সেই চন্দরপলই...
টেস্টের অভিজাত ১০ হাজারি ক্লাবের নতুন সদস্য শিবনারায়ণ চন্দরপলকে নিয়ে লিখেছেন সিয়াম রহমানখারাপ স্কুলের ভালো ছাত্র! তা-ই হবেন হয়তো শিবনারায়ণ চন্দরপল। নইলে নিজেদের ফসিল হয়ে যে দেশ এখন র্যাঙ্কিংয়ের তলানিতে (বাংলাদেশ, জিম্বাবুয়ে ছাড়া), তাদেরই একজন টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান হন কীভাবে?১৯৯৪-এ আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার সময় চারপাশে ছিল ব্রায়ান লারা, কার্ল হুপার, কোর্টনি ওয়ালশ, কার্টলি অ্যামব্রোসের মতো তারাদের ভিড়। আর তিনি মিটমিটে প্রদীপ। গত দেড় যুগে বদলে গেছে ক্যারিবিয়ান ক্রিকেটের ছবিটা। এখন চন্দরপলই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জ্বলজ্বলে তারা, অন্যরা নিভু নিভু প্রদীপ! তবে একটা জিনিস এখনো আগের মতোই রয়ে গেছে চন্দরপলের। এই ৩৭ বছর বয়সেও অনুশীলনে আসেন সবার আগে, আর মাঠ ছাড়েন সবার শেষে। নিজেদের হারিয়ে খোঁজা ক্যারিবিয়ান ক্রিকেটের মশাল একা হাতে বয়ে নিয়ে যাওয়ার দুঃসাহস দেখান যিনি, তাঁকে তো বাড়তি পরিশ্রম করতেই হবে।এই পরিশ্রমেরই ফল পেয়েছেন টেস্টের ১০ হাজারি ক্লাবের নতুন সদস্য হয়ে। আর সেটা এই মেটাল যুগেও উচ্চাঙ্গসংগীতের রাগিণীতে! তাই বলে আবার ভাববেন না রাহুল দ্রাবিড়ের মতো ক্রিকেট ব্যাকরণের অনুগত ছাত্র চন্দরপল। বরং ব্যাকরণের সঙ্গে তাঁর ব্যাটিংয়ের তফাতটা উত্তর মেরু-দক্ষিণ মেরুর? প্রথাগত ধারায় নয়, অদ্ভুত স্টান্সে খেলেন চন্দরপল। তাতেই মধ্যবিত্ত সংসারের তেল, নুন, আদা, পেঁয়াজের সর্বোত্তম ব্যবহার করে চেষ্টা করে গেছেন সুস্বাদু রান্নার। লারার মতো বিরানি, পোলাও-কোরমা রাঁধার রাঁধুনি তিনি নন, সেটা ভালোই জানা চন্দরপলের।পরিসংখ্যানও সে কথাই বলছে। লারা যেখানে ১০ হাজার রানের সৌধে পৌঁছেছেন সবচেয়ে দ্রুত (টেন্ডুলকারের সঙ্গে যৌথভাবে) ১৯৫ ইনিংসে, সেখানে চন্দরপলকে খেলতে হয়েছে ২৩৯ ইনিংস, যা আবার এই তালিকায় নাম লেখানো ১০ ব্যাটসম্যানের মধ্যে দ্বিতীয় ধীরগতির। কেবল স্টিভ ওয়াহই এর চেয়ে পাঁচ ইনিংস বেশি খেলে ছুঁয়েছেন ১০ হাজার রানের মাইলফলক। এ ছাড়া গর্বের এই কীর্তি গড়তে রিকি পন্টিং ১৯৬, রাহুল দ্রাবিড় ২০৬, মাহেলা জয়াবর্ধনে ২১০, সুনীল গাভাস্কার ২১২, জ্যাক ক্যালিস ২১৭ আর অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার খেলেছিলেন ২৩৫ ইনিংস। টেস্টে স্ট্রাইক রেট বড় কোনো ব্যাপার নয়। তার পরও ১০ হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন ৪২.৬৭ স্ট্রাইক রেটটা হয়তো চন্দরপলের জন্য একটা অস্বস্তিরই। তার চেয়ে সামান্য কম ৪২.৫১ স্ট্রাইক রেট কেবল দ্রাবিড়ের।লারা নামের প্রখর সূর্যের আলোয় ক্যারিয়ারের শুরুতে অনুজ্জ্বলই মনে হয়েছে চন্দরপলকে। তবে লারার অবসরের পর এই বাঁহাতি বুঝিয়েছেন তিনি কী। খ্রিষ্টপূর্ব আর খ্রিষ্টাব্দের মতো লারার সময়ে আর লারার পরে—এই দুভাবে ভাগ করা যায় চন্দরপলের ক্যারিয়ারকে।