সিলেটে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় প্রকাশ্যে অস্ত্রবাজির আলোচিত দুটি ঘটনায় অস্ত্রধারী কেউ ধরা না পড়ায় ভোটাররা শঙ্কিত। সিলেটসহ দেশের চার সিটি করপোরেশনে ভোট ১৫ জুন। নির্বিঘ্ন ভোট গ্রহণের স্বার্থে গত রোববার থেকে সিলেট মহানগর পুলিশের ছয়টি থানায় বৈধ অস্ত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় আলোচনায় এসেছে ওই দুটি ঘটনা। দুটি ঘটনার প্রথমটি ঘটেছিল ২০১০ সালের ৬ মে বিএনপির দুই পক্ষে আধিপত্য বিস্তার নিয়ে। দ্বিতীয়টি ঘটে গত ১৯ মে সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে। উভয় ঘটনায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া হলেও একজন অস্ত্রধারীকেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। মহানগর পুলিশের উপকমিশনার এজাজ আহমদ বলেন, দুটি ঘটনার পরই অস্ত্রধারীরা লাপাত্তা হয়ে গেছে। সিটি করপোরেশন এলাকার সব বৈধ আগ্নেয়াস্ত্র জমা দিতে বলা হয়েছে। সাঁড়াশি অভিযান চালানো হলে জনমনে আর আতঙ্ক থাকবে না। পুলিশ জানায়, ২০১০ সালের ৬ মে বিকেলে নগরের কোর্ট পয়েন্টে ইলিয়াস অনুসারী পক্ষের সঙ্গে তৎকালীন নগর বিএনপির আহ্বায়ক শাহরিয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার একাধিক ভিডিওচিত্র ও স্থিরচিত্রে দেখা গেছে, সংঘর্ষে লিপ্তদের মধ্যে হেলমেট ও টুপি পরা আট থেকে নয়জন ছিলেন অস্ত্রধারী। বিএনপির একটি সূত্র জানায়, সিটি নির্বাচনে মেয়র পদে ১৮ দল-সমর্থিত আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রচারণায় শাহরিয়ার পক্ষ সক্রিয় হওয়ায় প্রায় তিন বছর আগের সেই অস্ত্রবাজির ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই। শাহরিয়ার হোসেন চৌধুরীর দাবি, সেই অস্ত্রবাজির ঘটনা তাঁর পক্ষ থেকে হয়নি। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ বলেন, সিলেট এমসি কলেজে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের প্রকাশ্যে অস্ত্রবাজির ঘটনা সবকিছুকে ছাড়িয়ে গেছে। ক্ষমতাসীনদের ছত্রচ্ছায়ায় থাকা অবৈধ অস্ত্রধারীদের নিয়েই ভোটারদের মনে শঙ্কা। সিলেট এমসি কলেজে গত ১৯ মে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিরন মাহমুদ ও বরখাস্ত হওয়া সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থ পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের কর্মীরা অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র প্রদর্শন করে। পরদিন সংবাদপত্রে অবৈধ অস্ত্রধারীদের ছবি ছাপা হলে পুলিশ এমসি কলেজের পাশের টিলাগড় মোড়ে গোলাম রহমান চৌধুরীকে আটক করতে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনার পর সিলেট মহানগর পুলিশের শাহ পরান থানার উপপরিদর্শক এম এ আউয়াল বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় গোলাম রহমানসহ আটজনকে আসামি করা হয়। ওই আটজনকে ১৯ মে সংঘর্ষের ঘটনায় অবৈধ অস্ত্রধারী হিসেবে শনাক্ত করে গ্রেপ্তারে নামে পুলিশ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘দলের ছত্রচ্ছায়ায় অস্ত্রবাজি হলেও আমরা মনে করি অস্ত্রবাজদের কোনো দল নেই। ছাত্রলীগের ওই ঘটনা আমরা নিষ্পত্তি করে দিয়ে পুলিশকে অস্ত্রধারীদের গ্রেপ্তার করতে বলে দিয়েছি। পুলিশ এ কাজ করতে না পারাটা আমাদের নয়, তাদের ব্যর্থতা।’ বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অস্ত্রবাজির ঘটনার মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। আর এমসি কলেজের ঘটনায় জড়িত ছাত্রলীগের অস্ত্রধারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান শাহ পরান থানার ওসি আকতার হোসেন। ভোটের দিনের শঙ্কা: ‘পত্রিকাত ফলাও করি ছবি ছাপল, চেনাও গেল। কিন্তু ধরা আর পড়ল না। ভোটের দিন এরাই যে অঘটন ঘটাইত না—তার গ্যারিন্টি পাইব নি কেউ?’ অস্ত্রবাজির দুটি ঘটনা প্রত্যক্ষ করা নগরের জিন্দাবাজার এলাকার একজন ওষুধ ব্যবসায়ী এভাবেই তাঁর প্রতিক্রিয়া জানান। তাঁর মতে, দুটি ঘটনা যেহেতু দুই রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় ঘটেছে এবং সেই দুই রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ—তাই শঙ্কা কাজ করছে। এলাকাবাসীর এমন উদ্বেগ প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, ‘রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ায় স্বাভাবিকভাবে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হবে কি না, এ নিয়ে শঙ্কা কাজ করছে। এ শঙ্কা কাটাতে প্রয়োজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সময়োপযোগী পদক্ষেপ।’