সেনগুপ্ত টেলিকম ও নিজের অর্জিত সম্পদ ‘পুরোপুরি বৈধ’ বলে দাবি করেছেন সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্ত। দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, ‘আমার কাছে কোনো আইনবহির্ভূত সম্পদ নেই। সেনগুপ্ত টেলিকমের জন্য এযাবৎ খরচ হওয়া সব টাকার আয়কর দেওয়া আছে।’গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার কিছু আগে সৌমেন দুদক কার্যালয়ে হাজির হন। জিজ্ঞাসাবাদ শেষে বেলা একটার দিকে তিনি বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।সৌমেন জানান, ছয়জনে মিলে টেলিকম কোম্পানিটি গড়া হয়েছে। তিনি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। প্রত্যেক সদস্য ৬০ হাজার টাকা দিয়ে কোম্পানি শুরু করেছেন। এসব অর্থকে তিনি ‘ওয়ার্কিং ক্যাপিটাল’ বলে উল্লেখ করেন।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে পাঁচ কোটি টাকা মূল্যের ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) লাইসেন্সের টাকার উৎস সম্পর্কে সৌমেনের দাবি, সেনগুপ্ত টেলিকমের সহযোগী প্রতিষ্ঠান (সিস্টার কনসার্ন) থেকে ঋণ নিয়ে বিটিআরসিকে ওই টাকা পরিশোধ করা হয়েছে। দুদকের তদন্ত কমিটির চাহিদা অনুযায়ী তিনি সব হিসাব ও তথ্য জমা দিয়েছেন বলে জানিয়েছেন।দুদক সূত্র জানায়, সেনগুপ্ত টেলিকমের সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে নেক্সট জেনারেশন কনস্ট্রাকশন কোম্পানি। দুটি প্রতিষ্ঠানেরই চেয়ারম্যান কানুতোষ মজুমদার। তিনি যমুনা ব্যাংকের একজন পরিচালক। ওই সূত্রমতে, নেক্সট জেনারেশন কনস্ট্রাকশন কোম্পানি থেকে পাঁচ কোটি টাকা সেনগুপ্ত টেলিকমের নামে ঋণ নেওয়া হয়েছে। গত বছরের ৭ ডিসেম্বর এক কোটি টাকা এবং এ বছরের ১ এপ্রিল চার কোটি টাকা চেকের মাধ্যমে বিটিআরসির নামে পরিশোধ করা হয়েছে।গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন সম্পর্কে সৌমেন সাংবাদিকদের বলেন, ‘কতিপয় গণমাধ্যমে টেলিকম ব্যবসার পাঁচ কোটি টাকা আমার ব্যক্তিগত পক্ষ থেকে জমা দেওয়াসহ আমার সম্পদের বিবরণের মনগড়া, অসত্য ও বিভ্রান্তিমূলক খবর ছাপা হয়েছে। এ সংবাদ আমার ও আমার পরিবারের জন্য মানহানিকর।’দুদকের উপপরিচালক আখতার হামিদ ভূঁইয়া ও সহকারী পরিচালক মনিরুজ্জামানের সমন্বয়ে দুই সদস্যের দল সেনগুপ্ত টেলিকমের বিষয়ে অনুসন্ধান করছে।সৌমেনের জবাবে দুদক কর্তৃপক্ষ: সৌমেন সেনগুপ্তের দেওয়া বক্তব্য দুদকের কাছে গ্রহণযোগ্য না হলে সম্পদের হিসাব চাইবে দুদক। অনুসন্ধান দলের জিজ্ঞাসাবাদ ও তাদের কাছে সৌমেন লিখিত ও মৌখিক বক্তব্য দেওয়ার পর কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।গোলাম রহমান বলেন, সৌমেন সেনগুপ্ত দুদকের কাছে তাঁর ব্যবসা-সংক্রান্ত বিভিন্ন তথ্য লিখিত ও মৌখিক আকারে দিয়েছেন। এসব তথ্য কমিশনকে সন্তুষ্ট করতে না পারলে পরবর্তী প্রক্রিয়া হিসেবে সম্পদের হিসাব বিবরণী চাওয়া হতে পারে।পত্রিকায় প্রকাশিত তথ্যের উদ্ধৃতি দিয়ে দুদকের চেয়ারম্যান বলেন, ‘৫০ হাজার টাকা বেতনের চাকরি করে পাঁচ কোটি টাকা কীভাবে তাঁর ব্যবসায় বিনিয়োগ করা হলো—এটাই আমাদের জানতে চাওয়া। তা ছাড়া এই ব্যবসা স্থাপনে আরও ৩০ কোটি টাকা লাগবে।’ আইনানুগ প্রক্রিয়া হিসেবে প্রয়োজনীয় তথ্য চেয়ে সৌমেনকে প্রথমে ১৫ কার্যদিবস, পরে আরও ১৫ কার্যদিবস সময় দেওয়া যেতে পারে বলে জানান তিনি।৯ এপ্রিল মধ্যরাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর পিলখানার মূল ফটকে বিপুল টাকাসহ সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস এবং রেলওয়ের দুই কর্মকর্তা আটক হন। এর পরই সেনগুপ্ত টেলিকমের লাইসেন্সের জন্য বিটিআরসিতে পাঁচ কোটি টাকা জমা দেওয়া নিয়ে প্রশ্ন ওঠে।