সেই কিশোরীকে চিকিৎসা দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়ার সেই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কিশোরীর শারীরিক ও মানসিক চিকিত্সার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের খাসকামরায় এ বিষয়ে শুনানি হয়। এরপর বিচারপতিরা এজলাসে গিয়ে এ আদেশ দেন।আদালত বলেছেন, সার্বিক বিষয়টি তত্ত্বাবধান করবে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। পরবর্তী আদেশের জন্য বিষয়টি ২৪ জানুয়ারি কার্যতালিকায় আসবে।বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলীর করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আজ সকাল সাড়ে ১০টায় নির্যাতিত ওই কিশোরীকে আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছিলেন। এ নির্দেশ অনুসারে সকালে কাপাসিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন নির্যাতিত ওই কিশোরীকে নিয়ে আদালতে হাজির হন। পরে খাসকামরায় ১১টা পাঁচ মিনিট থেকে আদালত ২০ মিনিট মেয়েটির বক্তব্য শোনেন।আদালত সূত্র জানায়, এ সময় ওই কিশোরী ছাড়া রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী সালমা আলী, ফাওজিয়া করিম ফিরোজ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন। কিশোরীর বক্তব্য শোনার পর সাড়ে ১১টায় দুই বিচারপতি এজলাসে গিয়ে এ আদেশ দেন। ১১টা ৩৫ মিনিটের দিকে ওসি কামাল হোসেন ওই কিশোরীকে নিয়ে হাসপাতালের উদ্দেশে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।গাজীপুরের কাপাসিয়ার আওয়ামী লীগ নেতা কাজল মোল্লার ঢাকার বাসায় গৃহকর্মীর কাজ করার সময় ওই কিশোরী ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে গত বৃহস্পতিবার কাপাসিয়া ইউপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেয়েটি ‘তেমন কিছু হয়নি’ বলে জানিয়েছে। ওই নেতা মেয়েটিকে দিয়ে এ সংবাদ সম্মেলন করিয়েছেন বলে এলাকাবাসীর অনেকে অভিযোগ করেন। এলাকার কেউ কেউ অভিযোগ করেন, ঢাকার মিরপুরে কাজল মোল্লার বাসায় কাপাসিয়ার এক দরিদ্র দিনমজুরের ওই মেয়ে (১৬) গৃহপরিচারিকা হিসেবে করে। এ সময়ে গৃহকর্তা তাকে ধর্ষণ করেন এবং তাঁর স্ত্রী মেয়েটির ওপর নির্যাতন চালান। মেয়েটির দুই হাত কবজি পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় বাথরুমে আটকে রাখা হয়। শেষ পর্যন্ত ৭ জানুয়ারি রাতে কাজলের লোকজন মুমূর্ষু অবস্থায় গাড়িতে করে এনে তাকে কাপাসিয়ার বড়টেক গ্রামের আসাদুজ্জামানের বাড়ির কাছে ফেলে যায়। পরে চিত্কার শুনে ওই গ্রামের বাসিন্দারা মেয়েটিকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেন।