সেই এয়ারবাসটি ফেরেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিমানের সেই এয়ারবাসটি এখনো দেশে ফেরেনি। পাঁচ মাস ধরে আটকা পড়ে আছে সিঙ্গাপুরে। আরেকটি উড়োজাহাজ (ডিসি-১০) প্রায় চার মাস ধরে পড়ে আছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে। ইঞ্জিন না থাকায় এটি সচল করা যাচ্ছে না। আর্থিক সংকটের কারণে বিমান ইঞ্জিন আনতে পারছে না। কবে নাগাদ এটি সচল হবে, তা-ও নিশ্চিত করে বলতে পারছে না কর্তৃপক্ষ। আরেকটি ডিসি-১০ মেরামতের অযোগ্য ঘোষণা করা হয়েছে।তবে পাঁচ মাস পর এয়ারবাসটির ব্যাপারে এখন বিমান কর্তৃপক্ষ বলছে, সিঙ্গাপুরের সঙ্গে রক্ষণাবেক্ষণ কাজ নিয়ে জটিলতা কেটেছে, শিগগির এটি বহরে ফিরবে। কিন্তু ওই এয়ারবাসটি রক্ষণাবেক্ষণ শেষে ৩৮ দিনের মধ্যে ঢাকায় ফেরার কথা ছিল। গতকাল শুক্রবার (১১ মে) পর্যন্ত পার হয়ে গেছে ১৫৪ দিন। বাড়তি ১১৬ দিন এয়ারবাসটি বসে থাকায় এ পর্যন্ত বাণিজ্যিকভাবে অন্তত সাড়ে ৪৭ কোটি টাকা ক্ষতির শিকার হয়েছে বিমান। বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তারা ফ্লাইট পরিচালন ব্যয় বাদ দিয়ে দৈনিক ৫০ হাজার মার্কিন ডলার রাজস্ব আয় ধরে এই হিসাব করেছেন। এভাবে যত দিন উড়োজাহাজটি পড়ে থাকবে, আর্থিক ক্ষতি ততই বাড়তে থাকবে।মন্ত্রণালয় সূত্র জানায়, চার-পাঁচ মাস ধরে রক্ষণাবেক্ষণের কাজ নিয়ে বাংলাদেশ বিমানের সঙ্গে সিঙ্গাপুর এয়ারলাইনস ইঞ্জিনিয়ারিং কোম্পানির টানাপোড়েন চলছে। কয়েক দফায় বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তারা আলোচনা করে সমাধানে পৌঁছাতে পারেননি। সর্বশেষ বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সচিব আতাহারুল ইসলাম গত ২৪ এপ্রিল ঢাকায় সিঙ্গাপুর এয়ারলাইনসের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন এবং সমঝোতায় পৌঁছান। এরপর এয়ারবাসটির রক্ষণাবেক্ষণ কাজ শুরু হয়। কাজ শেষ করতে আরও মাস খানেক লাগতে পারে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।জানতে চাইলে বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ নাসের উদ্দিন প্রথম আলোকে বলেন, এয়ারবাসটি নিয়ে জটিলতা কেটে গেছে। শিগগির এটি বহরে যুক্ত হবে বলে তিনি আশাবাদী। বিমানের প্রকৌশল শাখা সূত্র জানায়, এই এয়ারবাসটি (রেজি. এস-২ এডিকে) রক্ষণাবেক্ষণের জন্য সিঙ্গাপুরে পাঠানো হয় গত ৯ ডিসেম্বর। সিঙ্গাপুর এয়ারলাইনস ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিখিতভাবে বিমানকে জানায়, চুক্তি মোতাবেক এই উড়োজাহাজের নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের (সি-চেক) বাইরে আরও অনেক মারাত্মক ত্রুটি পাওয়া গেছে। অদক্ষ রক্ষণাবেক্ষণ ও নিয়মবহির্ভূত মেরামতের কারণে এটি ঘটেছে বলে মনে করে তারা। সিঙ্গাপুর এয়ারের মতে, কিছু ত্রুটি আছে, ঠিকভাবে নিয়মিত রক্ষণাবেক্ষণ হলে তা হওয়ার কথা নয়। তারা এয়ারবাসটি মেরামতের ক্ষেত্রে অতিরিক্ত কাজের জন্য বাড়তি অর্থ দাবি করে। বিমানের পরিচালক (প্রকৌশল) চুক্তির মধ্যে সব কাজ করে দিতে চাপ দেন। এতে সিঙ্গাপুর কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দিয়ে এয়ারবাসটি ফেলে রাখে।অবশ্য বিমানের পরিচালক (প্রকৌশল) উইং কমান্ডার আসাদুজ্জামান সিঙ্গাপুর এয়ারলাইনসের রক্ষণাবেক্ষণ-বিষয়ক অভিযোগ মানতে নারাজ। তিনি গত বুধবার এই প্রতিবেদককে বলেন, বিমানের প্রকৌশল শাখার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, তা ঠিক নয়। এ বিষয়ে কাগজপত্র নিয়ে প্রকাশ্যে বিতর্ক করার আগ্রহ ব্যক্ত করেন তিনি। তাঁর দাবি, ‘একটি মহল বিমানকে চুষে খেতে চায়, আমি তা হতে দেব না।’ তবে বিমানের একাধিক সূত্র জানায়, সিঙ্গাপুর এয়ারলাইনস এর আগে বিভিন্ন সময় বিমানের অনেক উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের কাজ করেছে। কখনো এমন পরিস্থিতির সৃষ্টি হয়নি। এর আগে আরেকটি এয়ারবাস (রেজি. এস-২ এডিএফ) গত বছরের ২৫ মে সিঙ্গাপুরে পাঠানো হয় একই রকম রক্ষণাবেক্ষণের জন্য। তাতেও একই রকম অনিয়ম পাওয়া যায়। সেটিও অতিরিক্ত ৬৩ দিন সিঙ্গাপুরে পড়ে থাকায় বিমানের ব্যবসায়িক ক্ষতি হয়েছিল পৌনে ২৬ কোটি টাকা। ইঞ্জিনের অভাবে বসে আছে ডিসি-১০: উড়োজাহাজের অভাবে বিমানের ফ্লাইটসূচি ঠিক রাখা দুরূহ হয়ে উঠেছে। ভাড়া করে একাধিক উড়োজাহাজ এনেও সামাল দেওয়া যাচ্ছে না। এর মধ্যে একটি ডিসি-১০ (রেজি. এস টু এসিপি) উড়োজাহাজ প্রায় চার মাস ধরে বিমানের প্রকৌশল হ্যাঙ্গারে পড়ে আছে। এটি রক্ষণাবেক্ষণের জন্য গত ফেব্রুয়ারির শুরুতে হ্যাঙ্গারে নেওয়া হয়।প্রকৌশল শাখার একটি সূত্র জানায়, বিমানের চারটি ডিসি-১০-এর মধ্যে একটিকে (এস টু এসিকিউ) মেরামতের অযোগ্য ঘোষণা করা হয়েছে। বাকি তিনটির মধ্যে হ্যাঙ্গারে পড়ে থাকা ডিসি-১০টির ইঞ্জিন খুলে অপর দুটি সচল রাখা হয়েছে। এটির চারটি ল্যান্ডিং গিয়ারও পাল্টাতে হবে। আর অপর দুটি ডিসি-১০-এর ইঞ্জিন মেরামতের জন্য জার্মানিতে পাঠানো হয়েছে। একজন কর্মকর্তা জানান, জার্মানিতে তিনটি ইঞ্জিন পাঠানো হয়েছে, যার দুটির কাজ অনেক আগে শেষ হয়েছে। কিন্তু অর্থের অভাবে বিমান তা আনতে পারছে না।