চট্টগ্রামের বাঁশখালীর সংখ্যালঘু পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যার মামলায় বিএনপির নেতা সেই আমিনুর রহমান চৌধুরী ওরফে আমিন চেয়ারম্যানকে আসামি করা হচ্ছে। মামলা দায়েরের প্রায় সাত বছর পর তাঁকেসহ আটজনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি নিচ্ছে তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জানা গেছে, গতকাল রোববার মামলার সাক্ষ্যস্মারকে (এমই) মতামত দিয়েছেন চট্টগ্রাম জেলা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম। সম্পূরক অভিযোগপত্র ধরে এখন আসামির সংখ্যা বেড়ে ৩৯ হচ্ছে। আদালত সূত্র জানায়, সাত বছর আগে ২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুর গ্রামের শীলপাড়ায় একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর চাচাতো ভাই আমিনুর রহমান জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে। আমিন বাঁশখালীর কালিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি। সূত্র আরও জানায়, মামলাটির প্রথম্রতদন্ত কর্মকর্তা ক্লারেন্স গোমেজ ৩১ জনকে আসামি করে ২০০৫ সালের ১৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বাদী বিমল শীল এই অভিযোগপত্রের ওপর নারাজি আবেদন করলে ২০০৭ সালের ২০ মার্চ মামলার তদন্তভার সাতকানিয়া সার্কেলের তৎকালীন সহকারী পুলিশ সুপার (এএসপি) সফিকুর রহমানকে দেওয়া হয়। তিনিও একই আসামিদের অভিযুক্ত করে ২০০৭ সালের ২৭ নভেম্বর বাঁশখালীর আদালতে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর সিআইডির খুরশিদ জামিল তৃতীয় দফা তদন্ত করেন। এভাবে একে একে সাতজন তদন্ত কর্মকর্তা ঘুরে-ফিরে একই আসামিদের অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন। চট্টগ্রাম জেলা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘মামলাটির অষ্টমবারের মতো তদন্তের দায়িত্ব দেওয়া হয় হ্লা চিং প্রুকে। তিনি মামলার তদন্ত করে আলোচিত এই ১১ খুনের মামলায় আমিন চেয়ারম্যানসহ নতুন আটজনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করেন। এই তদন্ত অত্যন্ত সঠিক ও নিখুঁত হয়েছে বলে আমাদের ধারণা। আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিলের পর চাঞ্চল্যকর এই মামলার বিচারকাজ শুরু হবে।’ আদালত সূত্র জানায়, ইউনুস নামের এক যুবক বহদ্দারহাট এলাকায় গ্রেপ্তার হন, যিনি ১১ খুনের মূল হোতা হিসেবে আমিন চেয়ারম্যানের নাম বলেন। ইউনুসের ওই বক্তব্যের অডিও রেকর্ড আছে, যা সম্প্রতি উদ্ধার করে সিআইডি আমিন চেয়ারম্যানসহ আরও আটজনকে আসামি করে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি নিচ্ছে।