সে আলো ছড়িয়ে গেল সবখানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালি হিন্দুর সবচেয়ে বড় ধর্মোৎসব হচ্ছে দুর্গাপূজা। ‘বাঙালি হিন্দু’ বলার কারণ হচ্ছে, অন্যান্য স্থানের হিন্দুরা শরৎকালে এই পূজাই করে, কিন্তু তার নাম দশহরা। বাংলা বর্ষপঞ্জির শরৎকালের দেবীপক্ষের প্রথম শুক্লা প্রতিপাদের দিন থেকে দেবীর বোধন হয় এবং সপ্তমী থেকে দশমী তিথি পর্যন্ত চার দিন মহাসমারোহে দেবীর পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। তাদের মধ্যে সাড়া পড়ে যায় আনন্দ আর উৎসবের। যে যার সামর্থ্যমতো খাদ্যদ্রব্য, পোশাক-পরিচ্ছদের আয়োজন করে আনন্দ-উৎসবে অংশ নেয়। অতিথি-অভ্যাগতের আগমন-প্রত্যাগমনে বাড়ি বাড়ি কয়েক দিন মুখরিত থাকে। পরিবারের বয়স্ক, অল্পবয়স্ক মহিলারাসহ শিশুরাও মহাব্যস্ত হয়ে ওঠে মুড়ি, চিঁড়া, খই, তিল, তিসি, মুগ, কলাই আর গুড়-চিনি নিয়ে শুকনো খাবারদাবার তৈরি করতে। শিশুদের আর পাড়ার গরিব মানুষের মধ্যে এগুলো বিতরণ করা হয়। পরিবারের দাইমা, পুরোনো চাকরবাকর, মেথর, মুচি কেউ যাতে বাদ না যায়, সেদিকে সবার দৃষ্টি থাকে। দশমীর দিনে দুর্গা প্রতিমা নদীতে বিসর্জন দিয়ে সবাই কিছুটা বিষণ্নমনে ফিরে আসে নিজ নিজ গৃহে। জ্যেষ্ঠদের প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করে, সমবয়সীদের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা জানায়।দুর্গাপূজা শরৎকালে হয়, এ জন্য একে শারদীয় দুর্গোৎসব বলে। শরৎকাল বাঙালির ঘরে ঘরে ফসল ওঠার সময়। তাই একে ফসলের উৎসবও বলা যেতে পারে। দুর্গাপূজার সময় নবপত্রিকার পূজাও হয়। নয়টি শস্য, ফল-মূল ও ফল-পাতা পূজার মণ্ডপে দিয়ে পূজা করা হয়। একসময় দুর্গাপূজা শুধু বড় বড় রাজা, মহারাজা, জমিদার কিংবা নতুন বড়লোকদের মধ্যে সীমাবদ্ধ ছিল। তাঁদের দাপট কমে যাওয়ার পর পাড়ায় বা মহল্লায় দুর্গাপূজা শুরু হয়। ১৯২০ সালে প্রথম কলকাতায় শিমলা ব্যায়াম সমিতির উদ্যোগে সর্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এর পর থেকে সব পাড়ায়ই সর্বজনীন দুর্গোৎসব হয়ে আসছে। সর্বজনীন পূজায় প্রচুর ধুমধাম, হই-হুল্লোড়, বাজি পোড়ানো, ঢাক-ঢোল, বাঁশি-কাঁসি, মাইকের গান-বাজনা, সুন্দর মঞ্চসজ্জা, আলোকমালায় সজ্জিতকরণ, ভোগ-রাগ, প্রসাদ বিতরণ, নাটক-থিয়েটার প্রভৃতি অসংখ্য আয়োজন থাকে।দুর্গাপূজার প্রচলন বৈদিক যুগে নয়, পৌরাণিক যুগে শুরু হয়েছে। কেননা চণ্ডীর রচনাকাল পৌরাণিক যুগেই। বৈদিক গ্রন্থাদিতে চণ্ডীর লেশমাত্র উল্লেখ নেই। তবে গত শতাব্দীর ষাটের দশকে রাশিয়ার উড়াল অঞ্চলে একটি দুর্গামূর্তি আবিষ্কৃত হয়েছে। ১০টি নয়, একাধিক হাত ছিল মূর্তিটির এবং এটির অসুর-নিধনরূপ এখনকার মতোই ছিল। তবে কি দুর্গা বৈদিক দেবী নয়? অনেক পণ্ডিত মনে করেন, দুর্গা কোনো লৌকিক দেবতা। দুর্গা