সেই পরামর্শক প্রতিষ্ঠান বাদ দেওয়ার ইঙ্গিত অর্থমন্ত্রীর
পদ্মা সেতু নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগের তালিকায় থাকা যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশ্ব্যব্যাংক অভিযোগ করেছে সেটি বাদ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে বিনিয়োগ ও ব্যবস্থাপনা বিষয়ক আঞ্চলিক সম্মেলন উদ্বোধন শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, গত আড়াই বছরে বিশ্বব্যাংক যে কয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করেছে এর মধ্যে একটি এই সরকারের সময় তালিকায় এসেছে। বাকি চারটি প্রতিষ্ঠান চারদলীয় জোট সরকার ও তত্ত্বাবধাযক সরকারের আমলে তালিকায় আসে। তবে মন্ত্রী বলেন, এখনো ওই প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়নি। এর আগে অভিযোগ ওঠা হাস্যকর। কিন্তু অভিযোগ যেহেতু উঠেছে তাই তালিকা থেকে প্রতিষ্ঠানটিকে বাদ দিয়ে দেওয়া হবে।গত সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, কাল্পনিক বিভিন্ন অভিযোগের কারণে অনেক উন্নয়নকাজ পিছিয়ে যায়। ভেঞ্চার এন্টারপ্রাইজ নামের একটি ‘বদমাশ’ দেশীয় প্রতিষ্ঠান বিশ্বব্যাংকের কাছে মিথ্যে অভিযোগ পাঠায়। চীনে এ প্রতিষ্ঠান একটি শাখা কার্যালয় খুলেছে। এ বিষয়ে অর্থমন্ত্রী জানান, পদ্মা সেতুর জন্য যে পাঁচ পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে, তার একটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগের এখন পর্যন্ত কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি।