সেই অস্ত্রবাজদের আরও তিনজন গ্রেপ্তার
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সম্মেলনে অস্ত্রবাজির ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি আশিকুর রহমান ওরফে আরিফ (৩০), আরিফুজ্জামান ভূঁইয়া ওরফে ঢাকাইয়া তুহিন (৩৩) ও মো. সাব্বির আহমেদ ওরফে নাঈমকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার আরিফুজ্জামান ও সাব্বিরকে এবং গত ১ জানুয়ারি আশিকুরকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ওই অস্ত্রবাজির ঘটনায় ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।সূত্র জানায়, গত সোমবার কুমিল্লা শহরতলির ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে এক ব্যক্তির কাছ থেকে টাকা ছিনতাই করে পালানোর সময় স্থানীয় বাসিন্দারা তিন ছিনতাইকারীকে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পুলিশ তাঁদের উদ্ধার করে। পরে পুলিশ ছিনতাইকারীদের মধ্য থেকে আরিফুজ্জামান ও সাব্বিরকে চিহ্নিত করে। তাঁরা পুলিশের কাছে যুবদলের সম্মেলনে অস্ত্রবাজির কথা স্বীকার করেন। গত ১১ অক্টোবর প্রথম আলোয় প্রকাশিত ছবিতে নিজেদের শনাক্ত করেন আরিফুজ্জামান ও সাব্বির।গতকাল মঙ্গলবার কোতোয়ালি থানার পুলিশের সামনে আরিফুজ্জামান ও সাব্বির যুবদলের সম্মেলনে অস্ত্রবাজির সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেন। আরিফুজ্জামান বলেন, ১০ অক্টোবর কান্দিরপাড়ে বিএনপির কার্যালয়ে অস্ত্রভর্তি একটি চটের ব্যাগ আসে। সেখান থেকে তিনি একটি রিভলবার নেন। সেদিন অস্ত্রবাজির পর তিনি প্রথমে চট্টগ্রাম ও পরে সিলেটে যান। পরে ঢাকায় একটি মেসে অবস্থান করেন। তিনি বলেন, পালিয়ে থাকার কারণে তিনি অর্থসংকটে পড়েন। এ জন্যই তিনি ছিনতাইয়ে নামেন।আরিফুজ্জামানের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার হারং গ্রামে।অন্যদিকে সাব্বির জানান, ঘটনার দিন বিএনপি অফিসে গিয়ে হাতে রিভলবার ও পিস্তল তুলে নেন। তিনি বলেন, আরিফুজ্জামানের সঙ্গে যোগাযোগ থাকায় তাঁরা একসঙ্গে ছিনতাইয়ে নামেন।সাব্বিরের বাড়ি শহরের ভাটপাড়া এলাকায়।কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পুলিশের তদন্ত পরিদর্শক সৈয়দ আবু মো. শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, আরিফুজ্জামান ও সাব্বির বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাঁদের মোবাইলে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একজন সদস্য, কুমিল্লা পৌরসভার সাবেক একজন কাউন্সিলর, জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতা ও কুমিল্লা শহর বিএনপির সাবেক এক নেতার মোবাইল নম্বর পাওয়া গেছে।এদিকে গত ১ জানুয়ারি রাতে আশিকুর শহরের চকবাজার এলাকায় মাতাল অবস্থায় অটোরিকশায় উঠতে গিয়ে পড়ে যান। পরে লোকজন তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই সময় হাসপাতালে দায়িত্ব পালনরত তিন পুলিশ তাঁকে চিহ্নিত করে। পরে কুমিল্লার কোতোয়ালি থানার পুলিশের তদন্ত পরিদর্শক সৈয়দ আবু মো. শাহজাহান কবির সেখানে গিয়ে আশিকুরকে শনাক্ত করেন। গতকাল মঙ্গলবার পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলে। চিকিৎসা শেষে দুপুরে আশিকুরকে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় আনা হয়। সেখানে তিনি অস্ত্রবাজির কথা স্বীকার করেন। গত ১১ অক্টোবর প্রথম আলোয় প্রকাশিত ছবিতে নিজেকে শনাক্ত করেন আশিকুর। তিনি জানান, ঘটনার দিন তিনি রিভলবার ব্যবহার করেছেন।আশিকুরের বাড়ি কুমিল্লা শহরের চকবাজার বালুধুম এলাকায়।কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘আশিকুর রহমান, আরিফুজ্জামান ভূঁইয়া ও মো. সাব্বির আহমেদকে গতকাল আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তাঁদেরকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে। আগামীকাল বুধবার রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।প্রসঙ্গত, গত ১০ অক্টোবর কুমিল্লা শহরের কান্দিরপাড় এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সম্মেলনে প্রকাশ্যে অস্ত্রবাজি ও বোমাবাজির ঘটনায় চার পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়। ওই ঘটনায় পুলিশ দ্রুত বিচার আইনে একটি ও বিস্ফোরক দ্রব্য আইনে অপর একটি মামলা করে।