২০০৮ সালের ১৪ মে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে আন্তনগর উপকূল ও চট্টগ্রাম মেইল ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১০ জন যাত্রী প্রাণ হারান। তাঁদের মধ্যে ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই ইউনিয়নের ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া গ্রামের হোসেন মিয়া (৩৫)। তিন ছেলে ও চার মেয়ে নিয়ে স্ত্রী জাহেদা বেগম এখন অসহায়। ছেলের মৃত্যুর খবরে মা নতুন্নেছা ওরফে মাস্টার বিবি হূদেরাগে আক্রান্ত হয়ে এখন পক্ষাঘাতগ্রস্ত। সরকারের বিভিন্ন দপ্তরে ছোটাছুটি করে দেড় বছর পর রেলওয়ে থেকে এককালীন ১০ হাজার টাকা ক্ষতিপূরণ পেতে সক্ষম হন জাহেদা। এই ১০ হাজার টাকা ওঠাতে খরচ হয়ে যায় চার হাজার টাকা। পরিবারটি এখন পুরোপুরি অন্যের করুণার ওপর নির্ভরশীল।১২০ বছর আগে, ব্রিটিশ আমলেও ট্রেন দুর্ঘটনায় নিহতের ক্ষতিপূরণ দেওয়া হতো ১০ হাজার টাকা। ব্রিটিশ গেল, পাকিস্তান পার হয়ে স্বাধীন বাংলাদেশেও ক্ষতিপূরণের অঙ্ক একই আছে। রেলওয়ের একজন কর্মকর্তা বলেন, সে সময়ের জীবনযাত্রা বিবেচনায় ব্রিটিশ আমলে যে ক্ষতিপূরণ দেওয়া হতো, তাতে ক্ষতিগ্রস্ত পরিবারের আর্থিক সংকট থাকলে তা অন্তত ঘুচে যেত। কিন্তু এখন এই টাকাটা একটা আনুষ্ঠানিকতা মাত্র।আশার কথা, সরকারের বোধোদয় হয়েছে। নরসিংদীতে রেল দুর্ঘটনায় ১১ জন প্রাণ হারানোর পর যোগাযোগ মন্ত্রণালয় ওই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার ইফতেখার হায়দারকে প্রধান করে তিন সদস্যের কমিটি করেছে সময়োপযোগী ক্ষতিপূরণ নির্ধারণের জন্য। কমিটির অন্য দুজন সদস্য হলেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক অর্থ ও অপারেশন। কমিটিকে ভারত, পাকিস্তান, মিয়ানমার ও শ্রীলঙ্কার রেলওয়ের ক্ষতিপূরণ আইন পর্যালোচনা করে ক্ষতিপূরণের পরিমাণ প্রস্তাব করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিকে আরও বলা হয়েছে, নরসিংদীতে নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ কীভাবে বাড়িয়ে দেওয়া যায়, তা ভেবে দেখার জন্য। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বাড়তি অর্থ দেওয়া যায় কি না, তাও খতিয়ে দেখার কথা বলা হয়েছে।রেলওয়ে সূত্রে জানা গেছে, ১৮৯০-এর দশকের শুরুতে ব্রিটিশ শাসকেরা রেল দুর্ঘটনায় নিহত ও আহত যাত্রীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আইন করেন। আইনে ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে জনপ্রতি ১০ হাজার টাকা এবং আহতদের বেলায় শ্রেণীভেদে চার থেকে ছয় হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়। দীর্ঘ এক শতাব্দী পরও এ আইনে আর কোনো পরিবর্তন আসেনি।রেলওয়ের আইনে বলা হয়েছে, রেলওয়ের পরিচালনাগত কোনো ভুলে দুর্ঘটনা হলেই কেবল শুধু যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়া হবে। প্রকৃতিগত কোনো কারণে কিংবা অন্য কোনো কারণে দুর্ঘটনা হলে এবং যাত্রী মারা গেলে ক্ষতিপূরণ দেওয়া হয় না। রেলক্রসিংয়ে কেউ কাটা পড়লে সে ক্ষেত্রে লাশ সৎকারের জন্য ৮০০ থেকে এক হাজার ২০০ টাকা দেওয়ার বিধান আছে।রেলওয়ের কর্মকর্তারা বলেন, মূলত ক্ষতিপূরণ পেতে দেরি হওয়া বা হয়রানির মূলে রয়েছে লাশ চিহ্নিত করার জটিলতা। প্রথমে নিহত বা আহত ব্যক্তি ট্রেনের যাত্রী ছিলেন কি না এবং দুর্ঘটনা কার কারণে হয়েছে, তা নিশ্চিত হওয়ার পরই ক্ষতিপূরণ দেওয়া হয়। অবশ্য দাপ্তরিক জটিলতার কারণেও ক্ষতিপূরণ পেতে দেরি হয়।ভারতে ট্রেন দুর্ঘটনায় কোনো যাত্রী আহত হলে তাঁর চিকিৎসার জন্য পাঁচ হাজার রুপি এবং নিহত হলে সৎকারের জন্য ১৫ হাজার রুপি দেওয়ার আইন আছে। পরবর্তী সময়ে ক্ষতিপূরণ হিসেবে নিহত ব্যক্তির পরিবারকে চার লাখ রুপি দেওয়ার বিধান আছে। এমনকি দুর্ঘটনায় পড়ে একেবারে পঙ্গু হয়ে গেলে বা কাজ করার সামর্থ্য হারিয়ে ফেললে আহতদেরও চার লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা আছে ভারতীয় রেলওয়ের আইনে। এর বাইরে আহতদের শ্রেণীভেদে ৩২ হাজার থেকে তিন লাখ ৪০ হাজার রুপি পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয় ভারতে।সদ্য অবসরে যাওয়া ভৈরব রেলওয়ে স্টেশনের ইয়ার্ড ফোরম্যান জহিরুল ইসলাম বলেন, ‘স্বাধীনতার পর চালের কেজি যখন দুই টাকা, তখন চাকরি নিয়েছি। মাইনে পেতাম ৭৮ টাকা। ১৫ হাজার টাকার ওপরে বেতন তুলে অবসরে গেছি। ৭৮ টাকা থেকে ১৫ হাজার টাকায় বেতন গেলেও মৃত্যুর ক্ষতিপূরণ স্থির হয়ে আছে।’ক্ষতিপূরণ প্রাপ্তির বিড়ম্বনা ও পরিমাণ জেনে ক্ষোভ প্রকাশ করেছেন নরসিংদীর ট্রেন দুর্ঘটনায় ছেলে হারানো ভৈরব পৌর শহর জগন্নাথপুর এলাকার রাজিয়া বেগম। হকার ছেলে রাজীবের রোজগারে সংসার চলত। ছেলের মৃত্যুর পর এখন সাত সদস্যের সংসারে ছোট ছেলে ছাড়া আর কোনো উপর্জনক্ষম নেই। ছেলের মৃত্যুর ক্ষতিপূরণ বাবদ ১০ হাজার টাকা পেতে পারেন জেনে রাজিয়া বেগম বলেন, ‘টেরেনওলারা আমার ছেলের আত্মা নিয়া ১০ হাজার টেহা দিব? এ টেহা দিয়া কী করুম। আমার সংসারের সুখ গেছে।’ বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাজমুল হোসেন বলেন, ‘আমরা এই জায়গায় এসে আটকে গেছি। ব্রিটিশ আমলের ১০ হাজার টাকার সঙ্গে আজকের ১০ হাজার টাকার তুলনা করা যায় না। কয়েক বছর আগে জনপ্রতি এক লাখ টাকা উল্লেখ করে প্রস্তাব পাঠানো হয়েছিল। বিষয়টি সুরাহা হয়নি।’মুঠোফোনে কথা হয় রেলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ফেরদৌস আলমের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, সময়ের দিক দিয়ে বিবেচনা করলে বিষয়টি খুব বেখাপ্পা। আইনটি পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, পাঁচ-ছয় বছর আগে একবার একটি প্রস্তাব তৈরি হয়েছিল। বিষয়টি আর আগায়নি। ক্ষতিপূরণ পেতে বিড়ম্বনার বিষয়ে তিনি বলেন, নিহত ব্যক্তির ক্ষতিপূরণের টাকা পেতে তিন মাসের বেশি সময় লাগার কথা নয়। ব্যক্তি চিহ্নিত করতে গিয়ে সময় বেশি লেগে যায়।