সেই ছবি
বয়স তাঁকে কাবু করতে পারেনি। থামিয়ে দিতে পারেনি ছবি তোলার নেশা। তাই তো এখনো সময়-সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ক্যামেরা হাতে। চলতি পথে মনের মতো বিষয়বস্তু পেলেই হলো, ধরা পড়ে তাঁর ক্যামেরায়। বলছিলাম বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানমের কথা। ৭৪ বছর বয়সী এই আলোকচিত্রীর সঙ্গে কথা হয় তাঁর ঢাকার বনানীর বাসায়। ‘হাঁটুর ব্যথার কারণে সব সময় বের হতে পারি না। বেশি জনসমাগম হলে আগের মতো ঠেলাঠেলি করেও ছবি তোলা হয়ে ওঠে না। তবে ক্যামেরা ছাড়া নিজেকে ভাবতে পারি না। একটু বেলা করেই ঘুম থেকে ওঠার অভ্যাস আমার। নিজের কাজকর্ম সেরে হয়তো লেখালেখি নিয়ে বসি। কখনো ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ি। তিন মাস আগে স্মৃতির পথ বেয়ে নামক আত্মজীবনীমূলক একটি বই প্রকাশিত হয়েছে। এটি নিয়েও বেশ ব্যস্ত সময় পার করেছি।’ বললেন সাইদা খানম। তিনি বলেন, ‘এখনকার মেয়েরা ভালো কাজ করছে। আলোকচিত্রকে পেশা হিসেবেও নিয়েছে অনেকে। ওদের দেখে খুব ভালো লাগে। ওরা নানা প্রয়োজনে কিংবা নিছক গল্প করার জন্যও আমার কাছে আসে। আমার অভিজ্ঞতা ওদের জানাতে চেষ্টা করি। সব মিলিয়ে ভালোই আছি। যত দিন বেঁচে থাকব, তত দিন ছবি তুলে যাব। এটি করেই সবচেয়ে আনন্দ পাই আমি।’ এই আলোকচিত্রীর কাছে ক্যামেরাবন্দী হয়েছেন সত্যজিৎ রায়, মাদার তেরেসা। এ ছাড়া চাঁদে প্রথম পদার্পণকারী নিল আর্মস্ট্রং, অ্যাডউইন অলড্রিন ও মাইকেল কলিন্স, জয়নুল আবেদিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কাজী নজরুল ইসলাম, কবি জসীমউদ্দীনের নানা মুহূর্ত তাঁর ক্যামেরায় ধরা পড়েছে। সাইদা খানম ১৯৭১ সালেও হাতে তুলে নিয়েছিলেন ক্যামেরা। ফ্রেমবন্দী হয়েছে মুক্তিযুদ্ধের প্রস্তুতি, বিজয়ের দিন ও দেশের যুদ্ধ-পরবর্তী হতাহত মানুষের অবস্থা। তাঁরই তোলা এমন তিনটি ছবির গল্প তিনি জানালেন। ১৬ ডিসেম্বর‘মুক্তিযুদ্ধের নয় মাস আমরা ঢাকাতেই ছিলাম। ইস্কাটন গার্ডেনে ভাইয়ের সঙ্গে থাকতাম আমি। ভয়-আতঙ্কের দিন পার করে একসময় পেলাম মুক্তির স্বাদ। এল ১৬ ডিসেম্বর। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল (এখনকার শেরাটন) হোটেলের সামনে দেখতে যাই বিজয়ের মিছিল। একাই বেরিয়েছিলাম। দেখলাম, হোটেলের সামনে ভারতীয় ট্যাংক দাঁড়িয়ে আছে। মাঝেমধ্যে ট্রাকে করে মুক্তিযোদ্ধারা জয়ের উল্লাস করতে করতে যাচ্ছেন। হাতে তাঁদের অস্ত্র। অনেক মুক্তিযোদ্ধা স্টেনগান কাঁধে ঝুলিয়েও চারপাশে ঘুরছিলেন। সেদিন রাস্তায় নেমে এসেছিল সব বয়সের নারী-পুরুষ, শিশু। পরাজিত পাকিস্তানিদের নিজের চোখে দেখতে চায় তারা। একটু