সেই গাড়িতে পিএস আর চড়ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রীর একান্ত সচিব (পিএস) সোহরাব হোসেন চট্টগ্রাম বন্দর থেকে নেওয়া পাজেরো জিপটি আর ব্যবহার করছেন না। এটি এখন বন্দর কর্তৃপক্ষের ঢাকা লিয়াজোঁ অফিসে পড়ে আছে। তিনি পরিবহন পুল থেকে নেওয়া মাইক্রোবাস ব্যবহার করছেন।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের টাকায় কেনা এ পাজেরো জিপটি নৌমন্ত্রীর পিএসের ব্যক্তিগত ও পারিবারিক ব্যবহারের জন্য গত ২৪ জুলাই ঢাকায় পাঠানো হয়। এর আগে বন্দর কর্তৃপক্ষের কাছে তিনি একটি গাড়ি চেয়ে চিঠি পাঠান।গত শুক্রবার প্রথম আলোতে ‘বন্দরের পাঁচটি গাড়ি ভাগাভাগি, মন্ত্রীর পিএসের দখলে একটি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সূত্র মতে, ওই প্রতিবেদন প্রকাশ হওয়ার পর এ নিয়ে নৌমন্ত্রী শাজাহান খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রণালয়ের একজন পদস্থ কর্মকর্তা প্রথম আলোকে জানান, পিএস যে পাজেরো জিপ ব্যবহার করছেন, তা মন্ত্রীর জানা ছিল না। পরে পিএসকে আর জিপটি ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়।জানতে চাইলে নৌপরিবহনমন্ত্রীর পিএস সোহরাব হোসেন গতকাল রাতে প্রথম আলোকে বলেন ‘আমাকে ক্ষমা করবেন, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।’বন্দর কর্তৃপক্ষের ঢাকা লিয়াজোঁ কর্মকর্তা ওয়াহিদ সিকদার এ বিষয়ে প্রথম আলোকে বলেন, মঙ্গলবার পিএস জানিয়েছেন, তিনি আর গাড়িটি ব্যবহার করবেন না।তাহলে এখন গাড়িটি কী করা হবে, জানতে চাইলে লিয়াজোঁ কর্মকর্তা বলেন, বন্দর কর্তৃপক্ষ যখন চাইলেই গাড়িটি ফেরত পাঠানো হবে।