সেই চলেগেলে
‘মানুষটি খুব বেশি ভালোবাসতেন পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে। তাই তো আমার ছোট দেবরের বিয়ের পর মা যখন বললেন, আলাদা হয়ে যাওয়ার কথা, তখন তিনি মাকে বলেন, “এই পরিবারের সবাই আমার জীবনের একেকটি অংশ। এই সংসারকে বিচ্ছিন্ন করে আমি কখনো আলাদা থাকতে পারব না।” অথচ আজ তিনিই এভাবে সবাইকে ছেড়ে চলে গেলেন এ সংসার থেকে।’ কথাগুলো বলতে বলতে বাকরুদ্ধ হয়ে পড়েন এটিএন বাংলার জ্যেষ্ঠ ক্যামেরাম্যান শরিফুল ইসলাম মিঠুর স্ত্রী ফারজানা হোসেন। ৯ মে সকাল ১০টায় রোস্তমপুরের বেড়িবাঁধ সড়কের পাশের ঢাল থেকে উদ্ধার করা হয় শরিফুল ইসলামের লাশ। ছিনতাইকারীদের হাতে নির্মমভাবে নিহত হন এই গণমাধ্যমকর্মী। উত্তরার দক্ষিণখান এলাকায় কাওলাবাজার রেলগেট। এখান থেকে গাছপালায় ঘেরা ছায়া সুনিবিড় পথে রিকশা নিয়ে কিছুটা এগোলেই মধ্যনগর এলাকা। এখানেই ১৫৩২ নম্বর (পুরোনো) বাসার নিচতলায় দীর্ঘ নয় বছর বাস করছে শরিফুল ইসলাম মিঠুর পরিবার। বাসায় গিয়ে দরজার গ্রিল ধরে ধাক্কা দিতেই এক প্রৌঢ় মহিলার সঙ্গে দৌড়ে আসে ফুটফুটে একটি ছেলে। এটা মিঠু ভাইয়ের বাসা কি না, জানতে চাইলে ফুটফুটে ছেলেটি বলে, ‘আব্বু তো বাসায় নেই। মারা গেছেন। কয়েক দিন পর বাসায় আসবেন।’ প্রথম আলো থেকে এসেছি জানামাত্রই দরজা খুলে দিলেন প্রৌঢ় মহিলা। তিনি শরিফুল ইসলামের মা। আর ফুটফুটে মিষ্টি এই ছেলেটি মিঠুর ছোট ভাইয়ের ছেলে। বসার ঘরে বসতেই মিঠুর মা বলেন, ‘আমার ছেলেটার জান ছিল তার মেয়ে অদিতি আর ছোট ভাইয়ের ছেলে আহনাফ।’ তাদের দুজনকে ছাড়া বাড়িতে এক মুহূর্তও থাকতে পারতেন না মিঠু। ছোট ভাইয়ের ছেলে হলেও বড় চাচাকেই আব্বু বলে ডাকত আহনাফ। মৃত্যু কী, তা বোঝা সহজ নয় তিন বছরের এই ফুটফুটে শিশুটির। তাই সে ভাবে, আব্বু হয়তো কোথাও বেড়াতে গিয়েছে। আবার বাড়িতে ফিরে এসে ঠিকই বুকে জড়িয়ে ধরবে তাকে।এরই মধ্যে বসার ঘরে আসেন মিঠুর স্ত্রী ফারজানা হোসেন ও মেয়ে অদিতি। ছয় মাসের অন্তঃসত্ত্বা ফারজানা। ১১ বছর পর দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন তিনি। এর আগে তিনবার মিসক্যারেজ হয় তাঁর। এই নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলেন তাঁর স্বামী। ফারজানা বলেন, ‘প্রতিবারই আমার গর্ভে সন্তান এলে উচ্ছ্বসিত হয়ে পড়তেন মিঠু। কিন্তু এবার তিনি একেবারেই নিশ্চুপ ছিলেন। শুধু বলতেন, ও আগে সুস্থভাবে পৃথিবীতে আসুক, তারপর না হয় আনন্দ-উল্লাস করা যাবে। আমার সন্তান হয়তো সুস্থভাবে পৃথিবীতে আসবে, কিন্তু বাবার কোনো অস্তিত্ব থাকবে না তার কাছে।’ বাবার এই অস্বাভাবিক মৃত্যু মায়ের মতো কিছুতেই মেনে নিতে পারছে না অদিতি। বলল, ‘মা অসুস্থ থাকায় মা দিবসের কয়েক দিন আগে মাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে গিয়েছিলাম উত্তরার একটি দোকানে। বাসায় ফিরে বাবা যখন জানতে পারলেন এ কথা, তখন কৃত্রিম অভিমান করলেন আমার ওপর। বললেন, “বুঝেছি মাকেই তুমি বেশি ভালোবাসো।” তখন আমি বাবার গলা জড়িয়ে বলি, রাগ করছ কেন বাবা, সামনেই তো বাবা দিবস, তখন তোমার জন্য একটা সারপ্রাইজড গিফট আছে। কিন্তু এর আগে বাবাই আমাদের সারপ্রাইজ দিয়ে চলে গেলেন।’ পরিবারের প্রত্যেক সদস্য যাতে আনন্দে থাকে, সেই চেষ্টাই সব সময় করতেন মিঠু। মিঠুর ছোট ভাইয়ের স্ত্রী আবিদা বলেন, ‘ভাইয়া আমার সন্তান ও আমাকে এত বেশি ভালোবাসতেন যে সেটা চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। কোনো খাবার জিনিস বা অন্য কিছু বাড়িতে আনলে ভাবিকে জিজ্ঞেস করতেন, আবিদাকে দিয়েছ তো, ও খেয়েছে কি না, দেখেছ। ভাইয়ার জন্য ভাবি তো বটেই, আমিও বাবার বাড়ি যেতে পারতাম না। যেই তিনি শুনতেন, আমরা কোথাও যাচ্ছি, মুহূর্তেই মুখটা শুকনো হয়ে যেত তাঁর এই ভেবে যে, এই কদিন তো বাড়িটা ফাঁকা হয়ে থাকবে। আর যদি আমি কোথাও বেড়াতে যেতাম, তাহলে ভাবিকে অস্থির করে ফেলত আমাকে ফোন দিয়ে আহনাফের খবর নেওয়ার জন্য। হয়তো বা এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবেন দেখেই পরিবারের কাউকে ছাড়া এক মুহূর্ত থাকতে চাইতেন না।’ মেয়ের সঙ্গে সময় কাটাতে সবচেয়ে বেশি ভালোবাসতেন শরিফুল ইসলাম। মেয়েকে পছন্দের খাবার খাওয়ানো, জামা কিনে দেওয়া, গলা জড়িয়ে ধরে গল্প করা, এগুলো ছিল তাঁর কাছে বেশি আনন্দের। ‘মেয়ের কাছে বাবার ভালোবাসার তো কোনো তুলনা হয় না। তার পরও মিঠুর মেয়ের প্রতি স্নেহবোধ ছিল একটু বেশিই। মাঝেমধ্যে খুব রেগে যেতাম আমি, কারণ মেয়ে কোনো অন্যায় করলেও তাকে শাসন করত না সে। আমার মেয়ে আর ওর বাবার জন্মদিন ছিল একই দিনে (১৯ মার্চ)। তাই আমি মেয়েকে শাসন করলে ও বলত, “ও তো আমার একটা অংশ। ওকে এভাবে কিছু বোলো না।’’ এত বড় হয়ে যাওয়ার পরও মেয়েকে জড়িয়ে ধরে চুমু খেয়ে আবার কপালে থুথু দিত। বলত, বাবার নজর যেন না লাগে। হয়তো এত তাড়াতাড়ি চলে যাবে বলেই, মেয়েকে সারা জীবনের সব স্নেহ একসঙ্গে দিয়ে গেল সে।’ বলতে বলতে চোখ মোছেন ফারজানা। ১৫ বছরের সংসারজীবন মিঠু ও ফারজানার। বিয়ের আগে পাঁচ বছরের ভালোবাসার সম্পর্ক ছিল তাঁদের। সেখান থেকেই পারিবারিকভাবে পরিণয়। বেশ সুদর্শন ও আকর্ষণীয় ব্যক্তিত্ব ছিল শরিফুল ইসলামের, যে কারণে বেশ চুপচাপ স্বভাবের হলেও তাঁর নম্র ও ভদ্র ব্যবহার মন জয় করে নিত সবার। ফারজানা বলেন, ‘ওর পেশাটাই এমন ছিল যে সব সময়ই ব্যস্ত থাকতে হতো ওকে। সে জন্য কোনো পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়া হতো না ওর। শুক্রবার দিন আমার মা নববর্ষ উপলক্ষে সবাইকে খাওয়ার নিমন্ত্রণ দেন। সেদিন কি জানি মনে করে কাজ ফেলে মিঠুও যায় আমাদের সঙ্গে। কিছুদিন আগে শারজার খেলার নিউজ কাভারে