সেই তিনটি আবাসন প্রকল্পের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই উপজেলার দক্ষিণপাড়া মৌজার তিনটি আবাসন প্রকল্পের দখলে থাকা খাল, অর্পিত ও খাসজমি উদ্ধারে তৎপরতা শুরু করেছে জেলা প্রশাসন। খুব শিগগির এসব আবাসন প্রকল্পের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধামরাই উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রথম আলোয় ধামরাইয়ের দক্ষিণপাড়া মৌজায় গড়ে ওঠা আবাসন প্রকল্প আমিন মডেল টাউন, ধানসিঁড়ি আবাসিক প্রকল্প ও বরাত নগরের বিরুদ্ধে খালসহ অর্পিত ও খাসজমি দখলসংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর জেলা প্রশাসন তৎপর হয়ে ওঠে। ঢাকার জেলা প্রশাসকের কার্যালয় থেকে উপজেলা প্রশাসনের কাছে দেওয়া এক পত্রে এসব আবাসন প্রকল্পের দখলে থাকা খাল, অর্পিত ও খাসজমি সম্পর্কে প্রতিবেদন চেয়ে পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে সরেজমিনে তদন্ত করে গত বুধবার ঢাকা জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পাঠানো হয়। ওই প্রতিবেদনে আবাসন প্রকল্পগুলোর দখলে থাকা সরকারি ও অর্পিত সম্পত্তির তালিকা দিয়ে তা উদ্ধারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়।ধামরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুর রহমান প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসকের নির্দেশে সরেজমিনে তদন্ত করে শুধু আমিন মডেল টাউনের ভেতরেই সাড়ে ১৭ বিঘা (৫.৬১ একর) অর্পিত সম্পত্তির অস্তিত্ব পাওয়া গেছে। জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে এসব জমি প্লট আকারে বিক্রি করা হয়েছে এবং হচ্ছে। তিনি বলেন, ইতিমধ্যেই আমিন মডেল টাউন কর্তৃপক্ষকে নতুন করে প্লট বিক্রি ও প্রকল্পের ভেতরে মাটি ভরাট না করতে বলে দেওয়া হয়েছে। এছাড়া ধানসিড়ি প্রকল্পে দুই বিঘা পরিমাণ সরকারি খাল এবং বরাতনগরে ৫০ শতাংশ খাস জমি পাওয়া গেছে বলে তিনি জানান।সংশ্লিষ্ট একাধিক সূত্রে অভিযোগ পাওয়া গেছে, আমিন মডেল টাউন কর্তৃপক্ষ ২০০৭ সালে ধামরাইয়ের দক্ষিণপাড়া মৌজা থেকে ব্যক্তিমালিকানাধীন কিছু জমি কিনে প্রকল্পের কাজ শুরু করে। এরপর তারা ধীরে ধীরে ওই এলাকার অর্পিত সম্পত্তি দখল করে নেয়। জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে এসব অর্পিত সম্পত্তির মালিকও সেজে যায় তারা। আর এসব অপতৎপরতা ও দখলপ্রক্রিয়া চলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সখ্যের মাধ্যমেই। সখ্য থাকার অভিযোগ অস্বীকার করে ধামরাই উপজেলা প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রভাবশালী লোকজনের চাপের মুখে সব জেনেও আমিন মডেল টাউনসহ দক্ষিণপাড়া মৌজায় গড়ে ওঠা আবাসিক প্রকল্পগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তিনি জালিয়াতির মাধ্যমে অর্পিত ও খাসজমির নামজারি এবং দলিল করার বিষয়টিও নিশ্চিত করেন। তবে আমিন মডেল টাউনের ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বানি আমিন বলেন, আমাদের প্রকল্পের ভেতরে কোনো অর্পিত সম্পত্তি নেই। জালিয়াতির মাধ্যমে কোনো নামজারি বা দলিল করে অর্পিত সম্পত্তি বিক্রিও করা হয়নি। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা নাজনীন বলেন, আমিন মডেল টাউন, বরাত নগর ও ধানসিঁড়ি আবাসিক প্রকল্পের ভেতরে খালসহ অর্পিত ও খাসজমি থাকার বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। ইতিমধ্যেই এসব প্রকল্পের ভেতরে অবৈধ দখলে থাকা সব অর্পিত ও সরকারি সম্পত্তির তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। জেলা প্রশাসন থেকেই এসব আবাসন প্রকল্পের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার জেলা প্রশাসক মো. মহিবুল হক বলেন, প্রথম আলোর প্রতিবেদন দেখে আমি উপজেলা প্রশাসনকে আবাসন প্রকল্পগুলোর দখলে থাকা খাল, অর্পিত ও খাসজমির তালিকার তৈরির নির্দেশ দিই। নির্দেশ অনুযায়ী উপজেলা প্রশাসন থেকে তালিকা পাঠানো হয়েছে, যা রীতিমতো আঁতকে ওঠার মতো বিষয়। খুব শিগগিরই এসব সরকারি ও অর্পিত সম্পত্তি উদ্ধারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রকার চাপ বা প্রভাবের কাছে মাথা নত করা হবে না।