সেই গাড়ি অবশেষে উদ্ধার, ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর থেকে ছিনতাই হওয়া পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শককে (অতিরিক্ত ডিআইজি) বহন করা গাড়িটি অবশেষে উদ্ধার করা হয়েছে। মোহাম্মদপুরের বছিলা সেতুর কাছে গতকাল শুক্রবার ভোরে গাড়িটি উদ্ধারের সময় ‘বন্দুকযুদ্ধে’ নজরুল ইসলাম (২৬) নামের এক যুবক নিহত হন বলে পুলিশ জানিয়েছে।পুলিশের অভিযোগ, অতিরিক্ত ডিআইজি আবু মুসা মোহাম্মদ ফখরুল ইসলামকে বহনকারী গাড়িটি গত ৮ মার্চ ভোরে খিলজি রোড থেকে নজরুল তাঁর দল নিয়ে ছিনতাই করেছিলেন। তবে নজরুলের স্বজনেরা এ অভিযোগ অস্বীকার করে বলেন, কয়েকজন সন্ত্রাসীর যোগসাজশে তাঁকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে।পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ভোর চারটার দিকে মোহাম্মদপুর থানার পুলিশের একটি দল আল্লাহ করিম জামে মসজিদের মোড়ে নম্বরবিহীন একটি গাড়ি দ্রুত বেগে যেতে দেখে। গাড়িতে তিন-চারজন ছিল। পুলিশের থামার সংকেত অমান্য করে গাড়িটি বছিলা সেতুর দিকে যেতে থাকে। পুলিশ বিষয়টি আশপাশে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে গাড়িটি ধাওয়া করে। একপর্যায়ে গাড়িটি সেতুর দক্ষিণ পাশের সড়কে খুঁটিতে লেগে বন্ধ হয়ে যায়। এ সময় গোয়েন্দা (ডিবি) পুলিশ ও র‌্যাব-২-এর দুটি দলও ঘটনাস্থলে পৌঁছায়। যুবকেরা গাড়ি থেকে নেমে পুলিশ-র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তারাও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর সড়কের পাশে গুলিবিদ্ধ এক যুবককে হাতে পিস্তলসহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ-র‌্যাব নিশ্চিত হয়, নিহত যুবকের নাম নজরুল ইসলাম। ঘটনাস্থল থেকে ওই গাড়ি, পিস্তলের নয়টি গুলি, দুটি ছোরা, একটি সংকেত বাতি ও ছয়টি গুলির খোসা উদ্ধার করা হয়। নজরুলের সঙ্গে থাকা যুবকেরা পালিয়ে যান।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, নজরুল তাঁর দল নিয়ে গাড়িটি ছিনতাই করেছিলেন। গাড়ির মালিক অতিরিক্ত ডিআইজির ভাগনে (ভায়রার ছেলে)। উদ্ধারের পর গাড়িটি থানায় নেওয়া হয়। থানায় গিয়ে দেখা যায়, গাড়ির সামনের বাঁ পাশ দুমড়ানো।দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বছিলা সেতুর পূর্ব পাশের সড়কের দক্ষিণে নিচে রক্তের শুকনো দাগ। চারদিকে ইট দিয়ে ঘেরা। স্থানীয় এক দোকানি জানান, রাতে তিনি কয়েকটি গুলির শব্দ শুনেছেন, ভয়ে বের হননি।ওই অভিযানে থাকা ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মশিউর রহমান জানান, নজরুল দুর্ধর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর, ধানমন্ডি, রমনা ও বাড্ডা থানায় ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে মোট ছয়টি মামলা রয়েছে। ঢাকা মহানগরের গাড়ি ছিনতাইয়ের ৮০ শতাংশ নিয়ন্ত্রণ করেন তিনি। তিনি জানান, তাঁর ধারণা, পুলিশ ধাওয়া করার আগে কোথাও গাড়িটি দুর্ঘটনায় পড়ে দুমড়ে গেছে।লাশের সুরতহাল করা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিউদ্দিন খান বলেন, নজরুলের ডান বুকে দুটি ও পিঠে দুটি গুলির ছিদ্র পাওয়া গেছে।খবর পেয়ে গতকাল ঢাকা মেডিকেল কলেজ মর্গে যান নজরুলের স্ত্রী সুরভি বেগম, বোন ফাতেমা বেগমসহ পরিবারের সদস্যরা। লাশ দেখে তাঁরা কান্নায় ভেঙে পড়েন। ফাতেমা বলেন, নজরুল আগে ছিনতাই-ডাকাতি করলেও পাঁচ-ছয় মাস আগে ছেড়ে দিয়েছেন। খারাপ সঙ্গ থেকে ভাইকে দূরে রাখতে কয়েক মাস আগে তাঁরা মোহাম্মদপুর ছেড়ে নবাবগঞ্জে চলে যান। সেখানে নজরুল কাপড়ের ব্যবসা শুরু করেন এবং ১৫ জানুয়ারি তাঁর বিয়ে হয়।নজরুলের মামাশ্বশুর ফুয়াদ হাসান জানান, অপরাধ কর্মকাণ্ড ছেড়ে দেওয়ায় টুন্ডা মাসুদ ও তাঁর সহযোগীরা নজরুলকে হুমকি দিতেন। টুন্ডা মাসুদের সহযোগী মিঠু গত বুধবার নজরুলকে মোটরসাইকেলে করে নবাবগঞ্জ থেকে ঢাকায় নিয়ে আসেন। নজরুল মুঠোফোনে বিষয়টি আগেই তাঁকে জানালে তিনি মালিবাগে তাঁর বাসায় যেতে বলেন। কিন্তু বুধবার বেলা আড়াইটার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ‘ক্রসফায়ারে’ তাঁর মৃত্যুর খবর পাওয়া যায় শুক্রবার দুপুরে। মর্গে পুলিশ জানায়, বুধবার রাতে নজরুলসহ কয়েকজনকে মোটরসাইকেলসহ বিজয় সরণি এলাকা থেকে গ্রেপ্তার করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।ফুয়াদ হাসান অভিযোগ করেন, অপরাধজগৎ ছেড়ে দেওয়ায় সন্ত্রাসীদের যোগসাজশে নজরুলকে থানা থেকে নিয়ে হত্যা করা হয়েছে। তাঁরা এ ব্যাপারে আইনের আশ্রয় নেবেন।তবে এসব অভিযোগ অস্বীকার করে মোহাম্মদপুর থানার ওসি বলেন, গতকাল ভোরের ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে।