সেই আঞ্জুয়ারাকে হাইকোর্টে হাজির করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যের নামে মামলায় আটক আঞ্জুয়ারা বেগমকে কাল বুধবার সকালে আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) আদালতে হাজির হতে বলা হয়েছে।আজ মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। ‘পরোয়ানা লাইলী বেগমের নামে, হাজতবাস আঞ্জুয়ারা বেগমের’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয় দৈনিক ‘প্রথম আলো’ পত্রিকায়। ২৫ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনটি যুক্ত করে আজ রিট আবেদনটি করেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী ও এখলাস উদ্দিন ভূঁইয়া। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। পরে তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ‘আঞ্জুয়ারা বেগমকে বগুড়া থেকে আটক করা হয়। তাঁর নামে নাটোর ও জয়পুরহাটে মামলা আছে। এখন তাঁকে কোথায় রাখা হয়েছে, তা জানি না। এ কারণে তিন জেলার পুলিশ সুপারের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। যাঁর এলাকায় আছেন, তিনি আঞ্জুয়ারা বেগমকে নিয়ে আসবেন। সদর থানার ওসিকেও হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।’ প্রতিবেদনে বলা হয়, তিন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল লাইলী বেগমের নামে। অথচ পুলিশ আঞ্জুয়ারা বেগম নামের এক গৃহবধূকে সেই পরোয়ানায় গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। পুলিশের ভুলে দুই মাস ২০ দিন ধরে বিনা অপরাধে হাজতবাসসহ এখন তিন মামলায় দুই জেলার আদালতে গিয়ে হাজিরা দিতে হচ্ছে নিরপরাধ আঞ্জুয়ারা বেগমকে।পুলিশ ও কারা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, চোরাচালানের অভিযোগে বগুড়া সদরের চারমাথা নিশিন্দারা এলাকার মৃত দুদু শেখের স্ত্রী লাইলী বেগমের বিরুদ্ধে ২০০৫ সালের জুন মাসে নাটোর সদর থানায় একটি এবং ২০০৮ সালের ফেব্রুয়ারি ও মে মাসে পাঁচবিবি থানায় দুটি মামলা হয়। সেসব মামলায় আদালত লাইলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।প্রতিবেদনে আরও বলা হয়, তবে বগুড়া সদর থানার উপশহর ফাঁড়ির পুলিশ সেই পরোয়ানা তামিল করতে গিয়ে গত ৩ আগস্ট ভোরে চারমাথা এলাকা থেকে আঞ্জুয়ারাকে (৪৪) আটক করে ওই তিন মামলায় গ্রেপ্তার দেখায়। আঞ্জুয়ারার স্বামী আবদুল আজিজ চারমাথা এলাকার পানদোকানি। তাঁর বাসা শহরের নিশিন্দারা পাইকপাড়া এলাকায়। পরে বিষয়টি জানাজানি হলে জেলা পুলিশে তোলপাড় সৃষ্টি হয়। পুলিশ আঞ্জুয়ারার জাতীয় পরিচয়পত্র, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার প্রতিবেদন যাচাই করে নিশ্চিত হয়, গ্রেপ্তার করা ওই নারী লাইলী নন। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) বিনা অপরাধে হাজতে থাকা আঞ্জুয়ারাকে মুক্তি দিতে গত ৬ সেপ্টেম্বর বগুড়ার পুলিশ সুপারের বরাবর আবেদন করে। বিষয়টি ২১ অক্টোবর জেলা মামলা সমন্বয় সভায়ও ওঠে।