সেই আইনজীবীকে সভাপতির কক্ষে দেখা যায়নি
আইনজীবী মোহাম্মদ আলীকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের কক্ষে দেখা যায়নি। গত বৃহস্পতিবার থেকে আজ রোববার দুপুর পর্যন্ত সমিতির সভাপতি কক্ষে অবস্থান করলেও বিকেলে তাঁকে আর সেখানে দেখা যায়নি। সংশ্লিষ্ট আইনজীবীরা বলেছেন, জামিন আবেদন শুনানির পর বিকেলে মোহাম্মদ আলী আদালত অঙ্গন ত্যাগ করেছেন। সন্ধ্যায় তাঁর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।এদিকে হাইকোর্টের এজলাসকক্ষে হট্টগোলের ঘটনায় উদ্ভূত সমস্যা নিরসনে আজ রোববার বিকেলে জ্যেষ্ঠ আইনজীবীরা আলোচনায় বসেছেন। আইনজীবী সমিতির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ছাড়া আওয়ামী লীগ-সমর্থিত অন্য আইনজীবীরা অংশ নেননি। এ অবস্থায় কাল সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে আবার বৈঠকে বসার কথা।আলোচনার বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, জ্যেষ্ঠ আইনজীবীদের যাঁরা আসেননি, পরে তাঁদের সঙ্গে এবং অ্যাটর্নি জেনারেলের সঙ্গেও আলোচনা করা হবে। আজকের আলোচনা ফলপ্রসূ হয়েছে। তবে অন্যদের উপস্থিতির জন্য সময় নেওয়া হয়েছে।এম কে রহমান প্রথম আলোকে বলেন, ‘সমিতির জ্যেষ্ঠ সদস্য হিসেবে বৈঠকে যোগ দিয়েছি। সমিতির সভাপতি আইনজীবীদের নির্বাচিত নেতা। বিচারিক প্রক্রিয়া সচল রাখতে দলমতের ঊর্ধ্বে উঠে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারেন। আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারেন।’২ আগস্ট বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের এজলাসকক্ষে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও হট্টগোলের ঘটনা ঘটে। ওই দিন রাতে শাহবাগ থানায় বিএনপির সমর্থক ১৪ আইনজীবীসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে পুলিশ মামলা করে।