সেই ঈদ আর এই ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের বাড়ির পেছনে একটি বড় পুকুর আছে। তারপর ফাঁকা দিগন্ত বিস্তৃত ধান খেত, প্রায় মাইল জুড়ে। পুকুরের পাড়ে ছিল একটি বট গাছ। ছোট বেলায় ঈদের আগের দিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটতো বটগাছের গোড়ায়। আমরা দল বেঁধে সেখানে বসে থাকতাম ঈদের চাঁদ দেখার আশায়। চাঁদ দেখতে পেলেই শুরু হতো সালাম পর্ব। চাঁদ দেখার পর আমাদের বয়সী গ্রামের প্রায় সব ছেলে মেয়েই মুরুব্বিদের সালাম করতো। বাড়ি বাড়ি গিয়ে পায়ে হাত দিয়ে সালাম করার সময় মুরব্বিরা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেন। আমার বড় মাকে (চাচি) দেখেছি সালাম করার আবেগে কেঁদে ফেলতেন। তারপর পরনের আটপৌরে শাড়ির আঁঁচল দিয়ে চোখ মুছতেন, আমাদের গালে হাত দিয়ে আদর করতেন। এসব সালাম-আদরের আদৌ কোনো মানে আছে কি না, তখন এসব নিয়ে ভাবার কোনো অবকাশ ছিল না। কিন্তু মনে এক ধরনের প্রশান্তি লাগতো।ঈদের আগের দিন সন্ধ্যা বেলায় আমার বোনরা এবং পাড়ার উঠতি বয়সের মেয়েরা দল বেঁধে হাতে মেহেদী লাগাতে বসতো। টিউবের মেহেদীর তখনও প্রচলন হয়নি। গাছের মেহেদী পাতা শীলপাটায় বেঁটে হাতে দেওয়া হতো। বেশি লাল করার জন্য মেহেদীতে মেশানো হতো কাঁচা খয়ের। আমরা ছেলেরা চাঁদ দেখার পর বাড়ির বারান্দায় গিয়ে বসে থাকতাম রাস্তার ‘যাত্রী’ দেখব বলে। আমাদের এলাকায় (রাজশাহীর বাঘা উপজেলা) ঈদের সময় বিশাল একটি মেলা হয়। সে মেলায় দূর দুরন্ত থেকে পায়ে হেঁটে, গরু বা ঘোড়ার গাড়িতে করে লোকজন আসতেন। মেলায় আগত লোকদের আমরা যাত্রী বলতাম। মেলা চলতো সপ্তাহ জুড়ে। তবে বেশির ভাগ লোকই মেলায় দুদিন থাকা খাওয়ার ব্যবস্থাসহ আসতেন। ছোট বেলায় ঈদ মানেই ছিল এই মেলায় স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর আনন্দ। পুরান ৫০ টাকার নোটের উল্টো দিকের ছবিটি হলো রাজশাহীর বাঘা শাহি মসজিদের। ১০ গম্বুজের এ মসজিদটি তৈরি করেছিলেন দিল্লির বাদশাহ নাসিরউদ্দিন ওরফে নসরত শাহ ১৫২৩ সালের দিকে। পাথর আর পোড়ামাটির অপূর্ব কারুকাজ খচিত রয়েছে মসজিদটিতে। রাজশাহীর গবেষক ড. এবনে গোলাম সামাদের লেখায় পড়েছি, বহু আগে বাগদাদ থেকে হজরত শাহদৌলা পাঁচজন সঙ্গীসহ বাঘায় এসেছিলেন ইসলাম প্রচারের জন্য। বসবাস শুরু করেন রাজশাহী শহর থেকে ৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ কোণে পদ্মা নদীর তীরের কশবে বাঘায়। বাদশাহ নাসিরউদ্দিন তাঁর জন্য এ বিশাল মসজিদটি তৈরি করে দেন। মসজিদের পাশেই আছে বিশাল দিঘি। প্রচলিত আছে, ওই সময় থেকেই বাঘায় অনুষ্ঠিত হতো বিশাল ঈদের জামাত, আর সঙ্গে ঈদ মেলা। গবেষকদের মতে এ মেলার বয়সও পাঁচশো বছরের কম নয়। ছোট বেলায় এ মেলার জন্য আমাদের অপেক্ষার শেষ ছিল না। ঈদের দিন খুব সকালে ঘুম থেকে উঠে গোসল করে যেতাম নামাজ পড়তে। নামাজে যাওয়ার আগে চোখে লাগানো হতো সুরমা, হাতে আতর। আমাদের কেউ কেউ বেশি সুবাস ছড়াতে তুলায় আতর ভিজিয়ে কানে গুঁজে রাখতো। আধুনিক বোতল