সেই আ. রহমান ধরা পড়লেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কর অঞ্চল-৪-এর সেই সহকারী কর কমিশনার (অতিরিক্ত) আবদুর রহমানকে গতকাল বুধবার রংপুরে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, আবদুর রহমান গতকাল রংপুর আদালতে যাবেন—পুলিশের কাছে এমন তথ্য ছিল। আদালতে যাওয়ার আগেই শহরের কাচারিবাজার এলাকায় শিশুনিকেতন উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে একটি ব্যক্তিগত গাড়ি থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সাদা পোশাকে ডিবি পুলিশের একটি দল দুপুর দেড়টার দিকে শিশুনিকেতন বিদ্যালয়ের সামনে আবদুর রহমানকে বহনকারী গাড়ি থামানোর নির্দেশ দেয়। এ সময় গাড়িটির চালক পুলিশের সঙ্গে তর্ক শুরু করেন। আবদুর রহমানও এতে যোগ দেন। একপর্যায়ে পুলিশ গাড়ির ভেতর থেকে জোর করে আবদুর রহমানকে বের করে আনে। ঘটনাস্থল থেকে প্রায় পৌনে এক কিলোমিটার পথ হাঁটিয়ে তাঁকে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়।গ্রেপ্তার হওয়ার পর আবদুুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমার নামে যে গ্রেপ্তারি পরোয়ানা আছে, তা জানি না। একটি মামলা ছিল। জেনেছি, ওই মামলায় সবাই বেকসুর খালাস পেয়েছে।’আজ কোথায় যাচ্ছিলেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবদুর রহমান বলেন, ‘আদালতে হাজিরা দিতে যাচ্ছিলাম।’ এর বেশি কিছু বলতে চাননি তিনি।পুলিশ জানায়, আবদুর রহমান একেক সময় একেক কথা বলছেন। তিনি বলেছেন, তিনি ১৯৯৮ সালে ঢাকায় মুজিবনগরের কর্মচারী হিসেবে নিয়োগ পরীক্ষায় অংশ নেন। ২০০৩ সালে সহকারী কর কমিশনার হিসেবে চাকরি হলে ঢাকায় প্রথম যোগদান করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিযোদ্ধাদের খাবার পরিবেশন করতেন বলে দাবি করেন। আবার কখনো বলেন, তিনি মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার কাজ করতেন। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তাঁর জন্ম ১৯৫৭ সালে। (সে হিসাবে মুক্তিযুদ্ধের সময় তাঁর বয়স ছিল ১৪ বছর।)আবদুর রহমান দাবি করেন, তাঁর হয়ে যে আবদুর রউফ সাজা খাটছেন, তাঁকে তিনি চেনেন না।আবদুর রহমান একপর্যায়ে পুলিশকে উদ্দেশ করে বলেন, ‘সাংবাদিকদের ডাকেন, ক্যামেরাম্যান ডাকেন। আমি চোর না ডাকাত? আমি বিসিএস ক্যাডার সমমানের কর্মকর্তা।’ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আবদুর রহমান তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। রংপুর দুর্নীতি দমন কমিশনের সরকারি কৌঁসুলি (পিপি) শামীমা শিরিন বলেন, প্রকৃত আবদুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে। আবদুর রহমান ১৯৮৯ সালে নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান থাকার সময় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির গম আত্মসাতের দায়ে সাজা এবং ভুয়া সনদে তাঁর চাকরি লাভের অভিযোগ নিয়ে গত সোমবার প্রথম আলোতে ‘সবই সম্ভব!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।কাবিখার গম আত্মসাতের মামলায় তিন বছর সাজার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে আবদুর রহমান তাঁর হয়ে সিলেটের আবদুর রউফকে (৫৫) রংপুরের আদালতে আত্মসমর্পণের জন্য রাজি করান। এ জন্য আবদুর রউফের সঙ্গে ৫০ হাজার টাকায় সমঝোতা হয়। গত ২৯ জানুয়ারি সিলেটের আবদুর রউফ ডিমলার আবদুর রহমান সেজে আত্মসমর্পণ করেন। বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি রংপুর কারাগারে আছেন।নীলফামারী প্রতিনিধি জানান, আবদুর রহমানকে নিয়ে প্রথম আলোয় গত সোম ও মঙ্গলবার দুটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ডিমলায় প্রথম আলোর ওই সংবাদের ফটোকপি বিক্রি হতে থাকে। ইউনিয়ন পর্যায়ের পাঠকেরা এ সংবাদ সংগ্রহের জন্য ভিড় জমান ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রগুলোতে। এসব সেবাকেন্দ্রে অনলাইনে প্রথম আলোর ওই সংবাদ প্রিন্ট করে বিক্রি হয়।গয়াবাড়ী ইউনিয়নের সচিব নুরুল ইসলাম জানান, শুধু গয়াবাড়ীতে নয়, ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নের তথ্যসেবাকেন্দ্রে এ সংবাদ প্রিন্ট করে বিক্রি হচ্ছে বলে তিনি খবর পেয়েছেন।