সেই ঢুঁস
জিনেদিন জিদান বেশি কথা বলেন না। তবে বল পায়ে তিনি কবিতা লেখেন। ফ্রান্সের বর্ণবাদী বিভক্তির মিলনের প্রতীক হয়ে আছেন আলজেরীয় বংশোদ্ভূত এই ফরাসি ফুটবল তারকা।জিদান তাঁর প্রজন্মের সেরা ফুটবলার—কোনো বিতর্ক ছাড়াই এটি মেনে নেবেন সবাই। দুটি বিশ্বকাপ ফাইনাল দিয়ে জিদানকে মনে রাখবে ফুটবল বিশ্ব—যার একটি দিয়ে তিনি উঠেছিলেন যশ আর খ্যাতির চূড়ায়, আরেকটিতে চূড়া থেকে হয়েছিলেন পতিত।১৯৯৮ সালে দেশের মাটিতে আইমে জ্যাকের বিশ্বকাপজয়ী দলের প্রধান চরিত্র ছিলেন জিদান। অসামান্য সৃজনশীলতা আর দীপ্তিময় আক্রমণাত্মক ফুটবল খেলে ফ্রান্সকে তিনি নিয়ে গিয়েছিলেন ফাইনালে। মুখোমুখি হয়েছিলেন ফেবারিট ব্রাজিলের।ফাইনালে টাক মাথায় মার্কা মারা হেডে দারুণ দুটি গোল করেন। সবাইকে অবাক করে ফ্রান্স ফেবারিট ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে হয় বিশ্ব চ্যাম্পিয়ন। দেশে এবং দেশের বাইরে নায়ক হিসেবে জিদান তার পর থেকেই বসে যান পূজার বেদিতে।আট বছর পর জিদানের বিশ্বকাপ গল্পে নেমে আসে নাটকীয় এক ঘূর্ণাবর্ত। সবকিছু ঠিকঠাকভাবেই এগোচ্ছিল। জিদান-জাদুতেই একে একে বাধা পেরিয়ে ফাইনালে ওঠে ফ্রান্স। এবার শিরোপা জয়ে ফ্রান্সের বাধা ছিল ইতালি। ম্যাচের ৭ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দিয়েছিলেন জিদান। মনে হচ্ছিল বিশ্বকাপে রচিত হতে চলেছে আরেকটি জিদান-গাথা। কিন্তু জিদানের দেওয়া গোলটি শোধ করে দেন ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।অতিরিক্ত সময়ের খেলা শেষ হতে তখন আর মিনিট দশেক বাকি। ম্যাচে সমতা (১-১)। মাতেরাজ্জির সঙ্গে কিছু বাক্য বিনিময়ের পর হঠাৎ করেই জিদান ঢুস দিয়ে বসেন মাতেরাজ্জির বুকে।লাল কার্ড দেখে জিদানকে লজ্জায় মাথা নিচু করে শিরোপার পাশ দিয়েই চলে যেতে হয় মাঠের বাইরে। অবিস্মরণীয় একটি ফুটবল ক্যারিয়ারের উপসংহারটা হয় এমনই। টাইব্রেকে ইতালির কাছে হেরে যায় ফ্রান্স।তবে এত কিছুর পরও ফ্রান্সে ফিরে বীরোচিত সংবর্ধনাই পান জিনেদিন জিদান।জিদানের জবানিতে সে (মাতেরাজ্জি) আমার জার্সি ধরে টানছিল। আমি ওকে থামতে বললাম। আর বললাম, সত্যিই যদি সে জার্সিটা চায়, তাহলে ম্যাচ শেষে নিতে। এর পরই সে আমাকে বাজে কথা বলতে শুরু করল। আমার মধ্যে প্রতিক্রিয়া হলো খুব দ্রুত।আপনার মা-বোনকে কেউ যদি অপমান করে এবং এটা বার কয়েক হয়—একবার, দু বার; আপনি ব্যাপারটা এড়িয়ে গেলেন। এবং সে যদি তৃতীয়বার কাজটা করে, তাহলে তো আপনি প্রতিক্রিয়া দেখাবেনই।আমি আগে মানুষ, তারপর একজন ফুটবলার এবং মানুষের পক্ষে কিছু কথা সহ্য করে যাওয়া অসম্ভব। আমার মনে হয় কখনো কখনো কাজের চেয়ে কথাই মানুষকে বেশি আহত করে। তার ওই কথা শোনার চেয়ে মুখে সজোরে ঘুষি খাওয়াটাও বরং ভালো ছিল। মানছি যে আমার প্রতিক্রিয়া বা আমার আচরণ ঠিক ছিল না। কিন্তু ওখানে অমন প্রতিক্রিয়া দেখানোর জন্য অবশ্যই উসকানি দেওয়া হয়েছিল। আমার ক্যারিয়ারের সব লাল কার্ডই এভাবে কোনো ঘটনার প্রতিক্রিয়ায় এসেছে। আমার মনে হয়, যে কাউকে উসকানি দেয় সে-ই আসল অপরাধী।রেফারির অন্যায় বিচারের শিকার আমি অনেকই হয়েছি। আপনার কি মনে হয়, একটি বিশ্বকাপ ফাইনাল এবং যেখানে আমার ক্যারিয়ার শেষ হওয়ার মাত্র ১০ মিনিট বাকি; সেখানে আমি এমনি এমনিই এমন একটা কাজ করব? অবশ্যই না।এটা বলছি না যে, নিজের সেই কাজের জন্য আমি গর্ব বোধ করছি। তবে এ জন্য আমি দুঃখপ্রকাশও করতে পারি না। আর তা করলে, সে যা বলেছে সেটাকে সত্য বলে মেনে নেওয়া হয়। এটা আমি মেনে নিতে পারি না।মাঠে এটাই সম্ভবত সবচেয়ে বাজে মুহূর্ত ছিল আমার। এভাবে ক্যারিয়ার শেষ হয়ে যাওয়াটা ছিল কঠিন। অবসর নেওয়ার প্রায় এক বছর পরও এমন বাজেভাবে ক্যারিয়ার শেষ করার স্মৃতি আমাকে কষ্ট দেয়।