সৃজনশীলতার জন্যই নজরুল আমাদের জাতীয় কবি: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, কাজী নজরুল ইসলামের সৃজনশীল প্রতিভা বাঙালি চেতনাকে সামগ্রিকভাবে ধারণ ও প্রকাশ করতে সক্ষম হয়েছিল বলেই তিনি বাঙালির এবং বাংলাদেশের জাতীয় কবি। কাজী নজরুল ইসলামের ১১১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি আজ মঙ্গলবার ময়মনসিংহের ত্রিশালে নজরুল মঞ্চে জাতীয় পর্যায়ে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনকালে এ কথা বলেন।রাষ্ট্রপতি বলেন, ‘চলতি শতাব্দীতে আমরা যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শোষণহীন রাজনৈতিক ও আর্থসামাজিক ব্যবস্থা গড়ে তুলেছি, তা নজরুলের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’রাষ্ট্রপতি বলেন, নজরুলের বিপ্লবী সাহিত্য ও রাজনৈতিক কর্মকাণ্ড মানুষে মানুষে ভেদাভেদ ও বৈষম্য সৃষ্টিকারী সব উপসর্গ—সাম্প্রদায়িকতা, মৌলবাদ, ধর্মান্ধতা, গোঁড়ামি, কুসংস্কার, প্রতিক্রিয়াশীলতা, রক্ষণশীলতা, পরাধীনতা, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, শোষণ ও দুঃশাসনের বিরুদ্ধে গর্জে ওঠা হাতিয়ার।অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস।