সেই আত্মস্বীকৃত দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পদোন্নতি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ৪২ জন আত্মস্বীকৃত দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হচ্ছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়নি—এ অজুহাত দেখিয়ে যোগাযোগ মন্ত্রণালয় পদোন্নতির উদ্যোগ নিয়েছে।মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, যেহেতু আদালতের রায়ের মাধ্যমে ট্রুথ কমিশন (সত্য ও জবাবদিহি কমিশন) অধ্যাদেশ বাতিল করা হয়েছে, সেহেতু এই কমিশন থেকে দেওয়া কোনো সিদ্ধান্তেরও বৈধতা নেই। এ ছাড়া সওজের কর্মকর্তাদের দুর্নীতিবাজ প্রমাণ করার মতো কোনো আলামত বা অভিযোগ পাওয়া যায়নি।প্রসঙ্গত, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ট্রুথ কমিশনে গিয়ে দুর্নীতির কথা স্বীকার করে অর্থদণ্ড দিয়ে মার্জনা পেয়েছিলেন এই কর্মকর্তারা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই কমিশন বিলুপ্ত হয়।জানতে চাইলে যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মোজাম্মেল হক খান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, সওজের বেশির ভাগ কর্মকর্তা হয়রানি এড়াতে ট্রুথ কমিশনে গিয়েছিলেন। তখন পরিস্থিতি তাঁদের এটা করতে বাধ্য করেছিল। এসব কর্মকর্তা দুর্নীতিবাজ—এমন অভিযোগ থাকার কারণে গত দুই বছর তাঁদের পদোন্নতি দেওয়া হয়নি, বরং শাস্তি দেওয়া হয়েছে।সচিব বলেন, ‘আমরা এই কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করারও উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু আইন মন্ত্রণালয় থেকে কোনো ধরনের তথ্য, আলামত বা মতামত পাওয়া যায়নি। আর আলামত না পেলে মামলা করাও সম্ভব নয়। যেহেতু বিষয়টি ছিল আইন মন্ত্রণালয়ের বিষয়, সেহেতু আমাদেরও করার কিছু নেই। যে কারণে আমরা তাঁদের ক্ষমা করার সিদ্ধান্ত নিতে যাচ্ছি।’মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কর্মকর্তারা নিজেদের দুর্নীতির কথা স্বীকার করায় গত দুই বছরে পদোন্নতি হয়নি। তাঁদের মধ্যে ২০ কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছিল, কাউকে তিরস্কার করা হয়েছিল। এ সরকারের শুরুতে বলা হয়েছিল, চাকরি বিধিমালা অনুযায়ী এসব কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। যাঁরা অবসরে গেছেন, তাঁদের অবসর ভাতা স্থগিত বা বন্ধ করাসহ নানা উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছিল।সূত্র জানায়, সওজের আত্মস্বীকৃত দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয় থেকে যোগাযোগ মন্ত্রণালয়ে একটি ফাইলও পাঠানো হয়েছিল। কিন্তু ফাইলটি আর খুঁজে পাওয়া যায়নি। বর্তমান যোগাযোগসচিব মন্ত্রণালয়ে কয়েক মাস আগে যোগ দিয়ে এই কর্মকর্তাদের ঢালাও পদোন্নতিতে প্রশ্ন তুললে ফাইলটির খোঁজ শুরু হয়। এর আগে বেশ কয়েকবার সওজের আত্মস্বীকৃত দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনও। সচিবকে তিনি লিখিতভাবে এ নির্দেশ দেন। এতে বলা হয়, যাঁরা দুর্নীতির কথা স্বীকার করেছেন, তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।আইনমন্ত্রী শফিক আহমেদ এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ট্রুথ কমিশন বলতে এখন আর কিছু নেই। তবে বিভাগীয় মামলা করার জন্য আইন মন্ত্রণালয়ের কাছ থেকে আলামত পেতে হবে, এটা ঠিক নয়। ট্রুথ কমিশনে যাঁরা গিয়েছিলেন, তাঁদের তালিকা নিশ্চয়ই যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে আছে। মন্ত্রণালয় ইচ্ছে করলে বিভাগীয় ব্যবস্থা নিতে পারে।এর আগে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, সুশাসন ও আইনের শাসনের স্বার্থেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তা না হলে দুর্নীতিবাজেরা উত্সাহিত হবেন।