সেই দুই ছাত্রের হদিস মিলছে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে গত ২২ সেপ্টেম্বর সংঘটিত সংঘর্ষের ঘটনায় তিনটি এজাহার দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ। এদিকে ঘটনার সূত্রপাত যে দুই ছাত্রের হাতাহাতি থেকে, সেই দুজনের হদিস পাওয়া যাচ্ছে না।জানা গেছে, ওই দিন রাঙামাটি সরকারি কলেজ থেকে ঘটনার সূত্রপাত হওয়ার সঙ্গে সঙ্গে রাঙামাটি শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে। সহিংসতায় শিক্ষক-শিক্ষার্থী, চিকিত্সক, সাংবাদিক এবং নিরীহ পথচারী আহত হন। রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম চৌধুরী জানান, তিনটি এজাহারের মধ্যে রাঙামাটি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুশোভন দেওয়ানের ওপর হামলার ঘটনায় দায়ের করা এজাহার মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। এহাজারটি দায়ের করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোশিয়েশনের (বিএমএ) সদস্য ও সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা বিনোদ শেখর চাকমা।অপর দুটি এজাহার দায়ের করেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক মানবকণ্ঠ-এর রাঙামাটি প্রতিনিধি হিমেল চাকমা এবং শহরের কালিন্দীপুর নিবাসী শিমুল চাকমা। ওসি জানান, অপর দুটি এজাহার মামলা হিসেবে নথিভুক্ত করা হবে কি না তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।এদিকে রাঙামাটি জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির মেয়াদ আজ শেষ হচ্ছে। কিন্তু এখনো অনেকের সাক্ষ্যগ্রহণ বাকি রয়েছে। বিশেষ করে গুরুতর আহত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুশোভন দেওয়ানের এখনো সাক্ষ্য দেওয়ার মতো শারীরিক সুস্থতা ফিরে আসেনি। তাই তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা বাড়াতে জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান বলেন, কমিটির সদস্যরা মনে করছেন সময় বাড়ানো দরকার। কারণ আরও অনেক সাক্ষ্যপ্রমাণ গ্রহণের প্রয়োজন রয়েছে।অপরদিকে রাঙামাটি সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. মফিজ আহমদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি বেশ কিছু ছাত্র, শিক্ষক ও কর্মচারীর সাক্ষ্য নিলেও যে দুই ছাত্রের মধ্যে হাতাহাতি হয়েছে তাদের খুঁজে বের করতে পারেনি।উপাধ্যক্ষ মো. মফিজ আহমদ বলেন, ‘কোন দুই ছাত্রের মধ্যে হাতাহাতি হয়েছে তা জানতে পারলে আমাদের জানান। আমরা এখনো কারও নাম পাইনি।’ ৭ অক্টোবর পর্যন্ত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় রয়েছে বলে তিনি জানান।সংবাদের প্রতিবাদ: গত শনিবার প্রথম আলোর ১৪ পৃষ্ঠায় প্রকাশিত ‘রাঙামাটির ঘটনায় জড়িতদের বিচার দাবি’ শীর্ষক সংবাদে সাংসদ রাশেদ খান মেননের বক্তব্যের প্রতিবাদ করেছে রাঙামাটি জেলা বিএনপি ও জামায়াত। রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান ও জামায়াতের জেলা আমির মো. আবদুল আলীম স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে রাঙামাটির ঘটনায় নিজেদের সংগঠনের জড়িত থাকার বিষয়ে সাংসদ রাশেদ খান মেননের অভিযোগ অস্বীকার করেছেন।