সেই পাঁচ আসামি খালাসের আদেশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৌশলী আবদুল হামিদ বিশ্বাস হত্যা মামলায় পাঁচজন আসামিকে খালাসের আদেশ প্রত্যাহার করেছেন আদালত।গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক কানিজ আখতার নাসরিনা খানম এ আদেশ দেন।এর আগে গত ২৮ ডিসেম্বর একই আদালত সরকারপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারাধীন মামলাটির পলাতক দুজনসহ প্রধান পাঁচ আসামিকে খালাসের আদেশ দেন।এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘রাজনৈতিক হয়রানিমূলক মামলার’ বিবেচনায় চাঞ্চল্যকর এই হত্যা ও ডাকাতি মামলাটির প্রধান পাঁচ আসামির নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এরই পরিপ্রেক্ষিতে সরকারপক্ষের কৌঁসুলি আদালতে আবেদন করেন।এ ব্যাপারে প্রথম আলোসহ একাধিক সংবাদপত্র খবর প্রকাশ করে। এ নিয়ে আদালত প্রাঙ্গণসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার মুখে সরকার অবস্থান পরিবর্তন করে। গত ২৯ ডিসেম্বর আন্তমন্ত্রণালয়ের বৈঠকে প্রকৌশলী হামিদ হত্যা মামলাটি প্রত্যাহারসংক্রান্ত জারি করা আদেশের কার্যকারিতা বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরদিন সরকারপক্ষের বিশেষ কৌঁসুলি সৈয়দ সামছুল হক খালাসের আদেশ বাতিল করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। গতকাল শুনানি শেষে আদালত আসামিদের খালাসের আদেশ প্রত্যাহার করেন।আগের আদেশের খালাস পাওয়া পাঁচজনের মধ্যে তিন আসামি জয়নাল আবেদীন মোল্লা, শরীফ, ইকবাল হোসেন গতকাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন মঞ্জুর করেন। অপর দুই আসামি হুমায়ুন ও শাহীন ছয় বছর ধরেই পলাতক।প্রসঙ্গত, ২০০৫ সালের ২৯ জানুয়ারি রাজধানীর দক্ষিণখানের নিজ বাসায় দুর্বৃত্তদের গুলিতে আবদুল হামিদ নিহত এবং তাঁর স্কুলপড়ুয়া মেয়ে আহত হয়। নিহত হামিদের স্ত্রী সাঈদা হামিদ বাদী হয়ে উত্তরা থানায় হত্যা ও ডাকাতির মামলা করেন। একই বছরের ৮ আগস্ট পুলিশ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০০৬ সালে মামলাটি বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে যায়।