সেই পাইবাস এখন...
সবকিছু ঠিক থাকলে রিচার্ড পাইবাসই কোচ হচ্ছেন বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেট কোচকে নিয়ে লিখেছেন নির্ঝর আহমেদঅনিন্দ্য স্থাপত্যকলার সিডনি হারবার ব্রিজ দেখে কল্পনাবিলাসী হয়ে ওঠে মন। উঠত রিচার্ড পাইবাসেরও। সিডনির এই গর্বের ব্রিজের অন্যতম স্থাপত্যবিদ যে তাঁর দাদাও! নিউক্যাসলের টিনি ব্রিজ থেকে ১১ বছর বয়সে সিডনি হারবার ব্রিজের পাশে পরিবারের হাত ধরে এসেছিলেন পাইবাস। আর সে বয়সেই বুঝে গিয়েছিলেন দাদার মতো বিখ্যাত স্থাপত্যাবিদ হওয়া দূর অস্ত তাঁর পক্ষে সাঁকোও তৈরি সম্ভব নয়। হবে কীভাবে? মনই যে বসে না পড়ার টেবিলে। স্কুলের শিক্ষকেরা ব্যাপারটা বুঝতে পেরে পরামর্শ দেন, ‘বাবা, তুমি বরং খেলাধুলা করো। দেখো একটা কিছু করতে পার কি না!’কথাটা মনে ধরেছিল পাইবাসের। আর ধরেছিল বলেই এখন তিনি ক্রিকেটের অন্যতম সেরা কোচ। দক্ষিণ আফ্রিকার ক্লাব ক্রিকেটে নিজের আসনটা পাকা করার পর তিন দফায় দায়িত্ব পালন করেছেন পাকিস্তানেরও। নতুন কোচ হিসেবে যোগ দেওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলেরও। পাইবাসকে নিয়ে তাই আগ্রহের পারদটা বাংলাদেশে তরতর করে ওপরে উঠছে। কেমন কোচ তিনি? পারবেন তো মুশফিক, সাকিবদের সাফল্যের শিখরে তুলতে? দ্বন্দ্বে জড়াবেন না তো কারও সঙ্গে? হোয়াটমোর, স্টুয়ার্ট ল, এডি বারলোদের সঙ্গে তাঁর তফাৎটাই বা কী? হাজারো জিজ্ঞাসা। এসব প্রশ্নের উত্তর খোঁজার আগে ফাঁকিবাজ ছাত্র পাইবাসের ক্রিকেটের ‘হেড স্যার’ হওয়ার গল্পটা শোনা যাক।নিউক্যাসলে জন্ম হওয়ায় ফুটবলটা এমনিতেই ছিল রক্তকণায়। খেলতেন ক্রিকেট আর রাগবিও। ১৫ বছর বয়সে সিডনি থেকে আবারও ইংল্যান্ডে ফিরে পাইবাস নাম লেখান কাউন্টি জুনিয়র ক্রিকেট দল ভিকার্স স্পোর্টসে। আর রাগবি খেলতেন মিলিয়মের হয়ে। একটা লিস্ট এ ম্যাচও খেলেছিলেন (ফার্স্ট ক্লাস দলের মধ্যে ওয়ানডে ম্যাচ)। সেই ম্যাচে ব্যাট হাতে ৪ রান করেছিলেন, আর বল হাতে ৪ ওভারে দিয়েছিলেন ২৭ রান। কিন্তু টানা ৫ বছরে ৫ বার শল্যবিদের ছুরির নিচে যেতে হওয়ায় ফালি ফালি করে কাটা পড়ে পাইবাসের ক্রিকেটার হওয়ার স্বপ্ন। সে সময় আবার বেকারত্বের হারও বেড়ে গিয়েছিল ইংল্যান্ডে। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলে কেউ চাকরির কল্পনাও করতে পারতেন না। চোখের সামনে তাই আঁধার দেখছিলেন পাইবাস। অন্ধকারের বেড়াজাল ছিঁড়ে বের হতেই দুষ্টু পাইবাস হয়ে যান সুবোধ ছাত্র। কলেজ, বিশ্ববিদ্যালয়ের ‘কঠিন’ সিঁড়ি ডিঙ্গিয়ে যোগ্যতা অর্জন করেছিলেন অধ্যাপক হওয়ারও। সে সঙ্গে দীক্ষা নিয়েছিলেন ক্রিকেট কোচিংয়ে। নেলসন ম্যান্ডেলার বর্ণবাদ যুদ্ধ শেষ হওয়ার পর দক্ষিণ আফ্রিকা উন্মুক্ত ছিল বিদেশি ক্রিকেট কোচদের জন্য। সুযোগটা কাজে লাগাতে সে সময়ের দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের প্রধান আলী বাখারকে চিঠি লিখেন