রাজধানীর পরীবাগে পেট্রলপাম্পে ঢুকে কর্মচারীদের পেটানোর অভিযোগে ধানমন্ডি থানা ছাত্রলীগের সভাপতি নাজিম-উদ্দিন ওরফে বাবু গ্রেপ্তার হয়েছেন। গতকাল শনিবার সকালে কাঁঠালবাগানের বাসা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাতে পরীবাগের শাহজাহান এন্টারপ্রাইজ পেট্রলপাম্পে ঢুকে কর্মচারীদের মারধর এবং ক্যাশ থেকে টাকা লুটের পর ছাত্রলীগের ধানমন্ডি থানা শাখার সভাপতি নাজিমউদ্দিন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে প্রথমে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে পাম্পের কর্মচারী আমিনুল ইসলাম বাদী হয়ে শুক্রবার রাতে ওই ছাত্রলীগ নেতা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করেন। এর ভিত্তিতে গতকাল সকালে কাঁঠালবাগানের বাসায় অভিযান চালিয়ে নাজিমউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।ঘটনা সম্পর্কে শাহবাগ থানার পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ধানমন্ডি থানা ছাত্রলীগের সভাপতি নাজিমউদ্দিন বাবু তাঁর ব্যক্তিগত গাড়িতে গ্যাস নিতে পরীবাগে শাহজাহান এন্টারপ্রাইজ পেট্রলপাম্পে ঢোকেন। উল্টো দিক দিয়ে পাম্পে ঢোকা নিয়ে কর্মচারীদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এতে নাজিমউদ্দিন ক্ষিপ্ত হয়ে পাম্প কর্মচারীদের চড়-থাপড় মেরে চলে যান। এর কিছুক্ষণ পর সাত-আটটি মোটরসাইকেলে ১০-১২ জন দুর্বৃত্ত এসে ওই পেট্রলপাম্পে হামলা চালায়। তারা কর্মচারীদের পিটিয়ে আহত করে এবং ক্যাশ বাক্স থেকে এক লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এদিকে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারসন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন গতকাল এক বিবৃতিতে পেট্রলপাম্পের কর্মচারীদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।