সেই উসমানই অভিযুক্ত, আপত্তি পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ক্রয় বিভাগের ব্যবস্থাপক নারী মুক্তিযোদ্ধা আনোয়ারা আবেদীন চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া সেই উসমান গণিকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে গতকাল রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ অভিযোগপত্র দাখিল করেন। আজ সোমবার অভিযোগপত্র আদালতে উপস্থাপিত হওয়ার কথা রয়েছে বলে তদন্ত কর্মকর্তা জানান।অভিযুক্ত উসমান গণির (২২) বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার উত্তরহাটি এলাকার জানিগাঁও গ্রামে। উসমান আনোয়ারা আবেদীনের বাসায় ভাড়া থাকতেন। উসমান বর্তমানে জেলহাজতে।গত বছরের ৯ ডিসেম্বর বিকেলে আনোয়ারা আবেদীনের অর্ধগলিত লাশ নগরের লামাবাজার পুলেরপাড় এলাকার নিজ বাসা (নম্বর এ/৬) থেকে উদ্ধার করে পুলিশ। এ সময় বাসার দরজা বাইরে থেকে তালাবদ্ধ থাকায় ঘটনাটি নৃশংস খুন বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়।আনোয়ারা ওই বাড়িতে একা থাকতেন। তাঁর স্বামী, দুই ছেলে ও এক মেয়ে দেশের বাইরে বাস করেন। আনোয়ারা জাসদ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। মুক্তিযুদ্ধে তিনি ৪ নম্বর সেক্টরের অধীন যুদ্ধ করেন। আনোয়ারার যুক্তরাজ্যপ্রবাসী স্বামী সামসুল আবেদীন চৌধুরী দেশে ফিরে ১০ ডিসেম্বর দুপুরে সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। ১৬ ডিসেম্বর উসমান গণিকে গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় বাড়ি থেকে পুলিশ আনোয়ারার ব্যবহূত ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার করে। পরদিন সিলেটের বিচারিক হাকিম আবদুল মোমেনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে আনোয়ারাকে হত্যার দায় স্বীকার করেন তিনি। জবানবন্দিতে উসমান অভিযোগ করেন, আনোয়ারা আবেদীনের সঙ্গে তাঁর অনৈতিক সম্পর্ক ছিল। ঢাকায় একটি প্রশিক্ষণে আনোয়ারার সঙ্গে যেতে রাজি না হওয়ায় তিনি ক্ষুব্ধ হন। এ থেকে কথা-কাটাকাটি ও উত্তেজিত হয়ে রান্নাঘর থেকে চাপাতি এনে তিনি আনোয়ারাকে খুন করেন।তবে উসমানের সঙ্গে নিহত আনোয়ারার কথিত অনৈতিক সম্পর্কের কথা অভিযোগপত্রে বর্ণনা করা হলেও ময়নাতদন্ত প্রতিবেদনে এ ব্যাপারে তথ্য-প্রমাণাদি উপস্থাপন করা হয়নি। ময়নাতদন্তে চিকি ৎ সকের বরাত দিয়ে শুধু ‘কুপিয়ে হত্যা’ উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা খন্দকার নওরোজ আহমদ বলেন, ‘নারী মুক্তিযোদ্ধা হওয়ায় তদন্তকাজ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে করা হয়েছে। উসমান আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক যে জবানবন্দি দিয়েছিলেন, ওই আলোকেই অভিযোগপত্র তৈরি করা হয়েছে।’এদিকে পুলিশের এ অভিযোগপত্রে আনোয়ারার পরিবারের বিশ্বাসযোগ্যতা নেই বলে জানান তাঁর বড় ছেলে তৌহিদুল আবেদীন চৌধুরী। তিনি জানান, উসমান গণিকে পুলিশ গ্রেপ্তার করার পরপরই তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাঁরা। এ ব্যাপারে পুলিশের পদস্থ কর্মকর্তাদের কাছে পুনঃ তদন্ত দাবি করেছিলেন এবং তাঁদের আশ্বাসও দেওয়া হয়েছিল।তৌহিদুল আবেদীন প্রথম আলোকে বলেন, ‘পুনঃ তদন্তের দাবি জানানোয় পুলিশের ওপর মহল থেকে আমাদের আশ্বাসও দেওয়া হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি অনুমতিপত্রও আমাদের হাতে আছে। কিন্তু পুলিশের ওপর মহলের আশ্বাস আর নিচ থেকে তড়িঘড়ি করে অভিযোগপত্র দাখিল করার বিষয়টি আমাদের কাছে প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ অভিযোগপত্রের বর্ণনা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, আদালতে আমরা নারাজি দেব।’ এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশ কমিশনার অমূল্য ভুষণ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘অভিযোগপত্রের বর্ণনা যদি বাদীপক্ষের কাছে বিশ্বাসযোগ্য না হয়, তাহলে তারা আদালতে আপত্তি জানাতেই পারে। এটা তাদের আইনি অধিকার। আদালত চাইলে তখন পুনঃ তদন্ত হবে।’