সেই ওসি হেলালের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরকে মারধর করা এবং তাঁর কাছ থেকে জোর করে মিথ্যা তথ্য আদায়ের চেষ্টার মামলায় খিলগাঁও থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসেইন অভিযোগ গঠিত হওয়ার এই আদেশ দেন। আদালত একই সঙ্গে ১১ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। আবদুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের ছাত্র। গত বছরের ১৫ জুলাই রাতে ইস্কাটন গার্ডেন রোডের খালার বাসা থেকে হেঁটে বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ফেরার পথে সেগুনবাগিচায় পুলিশ তাঁকে আটক ও নির্যাতন করে। পরদিন সকালে খিলগাঁও থানার তত্কালীন ওসি হেলাল উদ্দিন তাঁর কক্ষে নিয়ে কাদেরকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন। পরে পুলিশ তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুটি মামলা করে। এ ছাড়া মোহাম্মদপুর থানার একটি গাড়ি ছিনতাইয়ের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।এসব ঘটনা নিয়ে ‘প্রথম আলো’সহ বিভিন্ন দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন এবং ঘটনাটি তদন্তে কমিটি গঠনের নির্দেশ দেন। পরে মারধর ও নির্যাতন করে মিথ্যা তথ্য আদায়ের অভিযোগ এনে ওসি হেলাল উদ্দিনের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করা হয়। ঘটনার তদন্ত করে গত ২৮ মার্চ ওসি হেলাল উদ্দিনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। এ ছাড়া আবদুল কাদেরের বিরুদ্ধে করা পৃথক মামলায় কোনো সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় তাঁকে বাদ দিয়ে অভিযোগপত্র দেওয়া হয়।