সেই ছাত্রী উদ্ধার, শিক্ষক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের সাসেক্সের ১৫ বছর বয়সী স্কুলছাত্রী মেগান স্টেমারসকে নিয়ে গত সপ্তাহের বৃহস্পতিবার ফ্রান্সে পালিয়েছিলেন তার গণিতের শিক্ষক জেরেমি ফরেস্ট (৩০)। এরপর থেকে দুজনের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে তাদের পরিবারের আকুতি গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় বিষয়টি ফলাও হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। অবশেষে সন্ধান মিলেছে সেই জুটির। ফ্রান্সের বুদ্রোক্স শহরের একটি শপিং সেন্টারে দুজনকে খুঁজে পেয়েছে ফরাসি পুলিশ। এদের মধ্যে বিবাহিত সেই শিক্ষককে আটক করা হয়েছে। আর ছাত্রীকে রাখা হয়েছে বিশেষ নিরাপত্তায়।‘ডেইলি মেইল’-এর খবরে বলা হয়, যুক্তরাজ্যের সাসেক্সের ইস্টবোর্ন থেকে একসঙ্গে বের হওয়ার পর আর খোঁজ মিলছিল না স্কুলছাত্রী ও তার শিক্ষকের। সবশেষে যুক্তরাজ্যের ডোভার থেকে ফ্রান্সের কেলাইস যাওয়ার পথে এক ভিডিওতে হাত ধরাধরি অবস্থায় খোঁজ মেলে তাদের। কিন্তু তার পরও স্বস্তি মিলছিল না। এমনকি ফ্রান্সের পুলিশও বলছিল তাদের খুঁজে পাওয়া মুশকিল হবে। তবে দুই পরিবারের আকুতি আর গণমাধ্যমের প্রচার বন্ধ ছিল না। ফরেস্টের বাবা জিম ও মা জুলি গতকাল বৃহস্পতিবারও তাঁদের ছেলে কিংবা ওই ছাত্রীকে ফোনে বা ই-মেইলে যোগাযোগ করার অনুরোধ করেন। এরপর গতকাল রাতে বিবিসির ক্রাইম ওয়াচ অনুষ্ঠানে দেখানো হয়, নিখোঁজ দুজনকে ফ্রান্সের রাজধানী প্যারিসে দেখা গেছে। আজ শুক্রবার ফ্রান্সের বুদ্রোক্স শহর থেকে উদ্ধার করা হয় দুজনকে।যুক্তরাজ্যের সাসেক্স পুলিশের এক মুখপাত্র বলেন, যুক্তরাজ্য সময় ১২টা ১৫ মিনিটে বুদ্রোক্সে পাওয়া যায় দুজনকে। ওই শিক্ষককে শিশু অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ফ্রান্সের আইন অনুযায়ী বিচার হবে শিক্ষক ফরেস্টের। অভিযোগ প্রমাণিত হলে ছয় বছরের কারাদণ্ড এবং ৭৫ হাজার ইউরো জরিমানা গুনতে হতে পারে তাঁকে।