বডি স্প্রে বা পারফিউম তখনো আমরা দেখিনি। সুবাস বলতে ছিল আতরই। নামাজের জন্য তখন নতুন পাঞ্জাবি পেতাম না। ঈদের সময় জুটতো মাত্র এক সেট পোশাক। সেটাও সার্ট প্যান্ট। আমাদের যেটা নতুন পোশাক সেটা পরে আমরা মেলায় যেতাম। নামাজের আগে সকালের নাস্তা ছিল মিষ্টি আর পরটা বা লুচি। যার ঘরে যা হয়। নামাজ পড়ে বাড়ি ফেলার পর আমাদের এলাকার লোকজন এক সঙ্গে বসে খিচুড়ি খেতাম। এটাকে স্থানীয় লোকজন বলেন ‘শিন্নি খাওয়া’। গ্রামের সবার বাড়িতেই এ রান্না হতো। গামলা ভরে সবার বাড়ির খিচুড়ি আসতো মসজিদের কাছে। সেটা এক সঙ্গে মিশিয়ে উপস্থিত সবার মাঝে বিতরণ করা হতো। এই খিচুড়ি খাওয়া ছিল মহাসুখের। দুপুর বা রাতে একজন আরেকজনের বাড়ি যেত। খাওয়া দাওয়ার চেয়ে গল্পই ছিল মুখ্য, চলতো অনেক রাত পর্যন্ত। ঈদের মেলায় থাকতো সারি সারি মিষ্টির দোকান। মাটির পাতিলে সেই মিষ্টি কিনে মানুষ আত্মীয়স্বজনদের বাড়িতে যেত। ছোট বেলায় নামাজের পর আমাদের শুরু হতো মেলা বেড়ানোর পর্ব। মেলায় চলতো নাগরদোলা আর সার্কাস। মৃত্যু কূপ মোটর সাইকেলের শ্বাসরুদ্ধকর খেলা মুগ্ধ হয়ে দেখতাম। মেলায় বসতো মিষ্টি আর রকমারি খেলনার দোকান। কিন্তু সেসব খেলার খুব কমই আমাদের ভাগ্যে জুটতো। আমাদের দেওয়া হতো বড়জোর একটি বেলুন বাঁশি আর প্লাস্টিকের চশমা। লম্বা একটি পাঁপড়-ভাজা হাতে ধরিয়ে দিয়ে আমার বড় ভাই বলতেন, ‘খেতে খেতে বাড়ি যা’। এভাবে অনেক কিছু না পাওয়ার বেদনা নিয়ে শুকনো পাঁপড় খেতে খেতে বাড়ি ফিরতাম। কৈশোরে সম বয়সী বন্ধুরা মিলে সারা দিন খেয়ে না খেয়ে মেলায় ঘুরতাম। তবে আমাদের প্রধান আকর্ষণ ছিল পুতুল নাচ। পুতুল নাচের সময় একটি বা দুটি মেয়েকে নাচানো হতো। কৈশোরে সেটাই ছিল মুগ্ধ হয়ে দেখার মতো আকর্ষণীয়। মেলায় যাত্রা পালাও হত। কিন্তু সেটা দেখার অনুমতি ছিল না। আমরা বন্ধুরা গোপনে যাত্রা দেখতাম। মাঝির মেয়ে, সিঁদুর নিও না মুছে, উঁচু তলার মানুষ- এইসব যাত্রাপালা। আমরা চুপি চুপি পেছনে বসে যাত্রা দেখতাম। ধরাও পড়েছি। কিন্তু ঈদের দিনের কারণে মাফও পেয়েছি। কলেজে পড়ার সময় আমরা বন্ধুরা মিলে ঈদের সময় লিটল ম্যাগাজিন বের করলাম ‘ইদানিং কণ্ঠ’ নামে। লেখক সব আমাদের বন্ধুরা। ভুলে ভরা ম্যাগাজিন মেলার দোকানে ঘুরে ঘুরে বিক্রি করতাম। লাভের টাকা দিয়ে সবাই জিলাপি খেতাম। দুই বারের পর আমাদের এক বন্ধু সব টাকা মেরে দিল। শেষ হলো লিটন ম্যাগাজিন। লেখাপড়া শেষ করে ঢাকায় থিতু হওয়ার পর মেলার আকর্ষণ কমে গেল। তখন ঈদ মানেই বাড়ির ফেরার ভয়ংকর অভিজ্ঞতা। যমুনা সেতু তখনও হয়নি। তবুও হাজারো কষ্ট নিয়ে ঈদের জন্য বাড়ি আসতাম। এখন আমার সন্তান, ভাতিজা, ভাগনে ঈদ করতে গ্রামে আসে। তবে ওরা আর ঈদের চাঁদ দেখতে যায় না, তার বদলে টিভিতে খবর দেখে। নতুন পাঞ্জাবি পরে, কিন্তু চোখে সুরমা খুবই অপছন্দের। ঈদের নামাজ পড়ে ওরা বাসায় এসে ঘুমায়। কেউ ফোনে গল্প করে আর কেউ কানে হেডফোন লাগিয়ে গান শোনে। ঈদের মেলা এখনও আছে। কিন্তু তাদের কাছে সেটা গ্রাম্য সস্তা পণ্যের বাজার মাত্র।