গত এক সপ্তাহে রাজধানীর তিন থানায় তিনটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি অভিযোগের বিষয় অনুসন্ধান করে প্রতিবেদন দেবে। গতকাল শনিবার মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘তদন্ত কমিটির প্রতিবেদনে কোনো পুলিশ সদস্যের বিধি-বহির্ভূত কার্যকলাপ, অসদাচরণ বা অসৎ উদ্দেশ্যের প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’অবশ্য একই বিজ্ঞপ্তিতে ‘পুলিশকে দায়ী করে গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে সঠিক তথ্যভিত্তিক নয় এবং অতিরঞ্জিত’ বলেও দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ। পরিবহনকর্মী মজিবর রহমান: পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার রাজধানীর তুরাগ নদ থেকে উদ্ধার করা হয় পরিবহনকর্মী মজিবর রহমানের লাশ। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃতের বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছেন। এজাহারভুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যবসায়ী মিজানুর রহমান: গত ১ জুলাই রাত একটার দিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন খবর পান, বনানী-গুলশান সংযোগ সেতুর পশ্চিম পাশে একটি প্রাইভেট কারে কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পুলিশের দুটি গাড়ি ধাওয়া করে বনানী ৪২ নম্বর রোডের ৩৮ নম্বর বাড়ির সামনে রাস্তায় দুই দিক থেকে ব্যারিকেড দেয়। ডাকাতেরা গাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির একপর্যায়ে মানিক বাঁ পায়ে এবং মিজান দুই পায়ে গুলিবিদ্ধ হন। আহত হন কনস্টেবল আবদুল মালেক ও কনস্টেবল শহিদুল্লাহ। এ সময়ে আসলাম (৩৫), জালাল (২৮) এবং গুলিবিদ্ধ অবস্থায় মানিক (৪০) ও মিজানকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ। মানিকের ডান হাতে থাকা পিস্তল ও চারটি গুলি এবং তাঁদের ব্যবহূত অ্যালিয়ন প্রাইভেট কারটি উদ্ধার করা হয়। অন্য দুজন পালিয়ে যান। মানিক ও মিজানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকাল সাড়ে সাতটার দিকে মিজান মারা যান।সিএনজিচালক বাবুল গাজী: গত ২৮ জুন চোরাই গাড়ি নিয়ে মামলায় জিজ্ঞাসাবাদের সময় দৌড়ে পালানোর চেষ্টা করলে রাস্তায় পড়ে মাথায় আঘাত পান সিএনজিচালক বাবুল গাজী (৪০)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়। পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা করায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলাও হয়েছে।