সেই নীল পোশাকই এখন মোবারকের বসন
দোর্দণ্ড প্রতাপে ৩০ বছর মিসর শাসন করেছেন হোসনি মোবারক। ক্ষমতায় থাকাকালে বিরোধীদের কঠোরভাবে দমন করেছেন তিনি। তাঁদের অনেকের ঠাঁই হয়েছে কারাগারে। এখন সেই কারাগারই ঠিকানা যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোবারকের। পরতেও হবে সেই নীল পোশাক, যে পোশাক কয়েদিদের জন্য তিনিই নির্ধারণ করেছিলেন।গত বছরের শুরুর দিকে মোবারকের পদত্যাগের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের হত্যায় সহযোগিতার দায়ে গত শনিবার তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন দেশের একটি আদালত। গতকাল রোববার মোবারককে কায়রোর তোরা কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত সাধারণ কয়েদির মতো সেখানে তাঁকে দেওয়া হয়েছে কয়েদি হিসেবে নীল রঙের পোশাক ও কয়েদি নম্বর। নিয়ম অনুযায়ী কয়েদি হিসেবে মোবারকের ছবিও তুলেছেন কারারক্ষীরা। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।কারাগারে নেওয়ার সময় হেলিকপ্টার থেকে নামতেই চাননি মোবারক। তাঁর দাবি, আগের মতো বিলাসবহুল সামরিক হাসপাতালে চিকিত্সকের অধীনে রাখা হোক তাঁকে। নিজের পরিণতির কথা ভেবে চোখ দিয়ে অশ্রুও ঝরেছে তাঁর। এতে কারা কর্তৃপক্ষের মন গলেনি।কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ৮৪ বছর বয়সী মোবারকের হূদরোগসহ বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা আছে। গত শনিবার রায় ঘোষণার পর তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছে। তাঁকে দেওয়া হয়েছে অক্সিজেন। সবকিছু বিবেচনায় নিয়ে মোবারককে তোরা কারাগারের চিকিত্সা বিভাগে রাখা হয়েছে।এদিকে মোবারককে প্রত্যাশার চেয়ে লঘু দণ্ড প্রদান এবং বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ থেকে ছয় নিরাপত্তা কর্মকর্তাকে খালাস দেওয়ার প্রতিবাদে তাহরির স্কয়ারসহ মিসরের বিভিন্ন শহরে বিক্ষোভ এখনও চলছে। রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী জানিয়েছেন, ওই রায়ের বিরুদ্ধে তাঁরা আপিল করবেন।১৯৮১ সালে মিসরের ক্ষমতা গ্রহণ করেন মোবারক। আরব-বসন্তের ধারাবাহিকতায় ২০১১ সালের শুরুর দিকে মিসরে মোবারকবিরোধী আন্দোলন শুরু হয়। টানা ১৮ দিনের গণ-আন্দোলনের মুখে গত বছরের ১১ ফেব্রুয়ারি মোবারকের ৩০ বছরের শাসনের অবসান ঘটে। ওই আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় সাড়ে ৮০০ ব্যক্তি নিহত হয়।পতনের পর মোবারক, তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে বিক্ষোভকারীদের হত্যা, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগে বিচার শুরু হয়।