১৪০ টেস্টের ক্যারিয়ারে লারার সঙ্গে তিনি খেলেছেন ৮৪ ম্যাচ। ৪৩.৬৭ গড়ে সে সময় করেছিলেন ৫৬৩৪ রান। লারার অবসরের পর টেস্ট গড় বেড়ে দাঁড়িয়েছে ৬১.৪০-এ। ২৫ সেঞ্চুরির ১৩টাই এসেছে লারা-পরবর্তী যুগে। এ থেকেই স্পষ্ট, লারার বিদায়ের পর দায়িত্ব ছেড়ে পালিয়ে না গিয়ে ক্যারিবিয়ান ক্রিকেটের ভারটা একার কাঁধেই বয়ে বেড়াচ্ছেন ৩৭ বছর বয়সী এই বাঁহাতি।অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ হওয়া তিন টেস্টের সিরিজটাও বলছে সে কথা। এই সিরিজে চন্দরপলের পাঁচটি ইনিংস ১০৩*, ১২, ৯৪, ৬৮ ও ৬৯। অর্থাৎ, ৮৬.৫০ গড়ে করেছেন সর্বোচ্চ ৩৪৬ রান। সেখানে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ১৮৪ রান ড্যারেন ব্রাভোর, গড় মাত্র ৩৬.৮০। প্রথমের সঙ্গে দ্বিতীয়ের ব্যবধানটা বুঝতেই পারছেন। অন্য সিরিজেও চন্দরপলের সঙ্গে ব্যবধানটা হয় কাছাকাছি এমনই। যে কারণে টেস্টের ১০ হাজারি ক্লাবে কিংবদন্তিদের তালিকায় নাম লিখিয়েও অদ্ভুত একটা রেকর্ডের ভাগীদার হতে হয়েছে তাঁকে। চন্দরপলের চেয়ে বেশি টেস্ট হারেননি আর কেউই! গত বছর ভারতের বিপক্ষে ২-০ ব্যবধানে হারা সিরিজে রেকর্ডটা হয়েছে চন্দরপলের। তিনি ভেঙেছিলেন আবার ব্রায়ান লারার রেকর্ড!লারার আরও একটা রেকর্ড ভাঙার ভালো সুযোগ রয়েছে চন্দরপলের। ব্যক্তিগত ১১৯৫৩ রানের মধ্যে হারা টেস্টে লারার রান ৫৩১৬, যা সর্বকালের সর্বোচ্চ। এই তালিকার দ্বিতীয় স্থানে চন্দরপল, রান ৪৪৪৬। ওয়েস্ট ইন্ডিজের যা ফর্ম, তাতে হয়তো খুব বেশি দিন লাগবে না লারার পেছনে পড়তে!টেস্টে লারার ব্যাটিং গড় ৫২.৮৮। প্রথম ইনিংসে বরাবরই বিধ্বংসী ছিলেন তিনি। ৪০০০ রান করেছেন ৭০.১৭ গড়ে। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাটিং গড় ৫৯.০১, তৃতীয় ইনিংসে ৪০.৪২ আর চতুর্থ ইনিংসে ৩৫.১২। চন্দরপল তৃতীয় (৪০.৯৭) আর চতুর্থ ইনিংসের (৪৩.৩৮) গড়ে পেছনে ফেলেছেন লারাকে। প্রথম ইনিংসে তাঁর ৬১.২১ গড়টাও শ্রদ্ধা করার মতোই।ক্যারিয়ারের ৬২টি সেঞ্চুরি পেরোনো জুটির নয়টিই লারার সঙ্গে গড়েছেন চন্দরপল। অনেক ম্যাচেই আবার লারার বড় রানের ইমারত তৈরি হয়েছে চন্দরপলের স্থিতধী ইনিংসের কল্যাণে। লারার ৩৭৫ রানের ইনিংসটির সময়ই যেমন পাশে দাঁড়িয়ে ২৬৪ মিনিটে দ্বিতীয় সর্বোচ্চ ৭৫* করেছিলেন চন্দরপল। আবার সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যান্টিগায় রেকর্ড ৪১৮ রান তাড়া করে জেতা ম্যাচটিতেও। দলের ভারটা পাহাড় হয়ে না দাঁড়ালে তিনিও যে ঝড় তুলতে পারতেন, সেটা বুঝিয়েছেন ২০০৩ সালে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে মাত্র ৬৯ বলে সেঞ্চুরি করে। এটা আবার টেস্ট ইতিহাসেরই চতুর্থ দ্রুততম সেঞ্চুরি। এমন একজন ব্যাটসম্যানকেও ক্রিজ আঁকড়ে নাছোড়বান্দার মতো পড়ে থাকতে হয় কেবল দলের স্বার্থেই। আর এ কারণেই লারার মতো মহানায়ক নন, ক্যারিবিয়ান ক্রিকেটে চন্দরপল চিরকালের ‘আনসাং হিরো’।