কোনো গোষ্ঠী বা গোত্রের লোকদের দ্বারা পূজিতা হতেন। কালক্রমে এটি পৌরাণিক কাহিনিতে ঢুকে যায়। শিবের ক্ষেত্রে যা হয়েছে। বাঙালি হিন্দুদের দুর্গা প্রতিমার কল্পনা কিন্তু অভিনব। আপামর বাঙালি মনের মাধুরী মিশিয়ে এই প্রতিমার রূপটি পরিকল্পিত হয়েছে। শিব-ঘরণী উমা যেন কৈলাসের শ্বশুরালয় থেকে চার দিনের জন্য বাপের বাড়িতে এসেছেন, যেমন বাঙালি বিবাহিত মেয়েরা আসেন। সঙ্গে এনেছেন তাঁর সন্তানসন্ততিদের। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশকে নিয়ে তাঁর ভরা সংসার। যদিও গণেশ আর কার্তিক ছাড়া অন্যরা তাঁর ছেলেমেয়ে নয়। কালীদাসের কুমারসম্ভব কাব্যে এই গণেশের জন্মবৃত্তান্তই বর্ণিত হয়েছে। লক্ষ্মী সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী, বিষ্ণুর পত্নী কমলা। মতান্তরে তিনিই দুর্গা। সরস্বতী বাগ্দেবী, বীণাপাণি। কথিত আছে, তিনি ভগবান বিষ্ণুর অন্যতমা স্ত্রী; বাক্য, বিদ্যা বা শিল্পের দেবতা। আর কার্তিক পার্বতী-তনয়। পার্বতীই উমা বা দুর্গা। কৃত্তিকা (নত্র) শব্দ অপত্যার্থে কার্তিক হয়েছে। তিনি নাকি কৃত্তিকা কর্তৃক পালিত হয়েছিলেন। সব পৌরাণিক কাহিনি এক রকম হবে না। কারণ, বিভিন্ন পুরাণ বিভিন্ন সময়ে রচিত হয়েছে। দুর্গা বা উমাকে হিন্দু বাঙালি যে কত ঘরের মানুষ করে নিয়েছে তা এই প্রাচীন গানটি থেকে অনুভব করা যাবে। ইফফাত আরার কণ্ঠে গানটি এ রকম: এসেছিস মা, থাক না মাগো, দিনকতক।/ হয়েছিস ডাগোর-ডোগর, এখন কিসের ভয় এত?বঙ্গদেশে কখন শারদীয় দুর্গোৎসব চালু হয় এবং কবেই বা তা সর্বজনীন (সর্বজনের হিতার্থে) রূপ পায়, সে বিষয়টা আমি যেটুকু সংগ্রহ করেছি, তার সঙ্গে কিছু পঠিত বিষয় সমন্বিত করে জানাতে চেষ্টা করছি। এ দেশে প্রথম দুর্গোৎসবের খবর যা কিছু কিংবদন্তি ও কিছু লোকবৃত্ত থেকে জানা যায়, তা হলো: ষোড়শ শতাব্দীতে মোগল সম্রাট আকবরের সেক্যুলার শাসনামলে বর্তমান রাজশাহী (মতান্তরে নদীয়া) জেলার পটিয়ার নিকটবর্তী তাহিরপুরের রাজা কংসনারায়ণ ১৫০১ থেকে ১৫১৯ খ্রিষ্টাব্দের মধ্যে কোনো একসময় বঙ্গদেশে প্রথম দুর্গোৎসব উদ্যাপন করেন। রাজশাহী জেলা কখনোই নদীয়া জেলা হতে পারে না তাদের ভৌগোলিক অবস্থানের কারণে। নদীয়ার অবস্থান গঙ্গার দক্ষিণ পারে। এটা রাঢ় অঞ্চলের মধ্যে পড়ে। রাজশাহী ছিল ময়মনসিংহের আলাপসিং পরগনার অন্তর্গত এবং তখনকার সময়ে বলত ভাটি অঞ্চল। যা-ই হোক, রাজা কংসনারায়ণ এই দুর্গোৎসবে খরচ করেছিলেন সাড়ে আট লাখ টাকা। এখনকার হিসাবে সেটা অবিশ্বাস্য পরিমাণ টাকায় দাঁড়াবে। রাজা কংসনারায়ণের পুরোহিত ছিলেন পণ্ডিত রমেশ শাস্ত্রী। এই পূজামণ্ডপটি জরাজীর্ণ অবস্থায় আজও টিকে আছে। আর্কিওলজি বিভাগ ঐতিহাসিক নিদর্শন হিসেবে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে পারে। এই মন্দিরটি অবশ্যই রক্ষিত হওয়া উচিত। তখন অবশ্যই পূজা পদ্ধতি কোডিফায়েড হয়নি। পূজা পদ্ধতির রচনার চেষ্টা লক্ষ করা যায় ১১ শতকে পূর্ববঙ্গের রাজার প্রধানমন্ত্রী ভবদেব ভট্টের চেষ্টায়। তিনি একটি পুস্তিকা রচনা করেন। ১২শ ও ১৪শ শতকে জীমূতবাহন, শূলপানি, পণ্ডিত বিদ্যাপতি প্রমুখ এ বিষয়ে গ্রন্থ রচনা করেন। ষোড়শ শতাব্দীতে রঘুনন্দন ভট্টাচার্য দুর্গোৎসব তত্ত্ব রচনা করেন।