পাইবাস। কিছুদিন পর জবাব আসে, ‘দক্ষিণ আফ্রিকায় স্বাগত তোমাকে’। চিকচিক করে ওঠে চোখ। চোটের থাবায় ক্রিকেটার হতে না পারার দুঃখ ভুলতে হয়ে যান ক্রিকেটার তৈরির কারিগর। দায়িত্ব নেন ইস্টার্ন ক্যাপের ইস্ট লন্ডনের সেলবোর্ন কলেজের কোচ হিসেবে। ছাত্র হিসেবে পেয়েছিলেন ডেল স্টেইন, মাখায়া এনটিনি আর জাস্টিন কেম্পকে। পাইবাসের ছোঁয়ায় এই তিনজনই হয়ে ওঠেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের জ্বলজ্বলে তারা।নিভে যাননি পাইবাসও। দক্ষিণ আফ্রিকা আসার সময়ই ঠিক করেছিলেন ১০ বছরের মধ্যে কোনো জাতীয় দলের কোচ হবেন। সে পরিকল্পনার বাস্তবায়নও ঘটিয়েছেন। টাইটানস, কেপ কোবরা, বোর্ডার, মিডলসেক্সের পর ১৯৯৯ সালে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পান পাকিস্তানের। জাভেদ মিয়াঁদাদ হঠাৎ দায়িত্ব ছাড়লে বিশ্বকাপের দুই মাস আগে কোচ হিসেবে নিয়োগ পান মুশতাক মোহাম্মদ। তাঁর সহকারী হিসেবেই ইংল্যান্ড-যাত্রা পাইবাসের।সে বছরেরই অক্টোবরে প্রথম বিদেশি হিসেবে পাইবাস পূর্ণাঙ্গ কোচের দায়িত্ব নেন পাকিস্তানের। পাকিস্তানের কোচ হওয়া যে আগুনের জুতো পায়ে দেওয়ার মতোই, পাইবাস বুঝে যান দুই মাস না যেতেই। অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় কোপটা পড়ে তাঁর কাঁধে। বরখাস্ত হন ডিসেম্বরেই! পাইবাসকে দিয়ে শুরু, সে বছর পাকিস্তান বদলেছে পাঁচ-পাঁচজন কোচ!ন্যাড়া নাকি একবারই বেলতলায় যায়। পাইবাস গিয়েছেন তিন-তিনবার! ২০০১ সালের এপ্রিলে আবারও দায়িত্ব নেন পাকিস্তানের। সে বছর টুইন টাওয়ার হামলার পর সেপ্টেম্বরে পাকিস্তানে আসতে অস্বীকৃতি জানান। যে পাকিস্তান থেকে একরকম পালিয়ে গিয়েছিলেন প্রাণভয়ে, তৃতীয়বারের মতো সেই দলেরই দায়িত্ব নেন ২০০২-এর সেপ্টেম্বরে! ২০০৩ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর নিজেই ছেড়ে দেন দায়িত্বটা। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজেও তাঁর দল হেরেছিল ১-৪-এ। বিশ্বকাপ আর প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ হয়েছিল কিন্তু দক্ষিণ আফ্রিকার মাটিতেই, যে কন্ডিশনটা হাতের তালুর মতোই চেনা পাইবাসের। সেখানেই কিনা তাঁর দলের এমন বিপর্যয়? তাই ইমরান খানের মতো অনেকে বলতেই পারেন, ক্রিকেটে কোচের দরকার কি? খেলাটা অধিনায়কের, ফুটবলের মতো কোচনির্ভর নয়। জাতীয় দলের একজন কোচের টেন্ডুলকার, পন্টিং, স্মিথদের কিছু শেখাতে যাওয়ার অর্থ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে অ-আ শেখানো! তার পরও বাংলাদেশের মতো উন্নয়নশীল দলের কোচ দরকার। বিশেষ করে এখানে যখন, পুকুরে সাঁতার শেখাদের হঠাৎ করে ফেলে দেওয়া হয় আন্তর্জাতিক ক্রিকেটের সমুদ্রে। উত্তাল স্রোতে ভেসে না যেতেই বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন কোচ। রিচার্ড পাইবাস যদি শেষ পর্যন্ত আসেনই, দেখা যাক কতটা কী করতে পারেন তিনি!