সেই ওসির বিরুদ্ধে মামলা করলেন কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিলগাঁও থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদের। আইন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুপারিশ ও হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার কাদের খিলগাঁও থানায় এ মামলা করেছেন।গতকাল দুপুরে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে খিলগাঁও থানায় যান কাদের। মামলা করার পর থানার বর্তমান ওসি সিরাজুল ইসলাম শেখের কক্ষে বসে কাদের সাংবাদিকদের কাছে সেই দিনের ঘটনার বর্ণনা দেন। এ সময় কাদের প্রথম আলোকে বলেন, ‘এখনো থানায় একা আসতে ভয় লাগে। তাই দুজন বন্ধু নিয়ে এসেছি।’থানার বর্তমান ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, দণ্ডবিধির ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬ ও ৩৩১ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলার একমাত্র আসামি সাবেক ওসি (বর্তমানে বরখাস্ত) হেলালউদ্দিন।দণ্ডবিধির ব্যাখ্যায় ৩২৩ ধারায় ইচ্ছা করে আঘাত করা, ৩২৪ ধারায় ইচ্ছা করে বিপজ্জনক অস্ত্র দিয়ে আঘাত করা, ৩২৫ ধারায় ইচ্ছা করে গুরুতর আঘাত করা, ৩২৬ ধারায় ইচ্ছা করে বিপজ্জনক অস্ত্র দিয়ে গুরুতর আঘাত ও ৩৩১ ধারায় বলপূর্বক স্বীকারোক্তি আদায়ের জন্য ইচ্ছাপূর্বক আঘাত করার শাস্তির বিবরণ রয়েছে।মামলার এজাহারে প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ছাত্র কাদের অভিযোগ করেন, গত ১৫ জুলাই রাত দেড়টার দিকে ইস্কাটনে খালার বাসা থেকে হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ফিরছিলেন তিনি। সেগুনবাগিচার দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ের সামনে কয়েকজন সাদা পোশাকের পুলিশ হঠাৎই তাঁকে ধরে লাঠি দিয়ে একটি আঘাত করে। কাদের আঘাতের কারণ জানতে চান এবং নিজের পরিচয় দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় পেয়ে ওই পুলিশ সদস্যরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাঁকে ধরে নিয়ে যান। পরের দিন সকালে কাদেরকে হাজতখানা থেকে খিলগাঁও থানার তৎকালীন ওসি হেলালউদ্দিন নিজের কক্ষে নেন এবং কাদের যা করেননি, জোরপূর্বক ওই সব বিষয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন। এ জন্য ওসি পিটিয়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে কাদেরকে মারাত্মক জখম করেন। পরে আরও কয়েকজন অপরাধীর সঙ্গে কাদেরকে দুটি মামলায় আসামি করেন ওসি (পরে এই দুটি মামলার তদন্তেই কাদের নির্দোষ প্রমাণিত হন)। গাড়ি ছিনতাই মামলা থেকে কাদেরের অব্যাহতিএদিকে গতকাল কাদেরকে মোহাম্মদপুর থানার গাড়ি ছিনতাইয়ের মামলা থেকে কাদেরকে অব্যাহতির আদেশ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম এম এ সালাম।