এখানে একটি কথা বলে রাখা দরকার। রাজা কংসনারায়ণকে অনেকে বারো ভূঁইয়ার এক ভূঁইয়া মনে করেন। এটা বোধ করি সঠিক না। কেননা এ পর্যন্ত বারো ভূঁইয়াদের যেটুকু ইতিহাস জানা যায়, সেগুলোর সবই মোগল ঐতিহাসিকদের রচনা থেকে। এটাকেই প্রামাণ্য ইতিহাস বলে ধরা হয়। আবুল ফজলের আকবরনামা, আইন-ই-আকবরী, মির্জা নাথানের বাহারিস্তান-ই-গায়েবি গ্রভৃতি গ্রন্থে বারো ভূঁইয়া হিসেবে যাঁদের নাম পাওয়া যায়, তাঁদের মধ্যে চাঁদ রায়, কেদার রায়, মুকুন্দ রায়, মহারাজা প্রতাপাদিত্য ও কন্দর্পনারায়ণ প্রমুখ ছাড়া আর কোনো হিন্দু জমিদারের নাম পাওয়া যায় না। যদি কংসনারায়ণ ও কন্দর্পনারায়ণ একই ব্যক্তি হতেন, তাহলে ব্যাপারটা সত্যি হতে পারে কিংবা কংসনারায়ণ যদি তাহিরপুরের সবচেয়ে কাছাকাছি জমিদার চাঁদ রায়ের করদ রাজ্য বা ভ্যাসাল স্টেট হতো, সে ক্ষেত্রে কংসনারায়ণকে বারো ভূঁইয়া বলা যেত। বারো ভূঁইয়ারা সবসময় সংখ্যায় ১২ জন ছিলেন না। বাহিরিস্তান-ই-গায়েবিতে ১৩ জনের নাম দেখা যায়।বাঙালি মন যেভাবেই দুর্গামাকে সাজাক না কেন, শ্রীশ্রীচণ্ডীতে এ বিষয়ে একটি কাহিনি আছে। মহিষাসুর স্বর্গ দখল করে দেবতাদের বিতাড়িত করে স্বর্গ যখন লন্ডভন্ড করে ফেলল, তখন দেবতারা ব্রহ্মার কাছে করজোরে দাঁড়িয়ে তাঁদের দুর্দশার কথা জ্ঞাপন করলেন। ব্রহ্মার কপাল ভ্রূকুটি কুটিল হয়ে উঠল, মুখমণ্ডল রক্তাভ। তিনি সৃষ্টি করলেন এক সর্বগুণান্বিতা উদ্ভিন্নযৌবনা যুযুৎসু দেবীর। দেবতারা তাঁকে সর্ব অস্ত্রে ভূষিতা করে তুললেন। ব্রহ্মা দিলেন কমণ্ডুলু, সূর্য দিলেন ধনুর্বাণ, বিষ্ণু দিলেন চক্র, শিব দিলেন শূল, চন্দ্র দিলেন অষ্টচন্দ্র, যম দিলেন দণ্ড, কালদেব দিলেন সুতীক্ষ খড়্গ, বিশ্বকর্মা দিলেন অভেদবর্ম, কুবের দিলেন রত্নভার।যুদ্ধ শুরু হলো। মহিষাসুর মহিষের রূপে যুদ্ধক্ষেত্রে আবির্ভূত হলো। দেবী বিষ্ণুর চক্র দিয়ে তার মাথাটা কেটে দিলেন। মহিষাসুর বেরিয়ে আসতে বাধ্য হলো। তুমুল যুদ্ধ চলল দুই পক্ষে। শেষে দেবী দুর্গা মহিষাসুরের বুকে শিবের শূল আমূল বিঁধিয়ে দিলেন। মহিষাসুরের মৃত্যু হলো। দেবতারা জয়ধ্বনি দিলেন। স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল।তথ্যসূত্র: সুকুমার ভৌমিক, নাটোর, সরল বাঙ্গালা অভিধান: সুবলচন্দ্র মিত্র, উইকিপিডিয়া ও দেবদেবী বহর: ড. নরেশন্দ্র চট্টোপাধ্যায়। শ্যামল ভট্টাচার্য : শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক