সেই গ্রেটব্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সবচেয়ে সাম্প্রতিক বিষয় দিয়েই শুরু করি, নিউজিল্যান্ডের কোচের কাজ কতটা উপভোগ করছেন?মার্ক গ্রেটব্যাচ: খুব। দারুণ চ্যালেঞ্জিং কাজ, আর চ্যালেঞ্জটা আমি উপভোগ করি। দারুণ সব ক্রিকেটার আছে আমার দলে। আমার ছেলেরা মানুষ হিসেবেও খুব ভালো। সবচেয়ে বড় কথা, কোচিংয়ের মাধ্যমে এখনো আমি খেলাটার সঙ্গে যুক্ত থাকতে পারছি। খেলাটার সঙ্গে যুক্ত থাকার অনেক পথই তো আছে—ধারাভাষ্য দেওয়া, কলাম লেখা। কোচিংকেই কেন বেছে নিলেন?গ্রেটব্যাচ: ওই যে বললাম, আমি চ্যালেঞ্জ ভালোবাসি। ওসবে চ্যালেঞ্জ আছে নাকি? ক্রিকেট আমি এখনো ভীষণ ভালোবাসি, খেলাটার জন্য আমার প্রচণ্ড আবেগ। তা ছাড়া খেলা ছাড়ার এত দিন পরও আমি দেশকে ম্যাচ জেতানো, দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছি, এটা তো বড় একটা পাওয়া। দলের দায়িত্ব নিয়ে প্রথমেই বলেছিলেন, ব্যাটিংয়ে উন্নতিই করাটাই প্রথম লক্ষ্য। ব্যাটিংয়েই কেন এত জোর দিলেন?গ্রেটব্যাচ: আসলে খেলাটার প্রতিটি বিভাগই গুরুত্বপূর্ণ। কিন্তু শেষ পর্যন্ত ব্যাটিং অনেক সময়ই পার্থক্য গড়ে দেয়। গত বেশ কয়েক বছরে খেয়াল করে দেখবেন, ব্যাটিংটা ধারাবাহিক নয় বলে আমাদের অনেক খেসারত দিতে হয়েছে। ব্যাটিং ভালো হলে আমরা আরও অনেক ম্যাচ জিততে পারতাম। উন্নতির প্রসঙ্গ যখন উঠল, আপনার ক্যারিয়ারের শুরু তো ছিল ‘উন্নত’—অভিষেক টেস্টে সেঞ্চুরি, পরের টেস্টে ফিফটি। প্রথম বিদেশ সফরে ভারতের বিরুদ্ধ কন্ডিশনে অপরাজিত ৯০। দলে ডাক পাওয়ার পর কি ভাবতে পেরেছিলেন এমন শুরু হবে?গ্রেটব্যাচ: সেটা কি কেউ ভাবতে পারে? দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছি, এই উত্তেজনায়ই বুঁদ ছিলাম। শুধু মাথায় ছিল, যে করেই হোক, রান করে দলে জায়গা পাকা করতে হবে। ভারত সফরটা খুব কঠিন ছিল। ২ টেস্টের অভিজ্ঞতা নিয়ে ভারতে গিয়েছিলাম। প্রচণ্ড গরম, স্লো উইকেট, ছাতার মতো ঘিরে থাকা ফিল্ডার—প্রথম দুই টেস্টে ভালো করতে পারিনি। নরেন্দ্র হিরওয়ানি, আরশাদ আয়ুবের বল বিশাল বাঁক নিচ্ছিল। ভেবেই পাচ্ছিলাম না কীভাবে খেলব। পরে বুঝতে পারলাম, বেশি রক্ষণাত্মক খেলা যাবে না। তার মানে খুব বেশি শট খেলা নয়, ইতিবাচক খেলা। ওভাবে খেলেই হায়দরাবাদে করলাম অপরাজিত ৯০। ওই ইনিংসটা আমার সেরা ইনিংসগুলোর একটি। সারা দিন ব্যাটিং করেছিলাম, চ্যাটফিল্ড আউট হয়ে যাওয়ায় সেঞ্চুরিটা হয়নি। এমন শুরুর পর রেকর্ডটা যেমন হওয়ার কথা ছিল, হলো না। টেস্টে গড় মাত্র ৩০, ৪১ টেস্টেই ক্যারিয়ার শেষ। আফসোস হয় না?গ্রেটব্যাচ: আমার ক্যারিয়ারে অনেক ওঠা-নামা ছিল। খেলাটাই এমন যে খারাপ সময় আসবেই। কারও খারাপ সময় দীর্ঘ হয়, কারও অল্পতে কেটে যায়। আমি ওসব নিয়ে ভাবতে চাই না। আমার ক্যারিয়ারে অনেক আলোকোজ্জ্বল অধ্যায় আছে। সেসবের সুখস্মৃতির কাছে না পারার হতাশাগুলো পাত্তা পায় না। সুখস্মৃতিগুলোর মধ্যে নিশ্চয়ই পার্থের ১৪৬ থাকবে। ১০ ঘণ্টা ৫৫ মিনিট উইকেটে থেকে, ৪৮৫ বল খেলে ম্যাচ বাঁচানো, মনে পড়ে সেই ইনিংসটার কথা?গ্রেটব্যাচ: মনে পড়বে না মানে, সব মনে আছে। হ্যাডলি ইনজুরিতে খেলতে পারল না, মরিসন ছিল তরুণ, কেয়ার্নসের অভিষেক। ডেভিড বুন ডাবল সেঞ্চুরি করল, ডিন জোন্স ৯৯। অস্ট্রেলিয়া করল ৫২০-এর মতো। আমরা গুটিয়ে গেলাম ২২১ রানে। আমি ৭৬ করেছিলাম, মার্টিন ক্রো ফিফটি। ফলো অনে পড়লাম, দুদিনের বেশি সময় ছিল। পার্থের উইকেট, ওরা চার পেসার নিয়ে খেলছিল, তার পরও ম্যাচটা বাঁচিয়ে ফেললাম। দ্বিতীয় ইনিংসে যখন উইকেটে গেলেন, এই বিশ্বাস কি ছিল যে ম্যাচ বাঁচাতে পারবেন?গ্রেটব্যাচ: আমি ঠিক করেছিলাম, হাল ছাড়ব না, দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকব। ছোট ছোট ধাপ ঠিক করে এগিয়েছিলাম। এক ওভার, চার ওভার, আধ ঘণ্টা, এক ঘণ্টা, একটা সেশন—এভাবে লক্ষ্য ঠিক করে করে এগোচ্ছিলাম। মনে আছে, সকালে আমি সাঁতার কেটে, নেটে ঘণ্টাখানেক ব্যাটিং করে নিজেকে প্রস্তুত করেছিলাম। মারার মতো অনেক বল পেয়েও লোভ সামলেছি। কাট শট তো খেলিইনি, নিজেকে বারবার শুধু বলেছি, ‘সোজা ব্যাটে খেলতে হবে।’ লম্বা সময় ব্যাটিং করার অভ্যাস আমার ছিল, তাই ধৈর্য কোনো সমস্যা ছিল না। অন্যরাও আমাকে ভালো সমর্থন দিয়েছে। শেষ স্বীকৃত ব্যাটসমান ক্রিস কেয়ার্নস আউট হওয়ার পরও তো অনেকটা সময় ছিল...গ্রেটব্যাচ: মার্ভ হিউজ আগুন ঝরাচ্ছিল, জিওফ লসন অনেক সুইং পাচ্ছিল। কিন্তু বোলার হয়েও মার্টিন স্নেডেন তিন ঘণ্টা উইকেটে কাটিয়ে দিল। অসংখ্যবার ওর গায়ে লেগেছে বল, কিন্তু ও দারুণ সাহস দেখিয়ে টিকে গেল।  অস্ট্রেলিয়ার বিখ্যাত স্লেজিংয়ের শিকার হননি?গ্রেটব্যাচ: হইনি আবার! অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ তো কান ঝালাপালা করে দিয়েছিল। কার্ল র‌্যাকেম্যানও ছিল স্লেজিংয়ের ওস্তাদ। আমি দু-একবার জবাব দিয়েছি, তবে বেশির ভাগ সময়ই এক কান দিয়ে শুনেছি, অন্য কান দিয়ে বের করে দিয়েছি। শুনেছি, ইনিংসটা নাকি আরেকজনের ট্রাউজার পরে খেলেছেন?গ্রেটব্যাচ: হা হা হা। পুরোটা নয়, কিছুটা। সম্ভবত শেষ দিনের ঘটনা। আর সবকিছু নিলেও কীভাবে যেন ট্রাউজারটা নিতে ভুলে গিয়েছিলাম। আমি আবার বিশালদেহী, কারওটাই পরতে পারি না। শেষে জন ব্রেসওয়েলেরটা কোনোমতে হলো, খুব আঁটোসাঁটো, তবু সেটা পরেই লাঞ্চ পর্যন্ত খেললাম। লাঞ্চের সময়ই আমারটা আনা হয়েছিল। ১৯৯২ বিশ্বকাপ, আপনার মাধ্যমে বিশ্ব দেখল নতুন এক ধারার ‘পিঞ্চ হিটিং।’ ৩০ গজের ওপর দিয়ে শট খেলার বুদ্ধিটা কার মাথা থেকে বের হয়েছিল?গ্রেটব্যাচ: মাঠে গিয়ে কাজটা যেহেতু আমি করেছি, কৃতিত্বটা আমারই পাওয়া উচিত, তাই না? অধিনায়ক মার্টিন ক্রো ও কোচ ওয়ারেন বার্ডসলি ভাবল, প্রতিপক্ষকে চমকে দেওয়ার জন্য কিছু একটা করা দরকার। ফিল্ডিং সীমাবদ্ধতাটা কাজে লাগানোর কথা ভাবল ওরা। কাজটা ছিল ঝুঁকিপূর্ণ, কিন্তু কাজে লেগে গেল।  প্রথম দুই ম্যাচে তো আপনি দলেই ছিলেন না। টেস্টেও খেলতেন ধীরগতিতে, আপনাকেই কেন বেছে নেওয়া হলো?গ্রেটব্যাচ: ঝুঁকি নিতে চাইতাম না বলে টেস্টে ওভাবে খেলতাম। সে সময় টেস্টটা ওভাবেই খেলা হতো। কিন্তু আমার হাতে শট ঠিকই ছিল, সেটা সবাই জানত। ফর্মে ছিলাম না বলে প্রথম দুই ম্যাচে বাদ পড়েছিলাম, জন রাইটের ইনজুরি সুযোগ করে দিল। কোচ-অধিনায়কও নতুন কিছু ভাবল। ভাবলাম, সুযোগটা কাজে লাগানো উচিত। প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬০ বলে ৬৮। পরের ম্যাচগুলোও ভালোই খেলেছিলাম। পিঞ্চ হিটিং চিনল সবাই। এরপর তো জয়াসুরিয়া, কালুভিতারানা, গিলক্রিস্ট, শেবাগ এটাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। টেস্টে ৪০ স্ট্রাইক রেট থেকে ওয়ানডেতে এমন মারমুখী...পরিবর্তনটা কী করে করেছিলেন?গ্রেটব্যাচ: সবকিছুই হয় মাথায়, মানসিকতাটা বদলানোই আসল কথা। শট খেলতে আমি জানি, শুধু কখন খেলতে হবে আর কখন হবে না, এটা বুঝতে হবে। ব্যাপারটা সুইচ অফ-অন করার মতো। আমি তা-ই করতাম। এমন বিশাল শরীর, তার পরও ফিল্ডিংটাও তো দারুণ করতেন!গ্রেটব্যাচ: ফিল্ডিং আসলে উপভোগের ব্যাপার। যে যত উপভোগ করবে, সে তত ভালো ফিল্ডার হবে। আমি উপভোগ করতাম, বিশেষ করে স্লিপ-ফিল্ডিং। নিউজিল্যান্ড ক্রিকেটে সব সময়ই দেখা যায়, অধিনায়কদের অনেক ক্ষমতা। মার্টিন ক্রো, স্টিভেন ফ্লেমিংয়ের ছিল, এখন আছে ভেট্টোরির। এটাকে কীভাবে দেখেন?গ্রেটব্যাচ: অধিনায়ক হলো জাহাজের নাবিকের মতো। আমরা শুধু সাহায্য করতে পারি, কিছু দিকনির্দেশনা দিতে পারি। মাঠে দলটাকে চালাতে হয় অধিনায়ককেই। তারই তো সবচেয়ে বেশি ক্ষমতা থাকা উচিত। ভেট্টোরির সঙ্গে আপনার রসায়ন তাহলে নিশ্চয়ই দারুণ?গ্রেটব্যাচ: আসলেই দারুণ। ড্যান অসাধারণ, সামনে থেকে নেতৃত্ব দেয়, ওর মতো ক্রিকেট-মস্তিষ্ক খুব কমজনেরই আছে।‘পিঞ্চ হিটিং’য়ের জনকমার্টিন ক্রোর ব্যাটিং আর উদ্ভাবনী অধিনায়কত্বে ১৯৯২ বিশ্বকাপে সাধারণ এক দল নিয়েও অসাধারণ হয়ে উঠেছিল নিউজিল্যান্ড। ব্যাটিং-বোলিং দুটোর সূচনাতেই প্রতিপক্ষকে চমকে দেওয়ার কৌশল নিয়েছিলেন ক্রো। বোলিং উদ্বোধন করিয়েছিলেন অফ স্পিনার দীপক প্যাটেলকে দিয়ে। মাত্রই প্রবর্তিত ১৫ ওভারের ফিল্ডিং বাধ্যবাধকতা কাজে লাগানোর জন্য বের করেছিলেন দারুণ এক বুদ্ধি। বল তুলে মারতে হবে ৩০ গজের ওপর দিয়ে, তাহলেই চার! এই কৌশল মাঠে বাস্তবায়নের দায়িত্ব পড়ল প্রথম দুই ম্যাচ দলের বাইরে থাকা মার্ক গ্রেটব্যাচের ওপর। নতুন দায়িত্বে প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬০ বলে ৬৮। শুরু হলো নতুন এক ধারা—‘পিঞ্চ হিটিং।’ গ্রেটব্যাচ হয়ে গেলেন পিঞ্চ হিটিংয়ের জনক। ৭ ম্যাচে করেছিলেন ৩১৩ রান, স্ট্রাইক রেট ৮৭.৯২। এখনকার তুলনায় এটা হয়তো খুব বেশি নয়, কিন্তু সে সময় এটাই ছিল প্রায় অবিশ্বাস্য। গ্রেটব্যাচের মারমুখী শুরু আর ক্রোর ধারাবাহিকতা নিউজিল্যান্ডকে তুলে দিয়েছিল সেমিফাইনালে। পার্থের সেই ইনিংসটেস্টের প্রায় দুই দিন বাকি থাকতে ফলো অন করতে নামল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ২৯০ রানের ঘাটতি, খেলা হচ্ছে পার্থের আগুনে উইকেটে এবং অস্ট্রেলিয়া দলে চার ফাস্ট বোলার। ১১ রানেই নিউজিল্যান্ডের ২ উইকেট পড়ে যাওয়ার পর এই টেস্ট চতুর্থ দিনেই শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু মার্ক গ্রেটব্যাচ যে তা মানতে রাজি হলেন না! মার্টিন ক্রো, জেফ ক্রো, ক্রিস কেয়ার্নসরা সঙ্গ দিয়েছেন; তবে আসল কাজটা করেছেন গ্রেটব্যাচই। এই বাঁহাতির ধৈর্য্য আর মনঃসংযোগের দেয়ালে নস্ফিল মাথা কুটে পড়েছে অস্ট্রেলীয় বোলারদের সব চেষ্টা। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩২২ রান তুলে নিউজিল্যান্ড যখন টেস্টটা বাঁচিয়ে ফেলল, গ্রেটব্যাচ অপরাজিত ১৪৬ রানে। রানটা আসল নয়, এই ইনিংসের মহিমা বুঝতে তাকাতে হবে বল আর মিনিটের দিকে। ৬৫৫ মিনিট উইকেটে থেকে ৪৮৫ বলের ওই ইনিংস ক্রিকেট ইতিহাসে নাম লিখিয়েছে ‘পার্থ এপিক’ নামে। পার্থ ১৯৮৯ বললেই তাই মনে পড়ে যায় মার্ক গ্রেটব্যাচের প্রায় দুই দিনের ওই লড়াই।