বাংলাদেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব কোনটি? এ প্রশ্নের উত্তরে মাথা কুটে মরতে হয় না কাউকে। মুহূর্তেই সবাই এর জবাব দেবেন, ‘অমর একুশে বইমেলা।’ এ এমনই এক অনন্য মেলা, যেখানে বাঙালির ইতিহাসের আবেগ, সংস্কৃতির রং, সৃষ্টিশীলতা ও মননচর্চা পবিত্র শ্রদ্ধায় আর সপ্রাণ উচ্ছ্বাসে একটি তোড়ায় আবদ্ধ হয়েছে। প্রাকৃতিক এক ঘটনার মতো প্রস্ফুটিত হয়েছিল এই মেলা। কোনো ঘোষণা দিয়ে এর শুরু হয়নি। ফিতা কেটে উদ্বোধন হয়নি প্রথম একুশে বইমেলার। প্র্রাণের আবেগে একদিন উন্মীলিত হয়েছিল যে বইমেলা, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তা-ই আজ পরিণত হয়েছে বাঙালির শ্রেষ্ঠতম উৎসবে। এ উৎসব বাঙালির প্রাণস্পন্দনের, মেধার, প্রতিভার ও সৃজনশীলতার।ফেব্রুয়ারি, ১৯৭২ সাল। এর বিশ বছর আগে, ১৯৫২ সালে, ঢাকার রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাঙালির যে স্বপ্ন রোপণ করেছিলেন একদল তরুণ, তার এক রক্তমাখা সফলতা এসেছে মাত্র দুই মাস আগে। মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে বাঙালি রচনা করেছে তার স্বপ্নের দেশ বাংলাদেশ। মুক্ত বাংলাদেশের প্রথম ফেব্রুয়ারিতে আবেগের মাত্রা কি আর কোনো বাঁধন মানে! একুশের ভাষা আন্দোলনের প্রত্যক্ষ অবদান ছিল বাঙালির ভাষা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার প্রতিষ্ঠান বাংলা একাডেমীর প্রতিষ্ঠা। সদ্যভূমিষ্ঠ বাংলাদেশের প্রথম একুশে ফেব্রুয়ারিতে সেই বাংলা একাডেমীর মাটিতে চাদর বিছিয়ে বসেছিলেন বাংলাদেশের গ্রন্থ প্রকাশনার অগ্রণী ব্যক্তিত্ব চিত্তরঞ্জন সাহা। তাঁর প্রকাশনী মুক্তধারার কিছু বই চাদরে সাজিয়ে সেদিন বিক্রি করতে বসেছিলেন তিনি। তাঁর দেখাদেখি এগিয়ে আসতে থাকেন কিছু তরুণ কবি-লেখকও। তাঁরাও বসেন চাদর বিছিয়ে, নিজেদের বই নিয়ে। ১৯৭৪ সালে প্রাণেশ মণ্ডলের নকশা করা তোরণ দিয়ে স্টল তৈরি করে মুক্তধারা। অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসে খান ব্রাদার্স, চলন্তিকা বইঘর, চট্টগ্রামের বইঘরের মতো আরও কিছু প্রকাশনা সংস্থা।সেই যে শুরু, তার আর শেষ হয়নি। অমর একুশের স্মৃতিকে কেন্দ্র করে জমাট বাঁধতে থাকে বইয়ের মেলা। বিস্তার পেতে থাকে ধীরে ধীরে। সংখ্যায় ছাপিয়ে যেতে থাকে মেলায় আসা প্রকাশকদের স্টল। বাড়তে থাকে মেলার সময়েরও পরিধি। আনুষ্ঠানিকভাবে শুরুর পর প্রথমে এ বইমেলা জমত ফেব্রুয়ারির ১৫ থেকে ২১ তারিখ পর্যন্ত। বইপ্রেমী আর প্রকাশকদের উৎসাহে মেলার তারিখ একসময় এগিয়ে আসে ৭ ফেব্রুয়ারিতে। এখন তো ফেব্রুয়ারির পুরো মাস জুড়েই বই নিয়ে এ মেলার আয়োজন। ভাষাশহীদদের উৎসর্গিত প্রাণের প্রতি এর চেয়ে পবিত্র ও অর্থপূর্ণ শ্রদ্ধার্ঘ্য আর কী-ই বা হতে পারে!এরপর একটি সময় আসে, যখন বইমেলাকে একটি কাঠামোয় না বেঁধে আর উপায় থাকে না। জাতীয় গ্রন্থকেন্দ্র একে একটি শৃঙ্খলা দেওয়ার চেষ্টা করে। আরও বেশ কয়েক বছর পর পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সঙ্গে মিলে বাংলা একাডেমী এ মেলা আয়োজনের দায়িত্ব নেয়। ১৯৮৪ সালে প্রণয়ন করা হয় বইমেলার জন্য বিধিবদ্ধ নীতিমালা। মেলার আনুষ্ঠানিক নাম হয় এবার ‘অমর একুশে গ্রন্থমেলা’।আস্তে আস্তে তত দিনে এই মেলা হয়ে উঠেছে বাংলাদেশের প্রকাশনাজগতের প্রাণকেন্দ্র। সারা বছর ধরে প্রকাশকেরা উন্মুখ হয়ে থাকেন এই মেলার জন্য। কারণ বেশির ভাগ বই তাঁরা প্রকাশ করতে চান বইয়ের উৎসবের এই মাসটিতেই। বাংলাদেশ তার ভবিষ্যতের পথে কোথায় কোথায় পা ফেলে চলতে চাইছে, তার পুঞ্জীভূত প্রকাশ তাই ঘটে এ বইমেলাতেই। কারণ এ মেলার বইয়ে বইয়ে ছড়ানো থাকে এই দেশ এবং এর মানুষদের নিয়ে আমাদের ভাবনা ও স্বপ্নের কথা।বইয়ের সঙ্গে আসেন লেখকেরা। বইপাগল পাঠকেরাও আসেন দলে দলে। আনকোরা বই, অনেক দিন ধরে খুঁজে ফেরা বই, নতুন চিন্তার উন্মেষ-ঘটানো বই, জগৎ পাল্টে দেওয়ার স্বপ্ন-জাগানো বই, প্রিয় লেখক-কবির উপন্যাস আর কাব্যগ্রন্থ। আসে শিশু-কিশোরেরা, তাদের কল্পনার রংমাখানো বই সংগ্রহ করার উদ্দীপনায়। বইয়ের পাশাপাশি পাঠকেরা সান্নিধ্য পেয়ে যান তাঁদের প্রিয় লেখকদেরও।বই-পাঠক-লেখক-প্রকাশকের এ এক অভূতপূর্ব মিলন-উৎসব। এ বইমেলা তার চেয়েও বড় মিলনকেন্দ্র, বাংলাদেশের ইতিহাসের পথরেখা আর এর ভবিষ্যৎ যাত্রাপথের।সাজ্জাদ শরিফ: সাংবাদিক ও কবি।