সেই আরিফার গ্রামে ফেরার পরিবেশ নেই
রাজশাহীর তানোর উপজেলার নোনাপুকুর গ্রামের অধিকাংশ মানুষ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের অনেকে আরিফার কারণে প্রকাশ্যে মাদক ব্যবসা করতে পারছে না। তাই তারা আরিফার মাদকবিরোধী আন্দোলনে অসন্তুষ্ট। এ জন্য আরিফার গ্রামে ফেরার পরিবেশ নেই। সে ২০ দিন ধরে রাজশাহীতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নিরাপদ-নিবাসে (সেফ হোম) আছে।গত ২৭ জুন সরেজমিন নোনাপুকুর গ্রামে এ চিত্র দেখা যায়।ওই গ্রামের কিশোরী আরিফা খাতুন উপজেলার কোয়েল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। বছরখানেক আগে সে ১৫ জন কিশোর-কিশোরীকে নিয়ে ‘নোনাপুকুর মাদকবিরোধী গণগবেষণা দল’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলে। তারা গ্রামকে মাদকমুক্ত করার শপথ নেয়। এতে মাদক ব্যবসায়ীরা আরিফার ওপর ক্ষুব্ধ হন। ওই গ্রামেরই আমিনুল ইসলাম নামে এক মাদকসেবী ও ব্যবসায়ী আরিফাকে হত্যার হুমকি দেন। এতে আরিফা তার এক আত্মীয়ের বাড়িতে কয়েক দিন পালিয়ে থাকে। তার নিরাপত্তা দিতে এগিয়ে আসেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী দিল সেতারা। ১১ জুন তাকে উদ্ধার করে নিরাপদ-নিবাসে নিয়ে আসেন দিল সেতারা। এ নিয়ে ১২ জুন প্রথম আলোতে ‘গ্রামকে মাদকমুক্ত করতে গিয়ে বাড়িছাড়া স্কুলছাত্রী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ১৪ জুন আরিফার নিরাপত্তা ও আমিনুলকে গ্রেপ্তারের দাবিতে স্থানীয় ১০টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তানোরে মানববন্ধন করে।গ্রামের আদিবাসী নারী ফুলমান সরেন বলেন, ‘কয়েক দিন আগে আমিনুল মাতাল অবস্থায় আমার ছেলেকে যাচ্ছেতাই গালাগাল করেছে। কেউ প্রতিবাদ করতে পারেনি।’ গ্রামের জবেদা বেগম জানান, তিনি সম্পর্কে আমিনুলের মামি হন। তাঁকেও আমিনুল বাজে কথা বলে অপমান করেছে। উপজেলার পাঁচন্দর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহিদুল ইসলাম বলেন, আরিফার সহযোগিতায় মাস কয়েক আগে নোনাপুকুর গ্রামের ১৩টি বাড়িতে অভিযান চালানো হয়। সে সময় চোলাই মদের ৫২টি হাঁড়ি তিনি নিজে ভেঙে দেন এবং ১০৫ লিটার চোলাই মদ নষ্ট করে দেন। আরিফার তৎপরতার কারণে তাঁরা আর প্রকাশ্যে ব্যবসা শুরু করতে পারেননি। এসব পরিবারের সদস্যরা আরিফার ওপর অসন্তুষ্ট।বেসরকারি সংস্থা ব্রতীর জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা সোহেল রানা প্রথম আলোকে জানান, তাঁদের সর্বশেষ জরিপ অনুযায়ী, নোনাপুকুর গ্রামে ৭০টি পরিবার বাস করে। এর মধ্যে ২২টি পরিবার চোলাই মদ তৈরি করে। ২৮টি পরিবারের সদস্য চোলাই মদ বিপণন, সেবন, গাঁজা ও হেরোইন পাচারের সঙ্গে জড়িত।গ্রামটিতে মাদকের এত ছড়াছড়ি কেন জানতে চাইলে পাঁচন্দর ইউপির চেয়ারম্যান মমিনুল হক জানান, এলাকাটি আদিবাসী-অধ্যুষিত হওয়ার কারণে এখানে চোলাই মদের প্রচলন বেশি। এদিকে নোনাপুকুর মাদকবিরোধী গণগবেষণা দলের সদস্য উকিল মুর্মু জানান, আরিফা না থাকায় তাঁরা আগের মতো মনোবল পাচ্ছেন না। তাঁদের সাংগঠনিক কর্মকাণ্ডেও ভাটা পড়েছে।অভিযুক্ত আমিনুলের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাঁদের প্রতিবেশীরা বলেন, সকালে তাঁরা কোথায় যেন গেছেন। আরিফার মা শেমালী বেগম বলেন, ‘গ্রামে মোটরসাইকেল ঢোকার শব্দ পেলেই মাদক ব্যবসায়ীরা গা ঢাকা দেন।’তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম জানান, গ্রামটির দিকে তাঁদের নজর আছে। কেউ সেখানে আর মাদক ব্যবসা করতে পারবে না। আগামী ৩ জুলাই মামলার তারিখ আছে। ওই দিন আমিনুল যদি আদালতে হাজির না হন, তাহলে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন করবে পুলিশ। এখন যে মামলা আছে, তাতে আমিনুলকে গ্রেপ্তার করা যাচ্ছে না।