সেই দারাদকে বিএনপি থেকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে দারাদ আহমেদকে অব্যাহতি দেওয়া হয়েছে। মৌলভীবাজার বিএনপির নেতাদের চিঠি দিয়ে আজ বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র করার নামে জাপান থেকে সাড়ে ছয় কোটি টানা এনে আত্মসাত্ করেছেন দারাদ আহমেদ। ওই ঘটনার পর উপজেলা বিএনপি থেকে তাঁকে বহিষ্কার করা হয়। এখন দারাদের স্থলে উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক মজিবুর রহমানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাফিজ জানিয়েছেন, জুলাই মাসে তাঁরা বৈঠক করে দারাদকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন। আজ বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তা অনুমোদন করেছেন।দারাদের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বাহারপুর গ্রামে। জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র করার কথা বলে বাড়ির সামনের বাহারপুর জামে মসজিদের ছবি পাঠিয়ে বিভিন্ন সময়ে তিনি জাপানি অধ্যাপক কাজুও আজুমার কাছ থেকে সাড়ে ছয় কোটি টাকা এনে আত্মসাত্ করেন। দারাদ নিজেকে রবীন্দ্র বিশেষজ্ঞ বলে পরিচয় দিতেন। এই প্রতারণার জন্য তিনি বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির নামও ব্যবহার করেছেন।দারাদের এই প্রতারণা নিয়ে ২৮ জুন ‘ছয় কোটি টাকা আত্মসাত্’ এবং ‘সাংস্কৃতিক কেন্দ্র নয়, এটি মসজিদ—রবীন্দ্রপ্রেমী সেজে দারাদের প্রতারণা’ শীর্ষক দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।