রাজশাহী বিশ্ব-বিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষক অনুপম হীরা মণ্ডলকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের নেতা এমদাদ হোসেনকে গতকাল বৃহস্পতিবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে। সংগঠন থেকেও এমদাদকে বহিষ্কার করা হয়েছে। এমদাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা গতকাল কালো ব্যাজ ধারণ ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করেন। ফোকলোর বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন, এমদাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে—বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে গতকাল থেকে ক্যাম্পাসে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এর আগে বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের সভাপতিত্বে একটি বৈঠক হয়। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও সহ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ, প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, প্রক্টরিয়াল বডির সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক শহিদুর রহমান সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী এমদাদ হোসেনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে, এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিভাগের শিক্ষকেরা কর্মবিরতি পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। শিক্ষার্থীরাও অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছেন। ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা জানান, এমদাদের ছাত্রত্ব বাতিলসহ কঠিন শাস্তির ব্যবস্থা না নিলে আবারও ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি দেওয়া হবে। মতিহার থানার উপপরিদর্শক (এসআই) এস এম রকিবুল হক জানান, অনুপম হীরা মণ্ডলের দায়ের করা চাঁদাবাজির মামলায় এমদাদকে সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া জানান, প্রশাসন অবশ্যই এমদাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে। সংগঠন থেকে বহিষ্কারএমদাদকে সংগঠন থেকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইব্রাহীম হোসেন ও সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন বলেন, সংগঠনবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলায় তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের অবহিত করা হয়েছে।নিন্দা ও প্রতিবাদশিক্ষককে মারধরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। গতকাল প্রগতিশীল শিক্ষক সমাজের প্রচার সম্পাদক অধ্যাপক আনন্দ কুমার সাহা স্বাক্ষরিত এক বিবৃতিতে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত ওই শিক্ষার্থীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থী হেমানী বিশ্বাসের কাছ থেকে ৩০ হাজার টাকা দাবি ও তাঁর ভর্তির কাগজপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতা এমদাদ হোসেন বুধবার ফোকলোর বিভাগের শিক্ষক অনুপম হীরা মণ্ডলকে মারধর করেন।