গিয়েছিল মিঠু। গাড়িতে বসে সেখানকার গল্পই শোনাচ্ছিল আমাদের। এই ছিল তাঁর সঙ্গে আমাদের শেষ সামনাসামনি কথা বলা। এরপর দুপুরের খাওয়া শেষ হলে সে চলে যায় কাজে, আর আমিও চলে আসি মায়ের বাসায়। শনিবার রাতে ফোন দিলে মিঠু জানায়, মিরপুর স্টেডিয়ামে নিউজ কাভার করতে গিয়েছে সে। কাজ শেষ করেই বাসায় ফিরবে। প্রতিদিনই রাত দেড়টা থেকে দুইটার মধ্যে বাসায় ফিরত সে।’ সেদিন রাত তিনটা বাজলে চিন্তিত হয়ে পড়েন মিঠুর মা। ফোন দিলেও ফোন বন্ধ পান তিনি। পরক্ষণেই ভাবেন, মিঠু হয়তো তাঁর শ্বশুরের বাড়ি গিয়েছেন। কারণ অফিসের কাজ ছাড়া কখনোই অন্যত্র বাড়ির বাইরে রাত কাটান না তিনি। রাত বেশি হয়ে যাওয়ায় তিনি আর ফোন দেন না ছেলের শ্বশুরবাড়িতে। ভোরে ছেলের বৌকে ফোন দিলে তিনি জানান, মিঠু কাল রাতে তাঁদের বাসায় যাননি। এই কথা শুনে ছোট ছেলেকে ডেকে তোলেন মা। এরপর খোঁজ নেওয়া হয় সব জায়গায়। তারপর থানায় খবর দিলে পুলিশ তাঁদের তুরাগ থানায় একটি লাশ উদ্ধারের খবর জানায়। কিন্তু এ খবরটা সরাসরি জানানো হয়নি মিঠুর অন্তঃসত্ত্বা স্ত্রী ফারজানাকে। একবার তাঁকে জানানো হয়, মিঠু কাল রাতে বন্ধুর বাসায় ছিলেন, আবার তাঁকে জানানো হয়, মিঠু বিমানবন্দরের রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। ‘সড়ক দুর্ঘটনার কথা শুনেই আমি বুঝেছিলাম, মিঠু আর বেঁচে নেই। কিন্তু এ রকম নিষ্পাপ একটা মানুষকে এমন নৃশংসভাবে হত্যা করে ফেলে রাখবে, এমন কথা কল্পনায়ও আনতে পারিনি।’ বলেন ফারজানা। ছোট অদিতি বলে, ‘আমার বাবা তো কখনো কোনো অন্যায় করেনি, তাহলে আমার বাবাকে কেন এভাবে হত্যা করা হলো। এখন আমাদের কী হবে।’ যৌথ পরিবারে থাকলেও এখন কীভাবে চলবে এত বড় সংসার, এই ভেবে দিশেহারা হয়ে পড়েছেন মিঠুর স্ত্রী। ‘আমার দেবর কখনোই আমাদের ফেলে দেবে না। কিন্তু তারও তো সংসার আছে। একজনের আয়ে তো আর এত বড় সংসার চলতে পারে না।’ বলেন ফারজানা। তাই বড় মেয়ের পড়ালেখা এবং অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে কী করবেন, ভেবে পান না তিনি। তাই তো ছয় মাসের অন্তঃসত্ত্বা এই শরীরটা নিয়েই চাকরি খুঁজছেন ইডেন কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক পাস এই সদ্য স্বামীহারা ফারজানা। অবশ্য তিনি জানান, এটিএন বাংলা বলেছে, তাদের অফিসেই একটা চাকরির ব্যবস্থা করে দেবে। চাকরিটা না হলে কীভাবে যে কাটবে বাকি দিনগুলো, এই ভেবে শঙ্কিত হয়ে পড়েন তিনি।যে মানুষটি নিজের ক্যামেরা দিয়ে দৃশ্যায়ন করা সুন্দর ছবির মতো নিজ হাতে সুন্দর করে সাজিয়েছিলেন তাঁর পরিবারটিকে, তাঁর এই নির্মম মৃত্যুতে সেই সংসারটিতে নেমে এসেছে অনিশ্চয়তার ছায়া। মিঠুর পরিবারের এখন একটাই দাবি, ‘আমরা চাই এ হত্যাকাণ্ডের বিচার হোক। যাতে আমাদের মতো কারও সুখের সংসারে যেন দুঃখের ছায়া নেমে না আসে।’