সেই নিউজিল্যান্ড সেই শোয়েব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বল হাতে অবিশ্বাস্য কিছু পারফরম্যান্স, মাঠের ভেতরে-বাইরে হাজারো বিতর্ক। কিন্তু ক্রিকেট ইতিহাস আর সবকিছুর আগে তাঁকে মনে রাখবে গতি-তারকা হিসেবে। যদিও গতি নিয়ে প্রশ্ন হলেই ইদানীং স্বভাববিরুদ্ধভাবে আত্মসমর্পণ করে বসেন শোয়েব আখতার। ঢাকায় উন্মুক্ত মিডিয়া সেশনে, প্রেমাদাসা, পি সারায়—সব জায়গাতেই ওই একই উত্তর, ‘বয়স হয়ে গেছে, লাইন-লেন্থের দিকে নজর বেশি।’ ইত্যাদি ইত্যাদি।একসময়কার গতি-তৃষ্ণা আর চিরদিনের হার না মানা স্বভাব মিলিয়ে শোয়েবের কণ্ঠে কথাগুলোকে কেমন যেন বেমানান লাগে। আবার চিরসত্যটাও মনে পড়ে যায়, বয়সের কাছে হার মানতে হয় সবাইকেই। তার পরও আজ বিশ্বকাপের ম্যাচে প্রতিপক্ষ যখন নিউজিল্যান্ড, শোয়েবের কি ইচ্ছে হবে না সেই পুরোনো দিনের একটা ঝলক দেখাতে? মনে পড়বে না প্রায় এক যুগ আগের সেই ওল্ড ট্রাফোর্ড!বিশ্বকাপের দুই দলের সর্বশেষ দেখা ১৯৯৯ বিশ্বকাপ সেমিফাইনালে। ওই ম্যাচে প্রতিপক্ষকে কাঁপিয়ে দেওয়া গতিময় আক্রমণাত্মক বোলিংয়ের অসাধারণ এক প্রদর্শনী রেখেছিলেন শোয়েব। নিউজিল্যান্ড করেছিল ২৪১। সেই রান তাড়া করতে গিয়ে দারুণ এক অপরাজিত সেঞ্চুরি করেছিলেন সাঈদ আনোয়ার। ওয়াজাহাতউল্লাহ ওয়াস্তি ৮৪। মাত্র ৩ উইকেট পেয়েছিলেন শোয়েব, সেটাও ৫৫ রানে। তার পরও আনোয়ার-ওয়াস্তিদের ছাপিয়ে ম্যাচের সেরা নাম শোয়েব!ম্যাচের পরিপ্রেক্ষিতে ওই ৩ উইকেটের গুরুত্ব একটা কারণ। তিনটি ভিন্ন স্পেলে গুরুত্বপূর্ণ তিনটি ব্রেক থ্রু এনে দিয়েছিলেন দলকে। ওপেনার নাথান অ্যাস্টল বোল্ড হয়েছিলেন গতির কাছে। শোয়েবের স্টাম্প সোজা বলটিতে যখন ব্যাট নামালেন অ্যাস্টল, বল তার বেশ আগেই ভেঙে দিয়েছে স্টাম্প। ফ্লেমিং-টুজের ৯৪ রানের জুটিতে যখন চলছে কিউইদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা, বোলিংয়ে ফিরে শোয়েব ভাঙলেন এই জুটি। বাঁহাতি ব্যাটসম্যানকে রাউন্ড দ্যা উইকেটে এসে ছুড়লেন নিখুঁত এক ইয়র্কার। ফ্লেমিং জানতেন, ইয়র্কার আসছে। ব্যাটও নামিয়ে ফেলেছিলেন, কিন্তু শোয়েবের ইয়র্কার নিখুঁত হলে কী আর উপায় আছে! আবার স্লগ ওভারে ফিরে দারুণ এক স্লোয়ারে বোল্ড করলেন ক্রিস হ্যারিসকে।তবে ম্যাচসেরার কারণ শুধু গুরুত্বপূর্ণ উইকেট তিনটিই নয়, রান-উইকেটের গণ্ডি ছাপিয়ে যাওয়া খ্যাপাটে এক বোলিং প্রদর্শনীর কারণে। সেদিন যেন কিউই পাখির ডানা কেটে নেওয়ার পণ নিয়েই মাঠে নেমেছিলেন শোয়েব। গতিতে একেবারে নাচিয়ে ছেড়েছিলেন দুই কিউই ওপেনারকে। ৩ রান করে আউট হয়েছিলেন বলে নয়, বিস্ময় ছিল অ্যাস্টলের ১৮ বল খেলা। প্রথম বল থেকে একেবারে প্রতিটি বলে মনে হচ্ছিল, যেন আউট হয়ে যাবেন। ৪ ওভারের প্রথম স্পেল ছিল গতি আর বাউন্সের প্রদর্শনী, ৩ ওভারের মাঝের স্পেল রিভার্স সুইং আর ইয়র্কারের, ৩ ওভারের শেষ স্পেল বৈচিত্র্যময় বোলিংয়ের অপূর্ব সমন্বয়। অতি-আক্রমণাত্মকতার মূল্য দিয়ে আবার রানও গুনতে হয়েছে ৫৫।ওই ম্যাচের শোয়েব যেন ছিলেন তাঁর পুরো ক্যারিয়ারের প্রতিচ্ছবি। এই অসাধারণ তো এই এখনো হতাশাময়। এখনো খেলছেন, কিন্তু সেরা দিনগুলো পেছনে ফেলে এসেছেন, স্বীকার করবেন হয়তো শোয়েবও। বিশ্বকাপ আর নিউজিল্যান্ড কি পারবে এই শোয়েবের মাঝ থেকে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’কে বের করে আনতে?