সেই ছবিটি কেবল বেদনার স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদারের শেষ নেই মেয়ের। একমাত্র মেয়ে বলে কথা, সবারই অতি আদরের। বাবা নতুন মুঠোফোন কিনেছেন। মেয়ে সেজেগুজে বসে পড়ল, ফোনের ক্যামেরায় ছবি তুলতে হবে। বাবা নিজ হাতে তুলেছিলেনও। লরির চাপায় মারা যাওয়ার পর মেয়ের সেই ছবিই গেল পত্রিকার পাতায়।গত রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডায় তেলবাহী লরির চাপায় নিহত হন রিকশাযাত্রী নর্দান বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্রী ইয়াসমিন আক্তার রিয়া (২২) ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের মাস্টার্স শেষ সেমিস্টারের ছাত্র নাসিরউদ্দীন (২৭)। সন্তান হারিয়ে দুটি পরিবারেই চলছে মাতম। পুলিশ এখনো ধরতে পারেনি ঘাতক লরিটিকে, গ্রেপ্তার হননি চালক।একমাত্র মেয়েকে হারিয়ে রিয়ার বাবা ইদ্রিস আলী হূদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আর মা রোখসানা আক্তার পাগলপ্রায়। চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ভাই রিফাতের এখনো ভালো করে বোঝারই বয়স হয়নি সে কী হারাল, তবু কেঁদেই চলেছে অঝোরে। বাড়িভর্তি রিয়ার স্মৃতি যেন যন্ত্রণাদায়ক তীরের মতো বিদ্ধ করছে প্রিয় মানুষগুলোকে।রিয়ার চাচা জালালউদ্দীন প্রথম আলোকে জানান, রিয়ার শোকে তাঁর বাবা অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল সকালে বুকে তীব্র ব্যথা ওঠায় তাঁকে গুলশানের শিকদার মেডিকেলে ভর্তি করা হয়। একটু সুস্থ হওয়ামাত্রই তিনি আবার বাসায় ফেরার জন্য অস্থির হয়ে ওঠেন। এদিকে মেয়ের শোকে তাঁর মা রোখসানা বিলাপ করেই চলেছেন দুদিন থেকে। আর ভাইটা এখনো কাঁদছে বোনের শোকে।নাসিরের দাফন সম্পন্ন: গতকাল দুপুরে বরগুনায় নিজ গ্রামে নাসিরউদ্দীনের দাফন সম্পন্ন হয়েছে। চার ভাই আর পাঁচ বোনের মধ্যে সবার ছোট নাসির।নাসিরের ভাগনে জানান, ছোট ছেলেকে হারিয়ে নাসিরের মা মানসিকভাবে ভেঙে পড়েছেন। আদরের ছোট ভাইটিকে হারিয়ে বাড়িতে চলছে ভাইবোনদের শোকের মাতম।এদিকে বাড্ডা থানার পুলিশ জানায়, এ দুর্ঘটনার বিষয়ে নাসিরের ভাগনি নিপা আক্তার বাদী হয়ে অজ্ঞাত লরিচালককে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।ব্যাখ্যা: গতকাল রোববারের প্রথম আলোয় লেখা হয়েছিল নাসির তিতুমীর কলেজের ছাত্র। তিতুমীর কলেজের উপাধ্যক্ষ আনিস ফাতেমা জানান, ২০০১ সালে নাসির ওই কলেজে ভর্তি হয়েছিলেন। তবে পরে তিনি আর সেখানে পড়েননি।নাসির ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। তাঁর মৃত্যুর জন্য দায়ী ঘাতক চালকের শাস্তি দাবি করে গতকাল মিছিল করেছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্ররা।