সেই ওসি ক্ষমা চাইলেন, পরে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর কোতোয়ালি থানার আলোচিত সেই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল ভূঁইয়া সাংবাদিকের গলা চেপে ধরার ঘটনায় ক্ষমা চেয়েছেন। আজ শুক্রবার বিকেল পাঁচটায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের বৈঠকে হাজির হয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন। এদিকে সাংবাদিকদের আল্টিমেটামের মুখে তাঁকে প্রত্যাহার করা হয়েছে।আবদুল জলিল সাংবাদিকদের বলেন, ‘আমি ওই সাংবাদিককে চিনতে পারিনি। সম্পূর্ণ অসাবধানতা ও ভুলবশত ঘটনাটি ঘটে গেছে। ওই ঘটনার জন্যে আমি আন্তরিকভাবে দুঃখিত।’ ওসি প্রতিশ্রুতি দিয়ে বলেন, যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুর্নীতি ও জনদুর্ভোগের বিষয়ে তিনি সতর্ক থাকবেন। পাসপোর্ট করতে গিয়ে মানুষ যাতে হয়রানি বা প্রতারণার শিকার না হয়, তার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার তিনি তা নেবেন বলেও জানান।এদিকে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, আবদুল জলিলকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তাঁকে খুলনা পুলিশ অফিসে সংযুক্তিরও নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকদের আল্টিমেটামের মুখে আজ সন্ধ্যা সাতটার দিকে ডিআইজি খুলনা অফিস থেকে প্রেরিত এক ফ্যাক্স বার্তায় এ খবর জানানো হয়। জেলা পুলিশ সুপার কামরুল আহসান আবদুল জলিলকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আবদুর রহমান নামের একজন ইন্সপেক্টরকে দায়িত্ব প্রদান করেছেন।আলোচিত এই ওসি এর আগে গত ১৭ মে হরতাল চলাকালে যশোর জেলা ছাত্রদলের এক নেতার গলা চেপে ধরেছিলেন। সেই ছবি পরের দিন প্রথম আলোর প্রথম পাতায় ছাপা হয়।গতকাল বৃহস্পতিবার যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের দুর্নীতি ও জনদুর্ভোগের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে একুশে টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি শিকদার খালিদ আবদুল জলিলের হাতে লাঞ্ছিত হন। এ ছাড়া কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম হাসান সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগাল করেন বলে অভিযোগ রয়েছে। প্রতিবাদে গতকালই সাংবাদিকেরা জরুরি বৈঠক করে। ওই বৈঠকে আগামী রোববারের মধ্যে সহকারী পরিচালক মাসুম হাসানকে অপসারণ ও ওসি আবদুল জলিল ভূঁইয়াকে নিঃস্বার্থ ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে আজকের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগাল করার জন্য যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম হাসানকে রোববারের মধ্যে অপসারণ করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।রোববার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ও যশোর জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে স্মারকলিপি ও সাংবাদিক নির্যাতন ও গালাগালের ভিডিও ফুটেজ পাঠানো হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়।