সওজের ঢাকা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহাবুদ্দিন ওই ৪২ কর্মকর্তার একজন। তত্ত্বাবধায়ক প্রকৌশলী থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা হয়। ট্রুথ কমিশনে গিয়ে দুর্নীতির কথা স্বীকার করে অর্থদণ্ড দিয়ে মার্জনা পান তিনি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই কর্মকর্তা সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব নিয়ে সরকারি খরচে প্রশিক্ষণের নামে একের পর এক বিদেশ সফর করেন। অবসরে যাওয়ার সময় ঘনিয়ে এলেও বিদেশ সফর অব্যাহত থাকে। তাঁর বিরুদ্ধে চারটি বিভাগীয় মামলা হলেও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু তিরস্কার করে তাঁকে বিভাগীয় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানা গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে সরকারি ক্রয়সংক্রান্ত বিধিমালা (পিপিআর) অনুসরণ না করা এবং মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজার অর্থ আত্মসাৎ ও অবৈধভাবে বিদেশ সফরের অভিযোগে বিভাগীয় মামলাগুলো করা হয়। এ ছাড়া মুক্তিযোদ্ধার ভুয়া সনদ দেখিয়ে দুই বছর চাকরির মেয়াদ বাড়িয়ে নেন বলেও অভিযোগ রয়েছে।দুর্নীতি না করলে কেন দুর্নীতির কথা স্বীকার করে অর্থদণ্ড দিয়ে মার্জনা নিয়েছিলেন, জানতে চাইলে মো. শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘তখন পরিস্থিতির শিকার হয়েই সেখানে গেছি। এর বেশি কিছু বলতে চাই না।’সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল আজিম জোয়ার্দারও ট্রুথ কমিশনে গিয়ে নিজের দুর্নীতির কথা স্বীকার করেছিলেন। এখন তিনি সওজের প্রশাসন ও সংস্থাপনের মতো গুরুত্বপূর্ণ শাখার দায়িত্বে আছেন। গাজীপুরের নির্বাহী প্রকৌশলী থাকা অবস্থায় ঢাকা বাইপাস সড়ক প্রকল্পে অনিয়মসহ তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে মামলা হয়। তখন তিনি ট্রুথ কমিশনে গিয়ে দোষ স্বীকার করে অর্থদণ্ড দিয়ে রেহাই পান। আরেক আত্মস্বীকৃত দুর্নীতিবাজ মোহাম্মদ জর্জেস হোসেন আছেন চটগ্রাম সওজে।সওজের ক্রয় সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সোহরাব উদ্দিন মিয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী থাকা অবস্থায় ঢাকা বাইপাস সড়কের গাজীপুর অংশে নিম্নমানের কাজ করার পরও এক কোটি ৩৬ লাখ টাকার বেশি বিল ঠিকাদারকে পরিশোধ করেন তিনি। বর্তমান সরকার তাঁকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেয়। তিনি বিলুপ্ত ট্রুথ কমিশনে গিয়ে ঢাকা বাইপাস সড়ক নির্মাণে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেন।ফখরুল আলম তালুকদার ২০০৩-০৬ সাল পর্যন্ত সওজের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী থাকা অবস্থায় ঢাকা বাইপাস সড়কে কোনো কাজ না করার পরও ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রায় দুই কোটি তিন লাখ টাকার বিল পরিশোধ করেন। এ ব্যাপারে বিভাগীয় মামলা হলে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হয়নি বলে তাঁকে রেহাই দেওয়া হয়। তিনি এখন স্বেচ্ছা অবসরের আছেন। বিভাগীয় মামলা হওয়ায় তিনিও ট্রুথ কমিশনে গিয়ে দায় স্বীকার করেছিলেন।২০০১-০৪ সাল পর্যন্ত সওজ গাজীপুরের উপবিভাগীয় প্রকৌশলী থাকা অবস্থায় ঢাকা বাইপাস সড়কের ঠিকাদারকে পাঁচ লাখের বেশি টাকার অতিরিক্ত বিল দেওয়ার দায়ে বিভাগীয় মামলা হয়েছিল খন্দকার গোলাম মোস্তফার বিরুদ্ধে। তদন্ত শেষে তাঁর দুটি বার্ষিক ইনক্রিমেন্ট স্থগিত করে লঘুদণ্ড দেওয়া হয়। এখন তিনি সওজ টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলীর চলতি দায়িত্বে আছেন।