পায়ে কোপ দিয়ে চাপাতির ধার পরখ করেছিলেন ওসি (ভিডিও)
সেই ওসির বিরুদ্ধে মামলা করলেন কাদের
খিলগাঁও থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদের। আইন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ও হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে আজ সোমবার তিনি এ মামলা করেন।আজ দুপুরে কাদের দুই বন্ধুকে নিয়ে খিলগাঁও থানায় গিয়ে মামলাটি করেন। থানার ওসির কক্ষে বসে কাদের সাংবাদিকদের কাছে সেদিনের ঘটনার বর্ণনা দেন। এ সময় কিছুটা বিমর্ষ ছিলেন তিনি। তিনি বলেন, ‘এখনো থানায় একা আসতে ভয় লাগে। তাই দুজন বন্ধুকে নিয়ে এসেছি।’খিলগাঁও থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, দণ্ডবিধির ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬ ও ৩৩১ ধারায় মামলাটি করা হয়েছে। মামলার একমাত্র আসামি সাবেক ওসি (বর্তমানে বরখাস্ত) হেলালউদ্দীন।দণ্ড বিধির ব্যাখ্যায় ৩২৩ ধারায় ইচ্ছা করে আঘাত করার শাস্তি, ৩২৪ ধারায় ইচ্ছা করে বিপজ্জনক অস্ত্র দিয়ে আঘাত করার শাস্তি, ৩২৫ ধারায় ইচ্ছা করে গুরুতর আঘাত করার শাস্তি, ৩২৬ ধারায় ইচ্ছা করে বিপজ্জনক অস্ত্র দিয়ে গুরুতর আঘাতের শাস্তি ও ৩৩১ ধারায় বলপূর্বক স্বীকারোক্তি আদায়ের জন্য ইচ্ছাপূর্বক আঘাত করার শাস্তির বিবরণ রয়েছে।মামলার এজাহারে কাদের উল্লেখ করেন, গত বছরের ১৫ জুলাই রাত দেড়টার দিকে ইস্কাটনে খালার বাসা থেকে হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ফিরছিলেন তিনি। সেগুনবাগিচার দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ের সামনে কয়েকজন সাদা পোশাকের পুলিশ হঠাত্ তাঁকে লাঠি দিয়ে আঘাত করেন। কাদের আঘাতের কারণ জানতে চেয়ে নিজের পরিচয় দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় পেয়ে পুলিশের সদস্যরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর পরের দিন সকাল পৌনে ১০টার দিকে খিলগাঁও থানার তত্কালীন ওসি হেলালউদ্দিন তাঁকে হাজতখানা থেকে নিজের কক্ষে নেন। ওসি জোর করে কাদের যা করেননি, সেসব বিষয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন। এ জন্য ওসি তাঁর পিঠে, পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর জখম করেন। একপর্যায়ে ওসি টেবিলে রাখা চাপাতি হাতে নিয়ে ‘দেখিতো চাপাতিতে ধার আছে কি না’ বলে তাঁর বাঁ পায়ের হাঁটুর নিচের পেশিতে কোপ মারেন।পরে আরও কয়েকজন অপরাধীর সঙ্গে কাদেরকে দুটি মামলায় আসামি করেন ওসি (এই দুটি মামলার তদন্তেই কাদের নির্দোষ বলে তথ্য এসেছে)। এরপর কাদের উচ্চ আদালতের দ্বারস্থ হন। বিষয়টি নিয়ে ব্যাপক তদন্ত হয়। সুপ্রিম কোর্ট এ বিষয়ে মামলা দায়েরের নির্দেশ দিয়ে কাদের মামলাটি করেন বলে এজাহারে উল্লেখ করেন।এর আগে কাদেরকে চাপাতি দিয়ে কোপানোর অভিযোগের সত্যতা পাওয়ায় আইন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনে ওসি হেলালউদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সুপারিশ করা হয়েছিল। আদালত ১১ ডিসেম্বর পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।মামলার পর কাদের বলেন, তিনি এখন পুরোপুরি পড়াশোনায় মনোনিবেশ করতে চান। কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ছাত্র।