সৃষ্টি সুখের উল্লাসে মুখর টিএসসি মঞ্চ
মঞ্চের একপাশে ঢোল, হারমোনিয়াম ও করতাল নিয়ে বসেছেন যন্ত্রীরা। তাঁদের সামনে অভিনয়শিল্পী সুরে সুরে কথার মালা সাজিয়ে এগিয়ে নেন কমলা রানীর সাগরদীঘির গল্প। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত ‘বার্ষিক নাট্য উৎসবে’ মঞ্চস্থ হয় নাটকটি। ইসলাম উদ্দিন পালাকারের পরিবেশনা থেকে আত্মীকৃত এই নাট্যের নির্দেশনা দিয়েছেন সাইদুর রহমান।‘স্বাধীনতার সৃষ্টি সুখের উল্লাস’ স্লোগান নিয়ে গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ষষ্ঠ কেন্দ্রীয় নাট্যোৎসব। উৎসবের উদ্বোধন করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহ-উপাচার্য হারুন-অর-রশিদ, নাট্যকলা বিভাগের চেয়ারম্যান রহমত আলী, ইসরাফিল শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তী। গতকাল উদ্বোধনী দিনে মঞ্চস্থ লোককাহিনি কমলা রানীর সাগরদীঘি আখ্যানের কেন্দ্রীয় চরিত্র মুক্তাগাছা শহরের অভিজাত খান পরিবারের আদুরে কন্যা কমলা রানী। সুসংদুর্গাপুরের রাজা ধর্মরাজের সঙ্গে তার বিয়ে হয়। একসময় তাদের রাজ্যে বেড়াতে আসে পাতাল রাজ্যের কয়েকজন পরি। তারা কমলা রানীর রূপে-গুণে মুগ্ধ হয়ে পাতালরাজ্যের রাজা কালরাজকে জানায়। কালরাজ মুগ্ধ হয়ে কমলা রানীকে পাওয়ার জন্য ষড়যন্ত্র করে। ঘটনাচক্রে কমলা রানীর স্বামী ধর্মরাজের খনন করা সাগরদীঘিতে নামলে কালরাজ কমলাকে ধরে নিয়ে যায় পাতালরাজ্যে।সংসৃ্কতির পরিশীলিত চর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ বরাবরই বিশ্ববিদ্যালয় অঙ্গনে বিশেষ ভূমিকা রাখছে। এবারের উৎসবের আয়োজন করা হয়েছে নাট্যকলা বিভাগের স্নাতক শেষবর্ষের শিক্ষার্থীদের নিয়ে। উৎসবে নতুন নাটক ছাড়াও জারিগান ও আলকাপের পরিবেশনা থাকছে। উৎসব চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।উৎসবে আজ একই স্থানে সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চস্থ হবে সৈয়দা ইফাত আরা নির্দেশিত নাটক এ স্লাইট এইক। হ্যারল্ড পিন্টারের লেখা নাটকটি অনুবাদ করেছেন নীলা সাহা।