সেই দ্বৈরথ
ব্যাট-বলের লড়াই তো চলেই। ব্যাটসম্যান-বোলারের মাঝে চলে অনেক মনস্তাত্ত্বিক লড়াইও। তাই বলে আম্পায়ার ও বোলারের মনস্তাত্ত্বিক লড়াই! বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সর্বশেষ পরাজয়, আবার পাকিস্তান-অস্ট্রেলিয়া লড়াই, শোয়েব আখতারের অবসর—সব মিলিয়ে উঠছে অদ্ভুত লড়াইয়ের কথা। শোয়েবের সঙ্গে আম্পায়ার রুডি কোয়ের্তজেনের লড়াই!শুরুটা ছিল প্রথাগতই, ব্যাটসম্যান-বোলারের লড়াই। শোয়েবের সঙ্গে স্টিভ ওয়াহর। ১৯৯৯ বিশ্বকাপের গ্রুপ ‘বি’র ম্যাচে হেডিংলিতে মুখোমুুখি হয়েছিল অস্ট্রেলিয়া-পাকিস্তান। একপর্যায়ে পাকিস্তান ও জয়ের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন শুধু স্টিভ ওয়াহ। প্রথম স্পেলে ব্যর্থ শোয়েবকে দ্বিতীয় স্পেলে ফেরালেন অধিনায়ক ওয়াসিম আকরাম। যে আশায় ফেরানো, সেই রিভার্স সুইং শোয়েব পেতে থাকলেন শুরু থেকেই। বিদ্যুৎ গতির সঙ্গে রিভার্স সুইং, দীর্ঘ সময় উইকেটে থেকেও ওয়াহর মতো অভিজ্ঞ ব্যাটসম্যান হিমশিম খাচ্ছিলেন। হঠাৎ শোয়েবের এক ইনসুইং লাগল ওয়াহর প্যাডে। জোরালো আবেদন, কোয়ের্তজেন আউট দিলেন না। অসন্তুষ্টিটা গোপন করলেন না শোয়েব। বারবার মাথা নেড়ে, নানা রকম অঙ্গভঙ্গিতে বুঝিয়ে দিচ্ছিলেন সিদ্ধান্তটা পছন্দ হয়নি। পরিষ্কার হওয়া গেল না বারবার রিপ্লে দেখেও, আম্পায়ারের সিদ্ধান্তকেই তাই মনে হলো যৌক্তিক।পরের বল আবারও ইনসুইং, আবার প্যাডে। এবার আর রিপ্লের প্রয়োজন নেই, সাদা চোখেই বোঝা যাচ্ছিল আউট। ক্রিকেটের পরিভাষায় যাঁকে বলে ‘ডেড প্লাম্ব।’ শোয়েব পাখির ডানা মেলে উড়তেই শুরু করে দিয়েছিলেন। কিন্তু তর্জনী উঠল না কোয়ের্তজেনের। রিপ্লে দেখে ধারাভাষ্যকারেরা আউট না দেওয়ার কোনো কারণই খুঁজে পাচ্ছিলেন না। একটাই কারণ পাওয়া গেল, কোয়ের্তজেনের দেওয়া সিদ্ধান্তে শোয়েবের অসন্তুষ্টি প্রকাশের ধরনে অসন্তুষ্ট হয়ে কোয়ের্তজেনের প্রতিশোধ! কোনো আম্পায়ার সম্পর্কে এমনটা বলা হয়তো ঠিক নয়। কিন্তু কোয়ের্তজেনের সিদ্ধান্ত এতটাই দৃষ্টিকটু ছিল যে এমনটা ভাবতেই বাধ্য করেছে। আজ এই এক যুগ পরও যখন এমনটা মনে হচ্ছে, নিশ্চিতভাবেই সেটা ছিল স্রেফ আম্পায়ারের একটি মানবিক ভুলের চেয়েও বেশি কিছু। কিছু একটা যে চলছিল শোয়েব-কোয়ের্তজেনের, এটা পরিষ্কার দুবল পরই। এবারও প্যাডে বল, তবে বলটি পরিষ্কার চলে যাচ্ছিল লেগ স্টাম্পের বাইরে। এ ক্ষেত্রে তবু বোলার-উইকেটকিপাররা হালকা হলেও আবেদন করতে ভালোবাসেন। মইন খান আবেদন করলেনও। কিন্তু শোয়েব? আবেদন তো নয়ই, ঠোঁটে বাঁকা এক হাসি নিয়ে সোজা হাঁটা দিলেন বোলিং মার্কের দিকে। এমন ভাব, যেন আবেদন করে কী লাভ, আউট তো দেয় না!ওয়াহ-কোয়ের্তজেন নয়, দুটো লড়াইয়েই জিতেছিলেন শোয়েব। ঘটনাবহুল ওই ওভারের পরের ওভারেই তীব্র গতির এক ইয়র্কার উপড়ে ফেলে ৪৯ রান করা ওয়াহর স্টাম্প। পাকিস্তান এক ধাপ এগিয়ে যায় জয়ের দিকে। তৃতীয় স্পেলে শোয়েবকে আর কোয়ের্তজেনের প্রান্ত থেকেই আনেননি আকরাম, বোলিং করিয়েছিলেন অন্য প্রান্ত থেকে। শোয়েব উইকেট পেয়েছিলেন ওই একটিই। কিন্তু ম্যাচের প্রেক্ষাপটে ওই উইকেটটা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। ২৭৬ রান তাড়া করায় অস্ট্রেলিয়ার ভরসা হয়ে ছিলেন অধিনায়কই। পরে শেষ ওভারে ২ উইকেট নিয়ে পাকিস্তানকে ১০ রানের জয় এনে দেন অধিনায়ক আকরাম। শোয়েব তো খেলেছিলেনই, ড্রেসিং রুমে বসে পাকিস্তানের জয় দেখেছিলেন শহীদ আফ্রিদি। দুজনের কেউ কি তখন ভাবতে পেরেছিলেন, বিশ্বকাপে পরের ৩৪ ম্যাচেও অজেয় থাকবে অস্ট্রেলিয়া?