এগিয়ে গেলাম সামনে, রাস্তার পাশে কিছুটা দূরত্ব রেখে মূর্তির মতো দাঁড়িয়ে আছে ভারতীয় সেনা। ক্যামেরা সঙ্গে না আনার কারণে বাড়িতে ফিরে গেলাম। ক্যামেরা ও কয়েকজন সঙ্গীসহ আবার বের হলাম। হোটেলের চৌমাথায় গিয়ে দাঁড়ালাম। এদিক-সেদিক ঘুরে কয়েকটি ছবি তুলি। হঠাৎ আমার পরিচিত একটি ছেলে এসে বলল, ‘আপা, আপনারা চলে যান। ধানমন্ডিতে বিভিন্ন বাড়িতে ঢুকে পাকিস্তানি সৈন্যরা গুলি করছে।’ আমি রাস্তার দিকে তাকিয়ে দেখলাম দূর থেকে পাকিস্তানি সেনারা মার্চ করে আসছে। তখন সেই ছেলেটিকে বললাম, আত্মসমর্পণকৃত পাকিস্তানি সেনাদের কয়েকটা ছবি তুলে চলে যাব। সে সময় এসএলআর ক্যামেরার তেমন চল ছিল না। আমি রোলিকড ক্যামেরা দিয়ে ছবি তুলতাম। ক্যামেরার ভিউ ফাইন্ডারের দিকে তাকিয়ে ভাবলাম, আরেকটু কাছে এলেই তুলব। কিন্তু ছবি তোলা হলো না। ওরা গুলি ছুড়তে শুরু করে। আমরা পড়িমরি করে দৌড়ে হোটেলের সামনে একটি বাড়িতে ঢুকে পড়ি। অনেক কষ্টে সেদিন বাড়ি ফিরেছিলাম। ‘অন্যদের নিয়ে কেন বেরিয়েছিলাম? যদি কিছু হতো?’ এই নিয়ে বেশ বকা দিল বাড়ির বড়রা। সেদিন পাকিস্তানি বাহিনীর গুলিতে হোটেলের কাছে ৬০০ মানুষ আহত হয়েছিল।’প্রশিক্ষণরত মেয়েরা‘৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের পর বাঙালির মধ্যে নতুন জাগরণ হয়। নারী-পুরুষ ভেদাভেদ ছিল না। স্বাধীন দেশ সবারই চাওয়া। হঠাৎ একদিন খবর পাই, আজিমপুর স্কুলের মাঠে মেয়েরা প্রশিক্ষণ নিচ্ছে। বেলা ১১টার দিকেই হবে। ক্যামেরা হাতে দ্রুত চলে গেলাম। মেয়েদের সেই দৃঢ়তা আমাকে আজও মুগ্ধ করে। নারীসমাজের শক্তির প্রতীক যেন তারা। কেমন লেগেছিল সেই মুহূর্তে কল্পনা করা যাবে না। সারিবদ্ধ হয়ে কয়েক শ মেয়ে প্রশিক্ষণ নিচ্ছিল। ক্যামেরা হাতে বের হলে বাড়ির লোকজন দুশ্চিন্তা করত। তবুও গেলাম।এমন মুহূর্ত তো জীবনে একবারই আসে।’ ক্রাচ বাছাই‘ফ্লোরেন্স নাইটিংগেলের জীবনী ছোটবেলায় পড়েছিলাম। আর কল্পনায় ছিল তাঁর সেবা। ভাবতাম, ইস, কখনো যদি সুযোগ আসত, তাহলে তাঁর মতো সেবা করব। যুদ্ধ-পরবর্তী বাংলাদেশে চেষ্টা করেছিলাম মানুষের পাশে দাঁড়াতে। স্বাধীনতার পরপর হলি ফ্যামিলি হাসপাতালে গাইড রেঞ্জারদের সঙ্গে দুই মাস নার্সিংয়ের কাজ করি। হাসপাতালের নার্সরা সে সময় ঢাকা ছেড়ে চলে গিয়েছিল। রোগী হিসেবে ছিল আহত কিশোর-কিশোরী ও ছেলেমেয়েরা। গ্রেনেড, বন্দুকের গুলি ও মাইনের আঘাতে আহত অনেকের পা কেটে বাদ দেওয়া হয়। একদিন দেখি হাসপাতালের বারান্দায় হুইলচেয়ারে বসে কয়েকটি কিশোর ক্রাচ তৈরি করা দেখছে। আরেক দিকে তাদের উড়ে যাওয়া পায়ের জন্য ক্রাচ বাছাই করছে। এই দৃশ্যের ছবি তুলতে গিয়ে আমার চোখে পানি এসে যায়।’