সেই তুলা খেত দেখতে চুয়াডাঙ্গায় কর্মকর্তা ও চাষিদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামাক ছেড়ে তুলা চাষে চুয়াডাঙ্গার কৃষকদের সাফল্য দেখতে তুলা উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন ও আঞ্চলিক কর্মকর্তা, কৃষি বিশেষজ্ঞ এবং বেসরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিশাল বহর ৪ ডিসেম্বর সরেজমিন চুয়াডাঙ্গা পরিদর্শন করেন। এসব কর্মকর্তার সঙ্গে যোগ দেন স্থানীয় তুলাচাষিরা। সব মিলিয়ে চুয়াডাঙ্গার বুজরুকগড়গড়ি মাঠে অনুষ্ঠিত আঞ্চলিক তুলা উন্নয়নবিষয়ক মাঠ দিবস মিলনমেলায় পরিণত হয়। সদর উপজেলার বুজরুকগড়গড়ি মাঠে অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন তুলা উন্নয়ন বোর্ডের যশোর আঞ্চলিক অফিসের উপ-পরিচালক আক্তারুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক দেওয়ান মোহাম্মদ ইনতাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম সিডের চেয়ারম্যান মোহাম্মদ মাসুম ও পরিচালক ইব্রাহিম খলিল। এ মাঠ দিবসে যশোর, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার তুলা উন্নয়ন কর্মকর্তা ও কৃষক মিলে প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন। বুজরুকগড়গড়ির আকবর আলীর তুলা খেতের পাশে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া অঞ্চলের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সুভাষ চন্দ্র দেবনাথ জানান, ‘চুয়াডাঙ্গা জেলায় এক হাজার ৩০০ হেক্টর জমিতে তুলার আবাদ হয়েছে। এর মধ্যে হাইব্রিড রুপালি-১ জাতের তুলা চাষ করা হয়েছে ৫০০ হেক্টর জমিতে। প্রচলিত জাতের তুলা বিঘাপ্রতি সাত মণ হলেও হাইব্রিড জাতের তুলা বিঘাপ্রতি ১৪ থেকে ১৮ মণ উৎপাদন হয়ে থাকে। তুলার মূল্য মণপ্রতি এক হাজার ৮০০ টাকা থেকে বাড়িয়ে দুই হাজার ৭৪০ টাকা করা হয়েছে। এ কারণে কৃষকেরাও তুলা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। চুয়াডাঙ্গা তুলা উন্নয়ন কর্মকর্তা খন্দকার এনামুল কবীর জানান, আগামী মৌসুমে চুয়াডাঙ্গায় তুলা উৎপাদন দ্বিগুণ হবে। প্রসঙ্গত গত ২৮ নভেম্বর প্রথম আলোর আলোকিত দক্ষিণ পাতায় তামাক ছেড়ে কৃষকেরা তুলা চাষে নেমেছে মর্মে ‘তামুক চাষ আর নয়’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।