সেই ধারাবাহিকতা এখনো চলছে
পাকিস্তানে প্রায় প্রতিদিনই সহিংসতা ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। দেশটির নিরাপত্তা পরিস্থিতিতে চলতি বছরও কোনো পরিবর্তন আসেনি। বরং বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এ বছরের শুরু থেকে তা অব্যাহত আছে।পাকিস্তান ইনস্টিটিউট ফর পিস স্টাডিজের (পিআইপিএস) প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মার্চে পাকিস্তানের বিভিন্ন অংশে মোট ১১৩টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ১৩৬ জন নিহত এবং ১৮৫ জন আহত হয়েছে।সংস্থাটি জানিয়েছে, এ বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে মোট ১১৩ বার সন্ত্রাসী হামলা হয়েছে। এসব হামলায় ২১৭ জন নিহত ও ২৬৬ জন আহত হয়েছে। পিআইপিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালের জানুয়ারিতে পাকিস্তানে মোট ১৩৪টি সন্ত্রাসী হামলা হয়েছে। এ হামলায় ২০৭ জন নিহত ও এবং ৩৬৯ জন আহত হয়েছে।জাতীয় নিরাপত্তা হুমকি-সম্পর্কিত বিশ্লেষক প্রতিষ্ঠান আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (এইআই) চলতি এপ্রিলে পাকিস্তানে সংঘটিত বিভিন্ন সন্ত্রাসী ঘটনার তথ্য সংরক্ষণ করেছে। এ তথ্য অনুযায়ী, ১৬ এপ্রিল তালেবান জঙ্গিরা বান্নুর কেন্দ্রীয় কারাগারে ভারী অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ৩৮৪ জন কয়েদিকে মুক্ত করে। ১২ এপ্রিল একদল সশস্ত্র ব্যক্তি বেলুচিস্তানে ১০ শ্রমিককে অপহরণ করে। ১০ এপ্রিল করাচিতে একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ৯ এপ্রিল পাকিস্তান সেনাবাহিনী নিরাপত্তা ঝুঁকির কারণে বেলুচিস্তান থেকে বিদেশিদের সরিয়ে নেয়। একই দিন কুররাম উপত্যকায় ২০ জন জঙ্গি একটি পুলিশ তল্লাশি কেন্দ্র হামলা চালায়। ৬ এপ্রিল পাকিস্তান পিপলস পার্টির সঙ্গে সংশ্লিষ্ট তিন ব্যক্তি করাচিতে নিহত হন। একই দিন জামিয়াত উলেমা-ই পাকিস্তানের এক নেতা কোয়েটায় নিহত হন। এ দিন ছয়জন সন্দেহভাজন সন্ত্রাসী গ্রেপ্তার ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। ৫ এপ্রিল টিটিপির আত্মঘাতী বোমা হামলাকারীরা করাচির জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে বোমা হামলা চালায়। একই দিন করাচিতে তিন পুলিশ সদস্য নিহত হন। ৪ এপ্রিল পাকিস্তানে একটি যাত্রীবাহী ভ্যানে বোমা বিস্ফোরিত হয়ে ছয়জন নিহত হয়। এ ছাড়া করাচির বিভিন্ন অংশে সন্ত্রাসী হামলায় চারজন নিহত হয়। ৩ এপ্রিল উত্তর পাকিস্তানে জাতিগত সহিংসতায় ১৩ জন নিহত হয়। একই দিন পাকিস্তানের কুররামে বোমায় ১৬ জন আহত হয়।