ব্যবসার ধারণা।বিকেলের অধিবেশনে ড. ইউনূস বাংলাদেশের ১২টি এবং ভারতের ১২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। সামাজিক ব্যবসা দিবসের অনুষ্ঠানে ১৫টি দেশের প্রায় ২০০ জন প্রতিনিধি অংশ নেন। দিবসের এবারকার প্রতিপাদ্য ছিল ‘সামাজিক ব্যবসার মাধ্যমে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জন’।ড. ইউনূস অনুষ্ঠানে বলেন, ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের অনেক ক্ষেত্রে সাফল্য পেলেও মাতৃমৃত্যুর বিষয়টিতে এখনো আমরা পিছিয়ে রয়েছি। প্রসূতি কোনো নারীর মৃত্যু যেকোনো সভ্য সমাজের জন্যই লজ্জাজনক ঘটনা। এই প্রেক্ষাপটে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে ভূমিকা রাখতে পারে সামাজিক ব্যবসা।’ইউনূস বলেন, সহজবোধ্যতা আর স্বচ্ছতার কারণে অনেকেই যেমন সামাজিক ব্যবসার সমর্থক, তেমনি অনেকেই এটি পছন্দ করে না। সামাজিক ব্যবসার বিরুদ্ধবাদীরা এটি নিয়ে সন্দেহ পোষণ করেন। অনেকের চোখে এটি পাগলামি। কারণ, মুনাফার জন্য এ ব্যবসা করা হয় না। কাজেই তাঁরা সামাজিক ব্যবসাকে নেতিবাচকভাবে দেখেন।নোবেল বিজয়ী ক্ষুদ্রঋণের এই প্রবক্তার মতে, সামাজিক ব্যবসার মূল চালিকা শক্তি ব্যক্তির সৃজনশীলতা। আর ব্যক্তিই এখানে মূল নিয়ামক। যেখানে মানুষ নিজেই সিদ্ধান্ত নিয়ে সমস্যার সমাধান করে, পাল্টে দেয় চারপাশের বিশ্বকে।ড. ইউনূস বলেন, সামাজিক ব্যবসার প্রকল্প ব্যক্তির নিজের ইচ্ছায় বাস্তবায়িত হয়। কারণ, প্রত্যেক স্বাধীন মানুষই তার চারপাশের জগৎটাকে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। কেউ যদি সামাজিক ব্যবসার মাধ্যমে পাঁচজন প্রসূতির জীবন বাঁচাতে পারে, এ ক্ষেত্রে তা-ই হতে পারে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের কার্যকর হাতিয়ার।দারিদ্র্য বিমোচনের জন্য ড. ইউনূস ক্ষুদ্রঋণের ধারণা চালু করেছিলেন। এটি ব্যর্থ হয়েছে বলেই কি সামাজিক ব্যবসাকে সামনে নিয়ে এসেছেন—এ প্রশ্নের উত্তরে গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘ক্ষুদ্রঋণও একধরনের সামাজিক ব্যবসা। কাজেই কোনো উদ্যোগ সফল হলো কি ব্যর্থ হলো, সেটা ভবিষ্যৎই নির্ধারণ করবে।’গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাবের প্রতিষ্ঠাতা হাঞ্জ রিৎজ বলেন, ‘সামাজিক ব্যবসায় বিনিয়োগ গৌণ বিষয়। মূল বিবেচ্য হচ্ছে, মানুষের উদ্ভাবনী ক্ষমতা।গ্রামীণ কর্তৃপক্ষ সারা বিশ্বের কাছে ভাবনার এই দিক উন্মোচন করায় আমরা সন্তুষ্ট।’রাসায়নিক পদার্থ উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএএসএফের জ্যেষ্ঠ কর্মকর্তা সাওরি ডুবোর্গ বলেন, ‘সামাজিক ব্যবসার আওতায় মশারি উৎপাদনের মাধ্যমে এমডিজির ষষ্ঠ লক্ষ্য ম্যালেরিয়ামুক্ত সমাজ গঠনে আমরা ভূমিকা রাখছি। প্রথাগত ব্যবসার তুলনায় সামাজিক ব্যবসা অনেক বেশি চ্যালেঞ্জিং।’পানীয় জল উৎপাদনকারী প্রতিষ্ঠান ভিয়োলিয়ার কর্মকর্তা এরিক লেসুয়ের বলেন, গ্রামীণ ভিয়োলিয়া কুমিল্লার প্রকল্প এলাকার স্থানীয় মানুষকে সুপেয় পানি সরবরাহের পাশাপাশি ভবিষ্যতে ঢাকায় বাণিজ্যিকভাবে বোতলজাত পানি সরবরাহ করতে যাচ্ছে।গ্রামীণ ডানোনের প্রধান নির্বাহী কর্মকর্তা করিন বাজিনা বলেন, শিশুদের পুষ্টি নিশ্চিত করার ক্ষেত্রে শক্তি দইয়ের সাফল্য ঈর্ষণীয়।অধিবেশনে আরও বক্তব্য দেন জাতিসংঘের সহকারী মহাসচিব টমাস স্টেলজার এবং জাপানের কিওশু বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাবের অধ্যাপক মাসাহারু ওকাদা।